Home Blog Page 314

ইসরায়েলি হামলায় নিভে গেল এক পরিবারের ২৫ জনের প্রাণ

অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। এর অংশ হিসেবে গাজা সিটির সাবরা মহল্লায় একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে তারা।
গতকাল রোববার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান সাবরা এলাকার কয়েকটি বাড়িতে বোমা বর্ষণ করে। আগস্টের শেষ দিকে এ এলাকায় প্রবেশ করে ট্যাংক মোতায়েন করে ইসরায়েল, যাতে পুরো অঞ্চল দখল ও ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।
হামলার পর অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা হাত দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে খুঁজছেন আটকে পড়া মানুষকে। পরিবার-পরিজনের আশঙ্কা, এখনো প্রায় ৫০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।
সাবরা এলাকার ওই পরিবার আন্তর্জাতিক মহলের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
এক স্বজন বলেন, ‘আমি সারা বিশ্বকে অনুরোধ করছি—আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের প্রিয়জনেরা জীবন্ত কবর হয়ে আছে। আমরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু পৌঁছাতে পারছি না।’
তিনি অভিযোগ করেন, উদ্ধারকাজে অংশ নেওয়া মানুষের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি ড্রোন। তিনি বলেন, ‘যখনই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ড্রোন থেকে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাঁচজন এগোলে চারজন মারা যায়, একজন বেঁচে থাকে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, আহতদের ছোট একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে, চারপাশে মানুষ ভিড় করে আছে। আরেকটি ভিডিওতে এক মা চিৎকার করে বলছেন, ইসরায়েলি হামলায় তিনি তাঁর ‘সব সন্তানকে হারিয়েছেন’। গাজা সিটির দক্ষিণে সাবরা মহল্লায় এ হামলা হয়।
এ ছাড়া গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির ও দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া মহল্লাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
নাসর এলাকার লাভাল টাওয়ার ও এর পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে। আল-জাজিরাকে এক জরুরি সূত্র জানিয়েছে, হামলাটি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি ক্লিনিকের কাছাকাছি চালানো হয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে—গতকাল ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বিকেলে জানিয়েছিল, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।
এ ছাড়া ইসরায়েলি অবরোধ ও কৃত্রিমভাবে সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এতে অনাহার ও খাদ্যাভাবজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪০, যাদের মধ্যে ১৪৭ শিশু রয়েছে।
গতকালও বহু ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। জোরপূর্বক গাজা সিটির কয়েক লাখ মানুষকে উচ্ছেদ ও দখল নেওয়ার চেষ্টা করছে তারা। আন্তর্জাতিক মহলের সমালোচনা এবং গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের বিরোধিতা উপেক্ষা করেই অভিযান চালাচ্ছে তেল আবিব।

চীনের ভয়ংকর যুদ্ধবিমান বিশ্বকাঁপানো শক্তির ইঙ্গিত!

বিশ্বের সামরিক শক্তির পালাবদলে নতুন মাত্রা যোগ করছে চীন। শুধু অর্থনীতিতেই নয়, সামরিক শক্তির ক্ষেত্রেও নেতৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বেইজিং। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে দেশটির প্রদর্শিত নতুন অস্ত্রাগার ও যুদ্ধবিমান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
কুচকাওয়াজের শুরুতেই ৮০ দফা কামানের গোলা ছুড়ে সামরিক মহড়া উদ্বোধন করে চীন। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় অত্যাধুনিক সিএস-৫০০০ ড্রোন, যা এতদিন গোপনে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট শি জিনপিং এ সময় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “চীনকে হেয় করার দুঃসাহস কেউ যেন না করে।” তার বক্তব্যে পরিষ্কার বার্তা ছিল— অস্ত্র ও প্রযুক্তিতে চীন আর পিছিয়ে নেই।
কিন্তু কুচকাওয়াজের মূল আকর্ষণ ছিল নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০ (J-20)। এটি বিশ্বের তৃতীয় স্টিলথ ফাইটার, যুক্তরাষ্ট্রের এফ-২২ র‌্যাপ্টর ও এফ-৩৫ লাইটনিং টু-এর পর। জেংদু এয়ারক্রাফ্ট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং-এর মতে, জে-২০ এমনভাবে তৈরি যে শত্রুর রাডার ও প্রতিরক্ষা জাল ভেদ করে অদৃশ্যভাবে প্রবেশ করতে সক্ষম। এর উন্নত রাডার, ইনফ্রারেড সিগন্যাল এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটিকে একদিকে গোপনীয়, অন্যদিকে ভয়ংকর আক্রমণক্ষম করে তুলেছে।
প্রযুক্তিগত দিক থেকে জে-২০ শুধু একটি বিমান নয়, বরং একটি সমন্বিত যুদ্ধব্যবস্থার অংশ। এটি প্রারম্ভিক সতর্কীকরণ বিমান ও ড্রোনের সঙ্গে একযোগে কাজ করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বহুমাত্রিক সুবিধা এনে দেবে। বিশেষজ্ঞদের মতে, বহুদূর থেকে শত্রুকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা চীনের বিমানবাহিনীকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জে-২০-এর উন্মোচন শুধু চীনের সামরিক প্রযুক্তির উন্নতির প্রতীক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তনেরও ইঙ্গিত। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্টিলথ প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও চীনের দ্রুত অগ্রগতি বিশ্ব সমরনীতির মানচিত্র পুনর্লিখনের বার্তা দিচ্ছে।

 

আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কার’ যা বললো ডিএমপি

সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে বলা হয়, ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রত্যেক পুলিশ সদস্যের জন্য ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হলেও এমন ঘোষণার বিষয়ে নির্দিষ্ট কোনো পুরস্কার দেওয়ার কথা জানে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি বলছে, স্বাভাবিকভাবে ডিএমপির কোনো সদস্য ভালো কাজ করলে সেই কাজ উৎসাহিত করা হয়। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কাউকে ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে’। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, এটি অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করেন, আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে। এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে ডিএমপির ছয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার ও নিকেতন সোসাইটি অংশে এলওসিসি (ল অ্যান্ড অর্ডার কমিউনেশন কমিটি) নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে। দুটি মিলে সর্বসাকুল্যে ২ হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে।
মোহাম্মদপুরের এসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মহানগরীতে ডিএমপির থানা, ফাঁড়ি বা ডিভিশনে যতগুলো ইউনিট রয়েছে, তাদের নিয়মিত কার্যক্রম পরিদর্শন ও তাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রায়শই ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। গত শুক্রবার একইভাবে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)। সেখানে গিয়ে ফোর্স ও অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এক পর্যায়ে তিনি কিছু পুলিশ সদস্যের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরে বিকেলে মোহাম্মদপুর জোনের এসি, মোহাম্মদপুর থানা পরিদর্শক (অপারেশনস) ও তখনকার ডিউটি অফিসারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে। এটা নিয়ে অন্য কোনো অপতথ্য ছড়ানো বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখবো। যাতে আমাদের সদস্যরা সব সময় দায়িত্ব পালনে তৎপর ও সতর্ক থাকেন।
সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করেছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা (ডিএমপি) আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচলে নিরুৎসাহিত করিনি। এটা অন্য কোনো ইউনিট করে থাকলে এটা আমার জানা নেই। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত বছরের তুলনায় এ বছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূজা উদযাপন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির ৭ জন স্বেচ্ছাসেবক এবং ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। এবার পূজা হবে আনন্দঘন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রুদ্ধশ্বাস লড়াইয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

‘এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই। জেতাটাই স্বাভাবিক, এখান থেকে হেরে বসলে নিজেদের দোষেই হারবে’ – কথাটা ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের। জয় থেকে তখনও ২৫ রানের দূরত্বে বাংলাদেশ। প্রয়োজনীয় রানটা এক অঙ্কে নেমে আসার ঠিক আগে যখন ফুলটস বলে আউট হলেন তাওহীদ হৃদয়, তখন মনটা কু ডাক ডেকে ওঠা খুব অসম্ভব কিছু কি?
শেষ ওভারের শুরুতেই চার মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এল না। স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর এক বল পর শেখ মাহেদিও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ৯ বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটা হতে দেননি। একটা রান নিয়ে নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে তাদের সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্তভাবে।

গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত তাহসানের!

 

দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না।

২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান। সেখানকার পাঁচটি শহরে কন চ্যাটে অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতার। তেমন একটি আয়োজনে ভক্তদের হৃদয়ভঙ্গের খবরটি দেন তাহসান।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?
তিনি আরও বলেন, আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।
গানের আগে অভিনয় থেকে ও সরে দাঁড়িয়েছেন তাহসান। গত বছর এ বিষয়ে তিনি বলেছিলেন, আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।
এর কিছুদিন পরেই তাহসান জানিয়েছিলেন,  হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায় গান গাওয়ার মনোবল। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন।
‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু। এরপর একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে সময়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাহসানকে।

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

তিনি আরও জানান, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর আগে, আগস্ট মাসে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩০.৩২ বিলিয়ন), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের দেশে মানুষ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পান না। ফলে জনগণ তো কিছুটা ‘গোসা’ করবেই।” তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ সেমিনার ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ এ।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থায়নের মূল সমস্যা হলো সরকারি অর্থের সীমিততা। সরকার সবকিছু দিয়ে দিতে পারে না; অথচ জনগণ এবং বিভিন্ন খাতের চাহিদা প্রতিদিন বেড়ে যাচ্ছে। তিনি ট্যাক্স এবং নন-ট্যাক্স রাজস্ব নিয়ে আরও কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ট্যাক্স কমানোর কথায় অনেকে বিভ্রান্ত। যদি সেবা না দেন, জনগণ ট্যাক্স দিতে চাইবে না। সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে।” তিনি উদাহরণ হিসেবে ব্রাজিল উল্লেখ করেন, যেখানে ট্যাক্স জিডিপি রেশিও ২৬ শতাংশ এবং জনগণ সেবা পান, কিন্তু বাংলাদেশে মাত্র ৭.২ শতাংশ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স-এর অধ্যাপক এম. কবীর হাসান। সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭৫ ফিলিস্তিনির

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২৮৩ জন ফিলিস্তিনি নিহত হলেন।

রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে, যাদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরাইলি হামলায় আরও ৩০৪ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে।
এতে বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরাইলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ২৪ জন আহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ জনে এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।
মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ চারজ মারা গেছে। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।
গত মাসে খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১৬২ জন মারা গেছেন, এর মধ্যে ৩২টি শিশু।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ইসরাইলি সেনারা গাজায় নতুন করে হামলা শুরু করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ৭২৪ জন নিহত হয়েছেন এবং ৫৪ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
গাজায় হামলা গাজা ইসরাইল হামাস-ইসরাইল যুদ্ধ

লেবাননে ইসরায়েলি হামলায় চার মার্কিন নাগরিকসহ নিহত ৫

দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে দুইজন। নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল প্রতিবেশী দেশগুলিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশু হলো-সেলিন, হাদি ও আসিল। এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। হামলায় শিশুদের মা আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রবিবারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও দুইজন আহত হন।
ইসরায়েল দাবি করেছে, ওই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন, তবে বেসামরিক লোকজনও প্রাণ হারিয়েছে বলে স্বীকার করেছে তারা।
ইসরায়েল প্রায়ই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তেলআবিবের দাবি, ইরান-সমর্থিত এ সংগঠন যাতে আবার সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সেজন্যই এসব হামলা চালাচ্ছে তারা। গত যুদ্ধেই হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের বেশিরভাগ নিহত হয়, যার মধ্যে দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহও ছিলেন।