Home Blog Page 317

স্বৈরাচার হাসিনা পালালেন ভারতে, অলি যাচ্ছেন কোথায়?

জুলাইয়ে ৩৬ দিনের আন্দোলনের মুখে ভারতে পালিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবার মাত্র কয়েকদিনের ভয়াবহ বিক্ষোভেই পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনিও দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। তবে কোথায় যাবেন তা এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানিয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তার গন্তব্য হতে পারে দুবাই।
ইন্ডিয়া টুডে বলছে, পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং তার আহ্বানেই পদত্যাগ করেন তিনি। এছাড়াও তিনি দেশ থেকে নিরাপদে বের হওযার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে পদত্যাগের আহ্বান জানান।
অফিশিয়াল সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং বেসরকারি বিমানসংস্থা ‘হিমালয়া এয়ারলাইনস’কে প্রস্তুত রাখা হয়েছে।
দেশজুড়ে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন সোমবার সহিংস রূপ ধারণ করেছে। এ দিন পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়ে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে তারা আগুন ধরিয়ে দেয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে।
আগুনে পুড়েছে সদ্যসাবেক প্রধানমন্ত্রী অলির বাড়ি, কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবার বাড়ি, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এর বাড়ি, মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচণ্ড এর বাসভবন।
এছাড়া দেউবার স্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আরজু দেউবা রানার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
কেবল নেতাদের বাড়িই নয়, ক্ষোভের আগুন পৌঁছেছে ক্ষমতার কেন্দ্রে। বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়, পাশাপাশি ঢুকে পড়ে সিংহদরবার প্রাঙ্গণে। ভেঙে ফেলা হয় পশ্চিম দরজা, গেটে আগুন ধরিয়ে দিয়ে তারা প্রশাসনিক কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে।
আন্দোলনকারীদের অভিযোগ— বহু দশকের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নেতৃত্বহীনতার কারণে দেশ অচল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল শুধু আগুনে ঘি ঢালা। সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ ছড়িয়ে পড়লেও এর ভেতরে জমা হয়ে থাকা ক্ষোভই এখন বিস্ফোরণ ঘটিয়েছে।
এক ছাত্র, বিষ্ণু থাপা ছেত্রী বলেন, দেশে দুর্নীতি এত বেড়েছে যে আমাদের মতো তরুণদের আর কোনো ভবিষ্যৎ নেই। আমরা শান্তি চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, যাতে এখানেই কাজ করতে ও বাঁচতে পারি।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে মঙ্গলবার সকালে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা তা মানতে নারাজ। তারা বলছে, শুধু ফেসবুক–ইউটিউব খোলার মধ্যে সমাধান নেই— দরকার দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ ও দায়ীদের জবাবদিহি।

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ হামলা চালানো হয়। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।”
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মেশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের।
দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, “হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু নির্বাচন) এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর।’
উপদেষ্টা বলেন, ‘ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। ডাকসুর পর জাকসুসহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলোও ভালো পরিবেশে হবে বলে আশা করছি।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এ প্রস্তাব এসেছিল। প্রস্তাব বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়।’
উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। একেকটি গাড়ির দাম ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে।’
আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল নেবে জাপান। সম্প্রতি অর্থ উপদেষ্টার জাপান সফরে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে দেশটির সরকারের সঙ্গে। তবে এ জন্য জাপানি ভাষা বাধ্যতামূলক।

এশিয়া কাপের লড়াই আজ থেকে শুরু

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
এবার নিয়ে ১৭ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। প্রথমবার ছাড়া এশিয়া কাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ফাইনাল খেলেছে তিনবার-২০১২, ২০১৬ ও ২০১৮ সালে। ২০১২ সালে মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হেরেছিল দুই রানে। ২০১৬ সালে মিরপুরে টি-২০ ফরম্যাটের ফাইনালে ৮ উইকেটে হেরেছিল ভারতের কাছে এবং ২০১৮ সালে ভারতের কাছে হেরেছিল শেষ বলে।
এবারের এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফরম্যাটে। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের আসর হচ্ছে। এবারই প্রথম টি-২০ ফরম্যাটে আসর হচ্ছে, এমন নয়। এর আগে ২০১৬ সালে প্রথমবার হয়েছিল। সেবার ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে।
২০২২ সালে দ্বিতীয়বার ছয় দলের টি-২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। সেবার শীর্ষ চারে খেলতে পারেনি বাংলাদেশ। এবার বসছে আট দলের আসর। বাংলাদেশ অংশ নিচ্ছে লিটন দাসের নেতৃত্বে। এশিয়া কাপে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন লিটন।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব-লিটনরা। এ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। সাম্প্রতিক সংঘাতের পর এশিয়া কাপে এ লড়াইকে ঘিরেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে গোটা ক্রিকেটবিশ্বে।
ভারত-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, দুবাইয়ে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার ছয় উইকেটে জিতে শিরোপা ঘরে তোলে ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারাই।
প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকেও শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ফলে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
এখন পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা জিতেছে ৬ বার, আর দুই বার জিতেছে পাকিস্তান। সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করতে চাইবে তারা। বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ-আফগানিস্তানও।

‘প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয়’

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় অর্থ আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, আমরা মনে করি যে, সাহায্য-সহযোগিতা (জলবায়ু অর্থায়ন) যেটা দরকার, সেটা আসছে না। একটা হিসাব করা হয়- ৩০ বিলিয়ন ডলার বোধ হয় দরকার, বোধ হয় দরকার বাংলাদেশের জন্য। অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই আমাদের জান বেরিয়ে যায়। এক-দেড় বছরে পাঁচ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করে।
সোমবার রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।
আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আলোচনা শেষে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ।
এরপর ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি থেকে পরের বছরের জুন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার বাংলাদেশের হাতে আসে। গত বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির টাকা ছাড়ের কথা থাকলেও মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভের লক্ষ্যমাত্রা ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণ না হওয়ায় তা আটকে দেয় আইএমএফ।
এরপর বাংলাদেশ ব্যাংক বিনিময় হার বাজারমুখী করতে সম্মত হওয়ায় আইএমএফ গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ডলার ছাড় করে।
জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাধারণ মানুষের সক্ষমতার প্রশংসা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, জনগণই সবচেয়ে বেশি ইফেক্ট হয় এবং জনগণ (প্রভাব) মোকাবেলায় এগিয়ে আসে। লোকাল লোকেরা নিজেদের প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। বাংলাদেশ কিন্তু এদিক থেকে প্রথম কাতারে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে- বাংলাদেশ এর মধ্যে প্রথম কাতারে। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, এইখানে আমি বলব, আমাদের যারা সাংবাদিক যারা ভাইবোন আছেন, তাদের রোলটা অনেক বেশি।
সংবাদমাধ্যম যাতে জনস্বার্থে কাজ করে তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক আর্টিকুলেট করবে মানুষের কথা। কার কী কন্ট্রিবিউশন সে কথা বলবে। …আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম তো করবেনই, কিছুটা আপামর জনগনের ওপর ক্লাইমেট রিলেটেড প্রভাব নিয়ে করবেন। ম্যান মেইড ডিজাস্টার কম না আমাদের দেশে; আর ন্যাচারাল ডিজাস্টার তো আছেই। অতএব দুইটাই নজর দিতে হবে।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

আওয়ামী লীগের জালিমদের বিচার বিএনপির চেয়ে বেশি কোনো দল চায় না : রুমিন ফারহানা

আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেছেন, কেউ কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আওয়ামী লীগের বিচারের কথা বিএনপির মনের কথা। বিএনপির মতো এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোনো দলের প্রতি হয়েছে? সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না।
গতকাল রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, পিআর জিনিসটা কী আপনারা জানেন? কেউ জানে না। কিন্তু কোনো কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচন করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না, সুতরাং ভোট বানচাল করতে এবং ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা কি এর সঙ্গে আছেন? আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব—দলের প্রতি দেশের প্রতি—বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, বিএনপি জোর-জবরদস্তির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতি কোনোদিন করেনি। বাংলাদেশের মানুষ বিএনপিকে বাক্স ভরে ভরে ভোট এনে দিয়েছে। দলের নেতাকর্মীদের কার্যকলাপ যেন এমন হয়, ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ শিকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি।
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
তিনি বিএনপির নেতাকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকে সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন হবে, যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।
সম্মেলনে বিকালে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাকান আর্মি বেঁচেই আছে মাদক বেচে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মি শুধু মাদক বিক্রি করে বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে প্রচুর মাদক প্রবেশ করছে, তবে আগের চেয়ে ধরা পড়ছে বেশি। নতুন নতুন ধরনের মাদকও আসছে এবং সেগুলো হোটেলগুলোতে ব্যবহৃত হচ্ছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তিনি সতর্ক করে বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
তিনি আরও বলেন, আরাকান আর্মি বেঁচে আছে শুধু মাদক বিক্রি করে। তাদের প্রধান আয় মাদক থেকেই আসে। তারা মিয়ানমারের সীমান্ত দখল করে নিয়েছে। তবে ইদানীং তারা কৃষিকাজে ঝুঁকছে। সেটা হলে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমবে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি না হলেও একটি মডেল হিসেবে কাজ করছে।

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

অনেকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়; বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই শিল্পী।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছেন, ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় ফরিদা পারভীনের; তাই তাকে আইসি ইউতে নেওয়া হয়েছে।

কিন্তু প্রক্রিয়া শেষে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তখনই তাকে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এদিকে শিল্পীর ছেলে ইমাম নিমেরি জানিয়েছেন, ‘আম্মাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাই। পরে শরীর খারাপ হলে আইসিইউতে ভর্তি করতে হয়।’

উল্লেখ্য, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির পাশাপাশি ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাও রয়েছে তার। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, নিতে হয় আইসিইউ তেও। এবার ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের আইসিইউতে এই শিল্পী।