Home Blog Page 357

পেনাল্টির নিয়ম বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপ থেকে

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এর আগে ফুটবলের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনার চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)। আলোচনায় রয়েছে পেনাল্টির নিয়মও।

বর্তমানে প্রথম শটে মিস করার পর আবার শট নিতে পারেন ফুটবলাররা। অফিশিয়ালরা মনে করেন, নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন ফুটবলবোদ্ধারা।

কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে, প্রথম শটে গোল না হলে খেলা আবার শুরু হবে গোলকিক দিয়ে, ফিরতি বলে আর শট নেওয়া যাবে না। প্রস্তাবটি পাশ হলে ২০২৬ বিশ্বকাপে দেখা যেতে পারে নতুন এই নিয়ম।

শুধু পেনাল্টিই নয়, ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে আইএফএবির। কর্নার, দ্বিতীয় হলুদ কার্ড কিংবা বিতর্কিত মুহূর্তে রেফারির সিদ্ধান্তে সাহায্যের জন্য নির্দিষ্টভাবে ভিএআর ব্যবহারের চিন্তা করা হচ্ছে।

ক্যারিবিয়ান লিগ: ওপেনিংয়ে নেমে সাকিব ঝড়, বল হাতেও ১ উইকেট

সাকিব আল হাসানকে সাধারণত ব্যাটিংয়ে ওপেন করতে দেখা যায় না। তবে ম্যাক্স সিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ব্যতিক্রম চিত্র দেখা গেল। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে জয় তুলে নিয়েছে মায়ামি ব্লেইজ, গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে হারিয়েছে ১৩ রানে।

কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গ্র্যান্ড কেম্যান। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার শ্রীভাতস গোস্বামীকে হারালেও সাকিব চালিয়ে যান মারমুখী ব্যাটিং। মাত্র ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। তার স্ট্রাইকরেট ছিল ২৬৩.৬৩, যা ছিল ইনিংসে সেরা।

তিনে নেমে অ্যাঞ্জেলো পেরেরা খেলেন ২২ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ২টি ছক্কা। নির্ধারিত ১০ ওভারে মায়ামি স্কোরবোর্ডে তোলে ৫ উইকেটে ১১০ রান। ফ্যালকনসের হয়ে রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস। ১০ ওভারে ৮ উইকেটে তারা করে ৯৭ রান। সর্বোচ্চ ২৫ রান করেন চিরাগ গান্ধী। সাকিব ২ ওভারে দেন ১৯ রান, তুলে নেন ১ উইকেট। মায়ামির হয়ে সবচেয়ে সফল বোলার সেহান জয়াসুরিয়া, ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এবার অ্যাকশন-কমেডি সিনেমায় সানিয়া

বলিউডে পা রেখেই পরিণত শিল্পী হয়ে ওঠার যুদ্ধে নেমেছিলেন সানিয়া মালহোত্রা। মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত সুপারস্টার আমির খানের হাত ধরে অভিনয়ে আশা বলেই এই সাহস দেখাতে পেরেছেন। তাই চেষ্টা করে যাচ্ছেন ভিন্ন ধাঁচের গল্প আর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তুলে ধরতে।

যার প্রমাণ ‘দঙ্গল’-এর পর তাঁর অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’, ‘পটাখা’, ‘ফটোগ্রাফ’, ‘শকুন্তলা দেবী’, ‘লুডে’, ‘লাভ হস্টেল’, ‘জওয়ান’, ‘পাগলায়েট’, ‘হিট: দ্য ফার্স্ট কেস’, ‘শ্যাম বাহাদুর’ সিনেমাগুলো। প্রতিটি সিনেমাতেই সানিয়া নিজেকে ভিন্ন রূপে তুলে ধরেছেন। এবার আনকোরা আরেক চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন অ্যাকশন-কমেডি গল্পের সিনেমা।

সিরিয়াস অভিনয় থেকে সানিয়া মালহোত্রা এবার সরাসরি ঢুকে পড়েছেন অ্যাকশন-কমেডির জগতে! এ বছরই মুক্তি পাবে এই বলিউড তারকার নতুন ছবি, যেখানে তিনি প্রথমবার পূর্ণাঙ্গ অ্যাকশন ও কমেডির হিরোইন। সম্প্রতি অভিনেত্রীর নতুন সিনেমার অফিসিয়াল ঘোষণা হলেও এর নাম চূড়ান্ত হয়নি। তবে নতুন সিনেমাটি নিয়ে সানিয়াকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

সামাজিক  মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্টে সবার অভিনেত্রী লিখেছেন, ‘এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। দেখা হবে সিনেমা হলে!’ এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা রীতিমতো উত্তেজিত। এতদিন তাঁকে সিরিয়াস চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকেরা এবার অপেক্ষায় এই নয়া ‘ধমাকা’ দেখার জন্য। নতুন রূপে সানিয়া কতটা সফল হন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

স্ত্রীর আয়েই চলছেন গায়ক জাস্টিন বিবার

সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া ৩১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এখনো শোধ করেননি গায়ক জাস্টিন বিবার। আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেড বরাতে জানা গেছে, এই দেনা মেটাতে এখন স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড রোড-এর বিলিয়ন ডলারের চুক্তির অর্থের দিকেই তাকিয়ে আছেন তিনি। কারণ, জাস্টিনের কাছে এই মুহূর্তে সেই পরিমাণ নগদ অর্থ নেই। চুক্তির অর্থ ব্যাংকে ঢুকলেই ঋণ পরিশোধ করবেন বিবার।

২০২২ সালে বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত হন জাস্টিন বিবার। তখন ‘জাস্টিস ট্যুর’সহ সব অনুষ্ঠান বাতিল করতে হয় তাঁকে। এর ফলে তখন প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন তিনি। সে সময় তাঁর সাবেক ম্যানেজার স্কুটার ব্রন তাঁর কোম্পানির মাধ্যমে বিবারকে ঋণ হিসেবে এই অর্থ দেন।

তা ছাড়া বিবারের কাছে কমিশনের ১১ মিলিয়ন ডলার পেতেন স্কুটার ব্রাউন। এর বাইরে অতিরিক্ত আট মিলিয়ন ডলারের কমিশনের দেনা ছিল, যেটি স্কুটার শেষমেশ মাফ করে দিয়েছেন। সমঝোতা অনুযায়ী, বিবার ২৬ মিলিয়ন ডলার এবং ১১ মিলিয়ন ডলারের অর্ধেক, অর্থাৎ মোট প্রায় ৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হন।

এই দেনা পরিশোধে জাস্টিন এখন নির্ভর করছেন স্ত্রী হেইলি বিবারের সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির ওপর। গত মে মাসে তিনি তাঁর কসমেটিক ব্র্যান্ড রোড বিক্রি করেছেন জনপ্রিয় বিউটি কোম্পানি ইএলএফ-এর কাছে। চুক্তির মূল্য এক বিলিয়ন ডলার। যদিও ব্র্যান্ডটিতে অনেক বিনিয়োগকারী রয়েছেন, তবে চুক্তির বড় একটি অংশ পাবেন হেইলি ও বিবার। সূত্র বলছে, বিবারের শেয়ার প্রায় ৫০ মিলিয়ন ডলার, যা দিয়ে হাইব-কে দেনা পরিশোধ করা সম্ভব।

প্রায় ১৮ মাস আগে জাস্টিন বিবার তাঁর মিউজিক ক্যাটালগ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন। কিন্তু টিএমজেডকে একটি এর সূত্র জানায়, ট্যাক্স, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী ও ব্যক্তিগত খরচ মেটানোর পর সেখানে তেমন কিছুই আর অবশিষ্ট ছিল না।

এদিকে হেইলির প্রতিনিধি টিএমজেডকে বলেন, ‘রোড-এর এই ঐতিহাসিক বিক্রি হেইলির জন্য এক বিশাল অর্জন। তবে এর সঙ্গে তাঁর স্বামীর ব্যবসায়িক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’

এর আগে এক ঘনিষ্ঠ সূত্র টিএমজেডকে জানিয়েছিল, এখন পুরো পরিবারে নির্ভর করছে হেইলি বিবারের আয়ের ওপর।

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দাকোপের চালনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম বলেন, আবু সাইদের মরদেহ চালনায় আনা হচ্ছে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এনসিপির নিবন্ধন: ২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল ১৪৪টি দল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি। এদের মধ্যে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। দলটি ২৫ উপজেলায় প্রয়োজনীয় ২০০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং আবেদনে বেশ কিছু ত্রুটিও রয়েছে। ইসি তাদের এসব ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দলেই তথ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে ইসি থেকে দেওয়া চিঠিতে দলের আবেদনে বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা না দেওয়া, ২৫টি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর না পাওয়া, এবং আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ না থাকা।

এছাড়াও দলের গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান নেই এবং দলের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে।

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৪১ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন। শুক্রবার দিনভর চালানো এসব হতাহত হয়। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৮ হাজার ৬৬৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

ব্রিকস খুব দ্রুতই ভেঙে যাবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত অর্থে কোনো অর্থবহ জোট গঠন করে, তাহলে সেটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ছয়টি দেশের গোষ্ঠী ব্রিকসের কথা শুনে আমি তাদের খুব, খুব আঘাত করলাম। যদি তারা সত্যিকারের অর্থবহ কিছু গঠন করে, তবে সেটা খুব দ্রুতই শেষ হবে। আমরা কখনও কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দিতে পারি না।’

ট্রাম্প জানান, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থান রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি) চালু করতে কখনোই দেবেন না।

ট্রাম্প ৬ জুলাই ঘোষণা করেন যে, নতুন শুল্ক সেইসব দেশের ওপর প্রযোজ্য হবে যারা ব্রিকস-এর তথাকথিত অ্যান্টি-আমেরিকান নীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করছে।

এরইমধ্যে জি৭ (জি৭) ও জি২০ (জি২০)-র মতো বড় অর্থনীতির ফোরামগুলো বিভক্তি ও যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় ব্রিকস নিজেকে বহুপাক্ষিক কূটনীতির জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে।

ট্রাম্প বারবার প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন যে, ব্রিকস গঠনের উদ্দেশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্র ও ডলারের বৈশ্বিক ভূমিকার ক্ষতি করা। তবে ব্রিকস নেতারা এ অভিযোগ প্রত্যাখান করেছেন।

তিনশ টাকার ওপরে কাঁচা মরিচ, পেঁয়াজ-রসুনের দামও চড়া

রাজধানীতে আগের সপ্তাহে ৪০০ টাকায় উঠে যাওয়া কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনও কেজিতে ৩০০ টাকার ওপর গুনতে হচ্ছে ক্রেতাদের।

এ সপ্তাহেও বিক্রেতাদের দাবি, ‘বৃষ্টির কারণে’ কাঁচা মরিচের দাম খুব একটা কমেনি। এছাড়া স্বস্তি ফেরেনি তরি-তরকারির বাজারেও; বেশির ভাগ সবজির কেজিই ছিল ৭০ থেকে ৮০ টাকার ঘরে।

শাক-সবজির সঙ্গে দাম বেড়েছে পেঁয়াজ-রসুনেও। তবে চালের বাজার আছে আগের মতোই। শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার, কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এমন চিত্র মিলেছে।

খুন হওয়ার আগমুহূর্তে শ্বশুরকে আসতে বলেন হাবিবা

বগুড়ায় খুন হওয়ার আগমুহূর্তে সাহায্য চেয়ে শ্বশুর বুলবুল আহম্মেদ প্রামাণিকের (৪৫) মুঠোফোনে কল করেছিলেন গৃহবধূ উম্মে হাবিবা (২০)। শ্বশুরকে দ্রুত বাড়িতে যেতে বলেছিলেন তিনি। তবে এর কয়েক সেকেন্ডের মধ্যেই মুঠোফোনে আর্তচিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান বুলবুল। এরপর বাড়ি ফিরে দেখেন, পুত্রবধূ হাবিবার সঙ্গে খুন হয়েছেন মা লাইলী বেওয়া (৬৫)। আর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে কাতড়াচ্ছে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি পশ্চিমপাড়ার এলাকার নিজ বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বুলবুল আহম্মেদ প্রামাণিক। ওই সময় সেখানে হাবিবা ও লাইলীর মরদেহ আনা হয়। এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ দুটির ময়নাতদন্ত করা হয়।

পরিবারের দাবি, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরীর বাড়িতে যায় সৈকত আহমেদ (১৮) নামের এক তরুণ। সেখানে গিয়ে স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন সৈকত। এ সময় রক্ষা করতে গেলে তাঁর দাদি লাইলী ও ভাবি হাবিবাকে ছুরি মেরে পালিয়ে যান সৈকত। ওই সময় মহল্লার পৌরটোপা বটতলা এলাকায় নিজ মুদিদোকানে বেচাবিক্রি করছিলেন বুলবুল আহম্মেদ। দোকানে তাঁর সঙ্গে স্ত্রী পারভীন আক্তারও ছিলেন। একপর্যায়ে রাত ৮টা ৩৮ মিনিট ৫৪ সেকেন্ডে বুলবুল আহম্মেদের মুঠোফোনে কল করেন হাবিবা।

এরপর আর কারও জবাব মেলেনি। দ্রুত বাড়ি ছুটে যান তিনি। দেখেন, এক পাশে পড়ে আছেন তাঁর মা এবং বউমার রক্তাক্ত লাশ। অন্য পাশে রক্তাক্ত জখম হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তাঁর মেয়ে। বাড়ি ঢুকতেই দেখেন রক্তমাখা চাকু হাতে দৌড়ে পালাচ্ছেন সৈকত হোসেন। এ সময় সৈকতের সঙ্গে অন্য লোকও ছিল।

পুলিশ জানায়, ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সৈকত। তিনি ইসলামপুর হরিগাড়ি মহল্লার বাসিন্দা ও সোহেল সাখিদারের ছেলে ও একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকায় বখাটে হিসেবে তাঁর পরিচিতি আছে।

অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে জানিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সৈকত মাদকাসক্ত ও বখাটে ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল নিহত ব্যক্তিদের মরদেহ দাফন করা হয়।

এদিকে ওই কিশোরী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালটির উপপরিচালক আবদুল ওয়াদুদ জানান, অস্ত্রোপচার শেষে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।