Home Blog Page 377

তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম বিশ্বের নেতাদের প্রতি তিন শূন্য (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ) অর্জনে আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধ চর্চার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় মুসলিম বিশ্বকে প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

তিনি বলেন, “আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।” আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এখনই অর্থনৈতিক মডেল পরিবর্তন না করলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে। তিনি ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে—চিরতরে।”

ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, “ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।” তিনি আফসোস করে বলেন, “মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।”

উপদেষ্টা রিজওয়ানা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি পরীক্ষিত এবং কার্যকর মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক কর ব্যবস্থায় কর দিলেও বাস্তবে সেই অর্থ বড় প্রকল্পে ব্যয় হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, “ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ এর মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনক.-এর চেয়ারম্যান ইউপ আকমালসহ আরও অনেকে।

পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে – ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।”

তিনি উল্লেখ করেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহরম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন।”

তিনি আরও বলেন, “অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।”

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, “কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন। সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে।” তিনি স্মরণ করিয়ে দেন যে, হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

ড. ইউনূস মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবাই বেশি বেশি নেক আমল করি। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে আমি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ধারবাহিক ছিলেন এই ওপেনার।

এ ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

সাবেক আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা

সাবেক আর্সেনাল ফুটবলার ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিন নারী। এর মধ্যে দুই নারী তার বিরুদ্ধে ৫টি ধর্ষণের মামলা ও  তৃতীয় এক নারী করেছেন যৌন নিপীড়নের অভিযোগ।

শুক্রবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ তিন বছর তদন্ত শেষে পার্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মক্কেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তের পুরো সময়জুড়ে পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এখন তিনি আদালতের মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পেয়ে স্বস্তি অনুভব করছেন। কারণ মামলাটি এখন বিচারাধীন, তাই তিনি আর কোনো মন্তব্য করবেন না।’

থমাস পার্টে আর্সেনাল ছেড়েছেন মাত্র চার দিন আগে। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। আগামী ৫ আগস্ট লন্ডনের একটি কেন্দ্রীয় আদালতে হাজিরা দিতে হবে তাকে।

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ বচ্চন

মা’ – অভিধানের হয়তো সবচেয়ে ছোট শব্দ, তবে এই শব্দের শক্তি আকাশ ছোঁয়া। এই শক্তিকে উপজীব্য করে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে নতুন চলচ্চিত্র ‘ডিয়ার মা’। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে সাড়া ফেলেছে। বর্তমানে গোটা টিম সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে তুঙ্গে ব্যস্ত।

এরই মধ্যে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে ঘিরে একটি পোস্ট নজর কেড়েছে, যা সিনেমার মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই সিনেমাটি ‘মা’ এবং সন্তানের সম্পর্কের গভীরতা নিয়ে দর্শককে ভাবাবে বলে আশা করা হচ্ছে।

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন ‘ডিয়ার মা’ এর ট্রেলার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল পরিচালক ও অভিনেত্রীর। বিশ্বাস করতে পারছিলেন না, সব ঠিক দেখছেন তো? একরাশ আনন্দ, উচ্ছ্বাস কণ্ঠে কী বললেন অনিরুদ্ধ রায়চৌধুরী ও জয়া আহসান?

সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি।

অনিরুদ্ধর কথায়, ‘এটা শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনও ভাষা আমার নেই। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।’

বিমানবন্দরে বসে তখন সোশ্যাল মিডিয়ায় একের পর পর এক শুভেচ্ছাবার্তা পড়ছেন জয়া তিনি। গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘আমি ভাষাহীন এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটা পরম পাওয়া।’

‘পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাকে দেখে তিনি তো স্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটা যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’

প্রসঙ্গত, মায়ের সঙ্গে সন্তানের আত্মার টান। তবু জীবনের কিছু কঠিন সময়ে বাস্তবের মুখোমুখি হতে হয় অনেককেই। এক অদ্ভুত টানাপোড়েনের মুহূর্ত উঠে এসেছে ‘ডিয়ার মা’-এর ট্রেলারে। যেখানে মা হিসেবে একেবারে অন্যরূপ ধরা দিয়েছেন জয়া আহসান।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

তাণ্ডব’ মুক্তির পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলছিল নানা গুঞ্জন। নির্মাতাদের তালিকায় রায়হান রাফী, মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।  নির্মাতা হিসেবে বেছে নিলেন আবু হায়াত মাহমুদকে। অ্যাকশন ঘরানার এই সিনেমা ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। সে সময় নায়কের নাম ঘোষণা না দিলেও গুঞ্জন শোনা গিয়েছিল, এতে অভিনয় করবেন মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ। কয়েক দিন ধরে নতুন গুঞ্জন ছড়ায়, নব্বইয়ের দশকের অপরাধজগতের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। গুঞ্জন সত্যি হলো। গত ২ জুলাই আবু হায়াত মাহমুদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তবে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নয়, তাঁকে দেখা যাবে ভিন্ন গল্পের এক সিনেমায়। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নির্মাতা।

আবু হায়াত মাহমুদ জানান, নতুন এই সিনেমার সঙ্গে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার কোনো সম্পর্ক নাই। নতুন গল্পের কোনো মিলও থাকবে না। ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে এটি। অ্যাকশনের সঙ্গে এ সিনেমায় একটি মানবিক গল্প থাকবে বলে জানান নির্মাতা।

জানা গেছে আগামী অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। এখন চলছে অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্তের কাজ। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর নাম।

দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না? এখন, দেশে এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? কি নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জামায়াতের আমীর।

এ সময় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটি ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

জামায়াতে ইসলামী সব সময় মবের ঘোরবিরোধী উল্লেখ করে এই নেতা বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা ৭২ সাল থেকেই শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোরবিরোধী। দেখবেন যে, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।’

আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি করেছে। শুক্রবার পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের মধ্যে একাধিক সীমান্ত ক্রসিং আছে পাকিস্তানের। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত ক্রসিংয়ের দিয়ে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছিল। ব্যাপারটি আঁচ করতে পেরে সেই সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তনের সেনাসদস্যরা গুলি ছোড়ে এবং এতে ১০ জন নিহত হয়।

নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। আরও বলা হয়েছে নিহত এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ১৩ জন সেনাসদস্য।

প্রসঙ্গত, পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুই গোষ্ঠীরই লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

পাকিস্তান সন্ত্রাবাদের এই উল্লম্ফণের জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে। ইসলামাবাদ বেশ কয়েক বার বলেছে যে টিটিপি ও পাকিস্তানের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিয়মিত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কাবুল। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত মে মাসে পাকিস্তান-আফগান সীমান্তে ব্যাপক সংঘাত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ও আফগান সেনাবাহিনীর মধ্যে। এতে দু’পক্ষে মোট নিহত হয়েছিলেন ৭০ জন।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর বৃহস্পতিবার  রাতভর ইউক্রেনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের ভূখণ্ডে মোট ৫৩৯টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে এর আগে কখনও এক রাতে এত বেশি সংখ্যক ড্রোন রুশ বাহিনী নিক্ষেপ করেনি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর নিক্ষিপ্ত ড্রানগুলোর মধ্যে ৪৭৬টিকে এয়ার ডিফেন্সের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। বাকি ৬৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় আবাসিক এলাকায় আঘাত হেনেছে এবং সারা রাত ধরে চলা এই হামলায় নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অন্তত ২৩ জন।

ইউক্রেনের জরুরি পরিষেবা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের মূল শহর ও উপশহরগুলোর বেশ কিছু এলাকায় কয়েক ডজন বহুতল ভবন আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের অনেকগুলোই আবাসিক ছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা বলেছেন, “শুক্রবার সন্ধ্যার পর ১৩ ঘণ্টা ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। হাজার হাজার মানুষ মেট্রোরেল স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং লট ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। শুক্রবার ভোর পর্যন্ত পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। গতকালের রাতটি কিয়েভের জন্য খুবই ভয়াবহ এবং নির্ঘুম রাত ছিল। এত বাজে রাত এর আগে কখনও কিয়েভের বাসিন্দারা দেখেনি।”

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, “এ যাবৎকালের সবচেয়ে বড় হামলাগুলোর একটি আমরা গতকাল রাতে দেখলাম। এখানে উল্লেখ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপের সংবাদ নিয়ে যখন সংবাদমাধ্যমগুলো ব্যস্ত— সে সময়েই আমরা প্রথম সাইরেনের শব্দ শুনতে পেয়েছি। এই হামলার মধ্যে দিয়ে রাশিয়া আরও একবার প্রমাণ করল যে তারা সন্ত্রাস এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়।”

এ ব্যাপরে রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে দীর্ঘসময় ধরে কথা বলেছেন তারা। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে এই ফোনালাপে রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি ইস্যুটির অগ্রগতি হবে বলে তিনি আশা করেছিলেন, কিন্তু তা হয়নি।

চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩ অজগর ছানা অভয়ারণ্যে অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া ৩৩টি বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে সাপগুলো অবমুক্ত করা হয়।

এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ফুটানো ১১৩টি অজগর ছানা বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া ৩৩টি অজগর ছানার বয়স, স্বাস্থ্য ও পরিবেশ উপযোগিতা বিবেচনায় নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে একটি কার্যকর পদক্ষেপ।

অবমুক্তকরণ কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, এ অভয়ারণ্যই সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। এখানে তারা প্রকৃতির অনুকূল পরিবেশে  বেড়ে উঠতে পারবে।

অজগর ছানাগুলো অবমুক্ত করার সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমানসহ চট্টগ্রাম চিড়িয়াখানার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।