Home Blog Page 380

আ. লীগের ২ সঙ্গীকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন

পতিত আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করার জন্য সরাসরি কাজ করেছে। তাদেরকে ঐকমত্য কমিশন আমন্ত্রণ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেঈমানি করেছে।

তিনি বলেন, এভাবে ঐকমত্য কমিশন আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করছে কি না, সেটা আমাদের প্রশ্ন। ঐকমত্য কমিশনের এমন কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে যে গণহত্যা চালিয়েছে বিচারের আগে তাদেরকে কোনোভাবেই রাজনীতিতে সুযোগ দেওয়ার উপায় নেই।

তিনি আরো বলেন, আজ আওয়ামী লীগের দোসরাদের আমন্ত্রণ জানানোর ঘটনায় ঐকমত্য কমিশনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে আর আমন্ত্রণ জানাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। খবর-বিবিসি

স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।’

এমন সময় তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন।

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য।

তিনি বলেছেন, ইসরায়েল তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল। ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে।

দেশের নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। যা আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।’

জানা যায়, নতুন পররাষ্ট্রসচিব রবিবার অফিসে যোগ দেবেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

এমনিতেই দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। এর মধ্যে সরবরাহ আরও কমে যায়। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর গভীর সাগরে অবস্থিত টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হয়। গত মঙ্গলবার থেকে এ সমস্যা শুরু হয়। এতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। বিশেষ করে আজ দিনভর বাসাবাড়ি ও শিল্পে ভোগান্তি চরম আকার নেয়। তবে এদিন সন্ধ্যা থেকে এলএনজি সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতির উন্নতি হতে থাকে।

বঙ্গোপসাগরে অবস্থিত দুই এলএনজি টার্মিনাল থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করার সক্ষমতা রয়েছে। গত সোমবার দেওয়া হয় প্রায় ১০০ কোটি ঘনফুট। সাগর উত্তাল থাকায় মঙ্গলবার থেকে টার্মিনালগুলোতে এলএনজি আমদানি করা কার্গো যুক্ত হতে পারছে না। এর পরিপ্রেক্ষিতে টার্মিনালে মজুত এলএনজি রিগ্যাসিফিকেশন করে লাইনে গ্যাস দেওয়া হচ্ছে। এতে মঙ্গলবার রাত থেকেই সরবরাহ কমতে শুরু করে। বুধবার সন্ধ্যায় সরবরাহ কমে ২০ কোটি ঘনফুটে নেমে আসে। বৃহস্পতিবারও দিনভর ২০-২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে এলএনজি টার্মিনালগুলো।

দেশে গ্যাসের চাহিদা দৈনিক অন্তত ৪২০ কোটি ঘনফুট। বিপরীতে এলএনজিসহ বর্তমানে দিনে গড় সরবরাহ ২৮১ কোটি ঘনফুট। এলএনজির সরবরাহ কমায় মোট গ্যাস সরবরাহ কমে দাঁড়ায় ২০০ কোটি ঘনফুট। ফলে দেশজুড়ে সংকট বিরাট আকার ধারণ করে।

মাত্র ৩ রানের জন্য রেকর্ড গড়া হলো না শান্ত-মুশফিক জুটির

মাত্র ৩ রানের জন্য টেস্টে বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন শান্ত ও মুশফিক। জুটিতে আর ৩ রান যোগ হলেই মোমিনুল হক ও মুশফিুকের ৭ বছর আগের রেকর্ড ভেঙ্গে যেত।

গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিন ৪৫ রানে ৩ উইকেট পতনের পর জুটি বাঁধেন শান্ত ও মুশফিক। দিন শেষে ২৪৭ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন তারা। দ্বিতীয় দিন ১৭ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হয় জুটিটি।

শান্তর বিদায়ে এই জুটি ২৬৪ রানে থামে। শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দোর শিকার হবার আগে ২৭৯ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রানে আউট হন শান্ত।

২৬৪ রানের দ্বিতীয় সর্বোচ্চ জুটিতে শান্ত ১৪৮ ও মুশফিক ১১০ রান অবদান রাখেন।

২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ৪৪৮ বলে ২৬৬ রানের জুটি গড়েছিলেন মোমিনুল ও মুশফিক। ঐ ইনিংসে মোমিনুল ১৬১ ও মুশফিকুর রহিম অপরাজিত ২১৯ রান করেন।

টেস্টটি ২১৮ রানে জিতেছিল বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ৩৫৯। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে ৩৫৯ রান যোগ করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিক। সাকিব ৩১ চারে ২৭৬ বলে ২১৭ এবং তৎকালীন অধিনায়ক মুশফিক ২৩টি চার ও ১টি ছক্কায় ২৬০ বলে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন।

ঐ টেস্টে ৭ উইকেটে হারে বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে জুটির বিশ্বরেকর্ড ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুকের। গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৪৫৪ রানের জুটি গড়েছিলেন রুট ও ব্রুক।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে দল ‌পেলেন সাকিব

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস।

সাকিব ছাড়াও ওই দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমান ওয়াসিম। এছাড়া আফগানিস্তানের পেসার নবীন উল হককে নিয়েছে অ্যান্টিগা। আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফারকে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে ওবেদ ম্যাকাও, ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভার্সের মতো ক্রিকেটার।

দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেছেন, ‘এ বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগে বেশ ক’বার সিপিএলে খেলেছি। চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম। দারুণ সব স্মৃতি আছে। আশা করছি ফ্যালকনসের হয়ে সাফল্যমন্ডিত মৌসুম পার করবো।’

আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় সিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এসকেএন প্যাট্রিওটস।

কারামুক্ত হলেন গান বাংলার তাপস

গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন।  বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

গত ৯ ডিসেম্বর গুলশান থানার অস্ত্র দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’–এর মালিকানা দখলের মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখানো হয়।

গত ৭ মে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় তিনি জামিন পেয়েছেন।

গায়ক নোবেলের সঙ্গে ইডেন ছাত্রীর বিয়ে

গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে মামলার বাদীর (ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী) রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন।

যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন। মামলার বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ মে রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে রাজধানীর ডেমরা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরদিন ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।

এনসিসি গঠনের সঙ্গে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) গঠনের সঙ্গে একমত নয় বিএনপি, কারণ এর মধ্যে ‘জবাবদিহিতার ঘাটতি’ রয়েছে।

বুধবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিসির (জাতীয় সাংবিধানিক কমিশন) মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়।

এই নেতা বলেন, এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে, কিন্তু জবাবদিহিতা নেই-এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না।

তিনি আরও বলেন, এ ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো গড়ে তোলা যায়।