Home Blog Page 388

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকে

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো শুক্রবার ক্লাব বিশ্বকাপে ইউরোপের দল চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ব্রুনো হেনরিক এই জয়ের মূল নায়ক হয়ে উঠেছেন। তিনি একটি গোল করেন, আরেকটি করিয়েছেন।

লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে চেলসি অবশ্য প্রথমার্ধে এগিয়েই গিয়েছিল। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায়। ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির একটি ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান তিনি।

কিন্তু ম্যাচের বাকি অংশে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে ফ্লামেঙ্গো। লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে ৫৪ হাজারের বেশি দর্শকের বেশির ভাগই ছিল ফ্লামেঙ্গোর সমর্থক। তাদের গর্জনে জেগে ওঠে ব্রাজিলিয়ানরা।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মাঠে নামেন ব্রুনো হেনরিক। নামার ছয় মিনিটের মধ্যেই গোল করেন তিনি। গেরসনের ক্রসে প্লাতা হেডে বল বাড়ান, হেনরিক ঠিক জায়গায় ছিলেন। এই গোলের পর ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে যেন আগুন ধরে যায়।

তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে হেনরিকের হেডে বল পড়লে তা সাবেক জুভেন্টাস ডিফেন্ডার দানিলোর পায়ে আসে। তিনি ভুল করেননি, বল জালে পাঠান।

এরপর ৬৮তম মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় চেলসি। বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন আয়র্তন লুকাসের পায়ে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

শেষ দিকে ফ্লামেঙ্গোর হয়ে তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা ওয়ালেস ইয়ান। চেলসির কফিনে ঠুকে দেন শেষ পেরেকটা।

এই জয়ে ফ্লামেঙ্গো এখন গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার একেবারে দ্বারপ্রান্তে।

ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ। ম্যাচজুড়েই দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি টাইগাররা।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ১৬৩ রানের কল্যাণে ৪৯৫ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা পাথুম নিসাঙ্কার ১৮৭ রানের সুবাদে ৪৮৫ রানে অলআউট হয়, যেখানে নাঈম হাসান ১২১ রানে ৫ উইকেট নেন। বাংলাদেশ ১০ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শান্ত এই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষেও তিনি এই কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের হয়ে মুমিনুল হক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।

দ্বিতীয় ইনিংসে শান্তর পর মুশফিকুর রহিম ৪৯ রান করে আউট হন। থারিন্দু রাতনায়াকে ৩ উইকেট নেন। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেটে ৭২ রান করলে দুই দলই ড্র মেনে নেয়

বিশ্বজুড়ে সাইবার হামলা: ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস

ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলায় অনলাইনে ফাঁস হয়েছে ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি পাসওয়ার্ড। সাইবারনিউজ ও ফোর্বসের গতকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তথ্য ফাঁসের এ ঘটনা বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। ফলে বিশ্বব্যাপী ফিশিং অ্যাটাক, পরিচয় চুরি ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি পুরনো কোনো ডাটা ড্যাম্প নয় বরং ফাঁস হওয়া বেশির ভাগ পাসওয়ার্ড নতুন, সুসংগঠিত ও ইনফোস্টিলার নামক এক ধরনের ম্যালওয়্যার দিয়ে সংগৃহীত। এসব ম্যালওয়্যার গোপনে মানুষের ব্যবহৃত ডিভাইস থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করে হ্যাকারদের কাছে পাঠায়। পরে হ্যাকাররা এসব তথ্য সরাসরি ব্যবহার করে অথবা ডার্ক ওয়েবের ফোরামে বিক্রি করে দেয়।

এভাবেই ২০২৩-২৪ সালে প্রায় ২৩ লাখ ব্যাংক কার্ডের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। প্রতিবেদন বলছে, সম্প্রতি ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে গুগল, ফেসবুক, টেলিগ্রামের মতো ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গিটহাবের মতো ডেভেলপার অ্যাকাউন্ট এবং এমনকি কিছু সরকারি পোর্টালের লগ ইন তথ্য। বেশির ভাগ তথ্য সুসংগঠিতভাবে সাজানো। যেখানে ওয়েবসাইটের লিংক, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দেয়া আছে, যাতে হ্যাকাররা সহজেই তা ব্যবহার করতে পারে।

এ তথ্য ফাঁসের ঘটনা এতটাই পেশাদার, পরিকল্পিত ও গোছানোভাবে করা হয়েছে যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে শুধু একটি সাধারণ হ্যাকিং বা চুরি নয়, বরং বৈশ্বিক সাইবার অপরাধের ব্লুপ্রিন্ট বা নীলনকশা বলে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে, প্রায় ৩০টি বড় ডাটাসেট সংগ্রহ করা হয়েছে। যার প্রতিটিতে লাখ থেকে হাজার হাজার কোটি লগ ইন বিবরণ রয়েছে। সেখান থেকে মোট ১ হাজার ৬০০ কোটির বেশি লগ ইন তথ্য সংগ্রহ করা হয়েছে।

ফ্ল্যাট থেকে প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অবস্থায় উদ্ধার করা হলেও মরদেহ নিয়ে চাঞ্চল্যের দেখা দিয়েছে। কেননা, ফ্ল্যাটে একা থাকতেন তিনি। এ কারণেই যত প্রশ্নের শুরু।

শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় ফ্ল্যাট থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি প্রায় এক সপ্তাহ আগের বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সম্প্রতি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেত্রীর প্রতিবেশীরা তার পরিবারকে জানায়, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরবর্তী চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করে।

এরপর মরদেহ জেপিএমসি থেকে সোহরাব গোঠে অবস্থিত ইধি ফাউন্ডেশনের মর্গে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী আয়েশা খানের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হবে। আর পরবর্তীতে জানাজার নামাজের সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে।

প্রখ্যাত এ অভিনেত্রীর মৃত্যুতে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের সভাপতি আহমেদ শাহ বলেছেন, দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তার মৃত্যু দেশের (পাকিস্তান) নাট্যজগতের জন্য বিরাট ক্ষতি।

নির্বাচন নিয়ে ‘গোসসা’ ভুলে মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার আহ্বান ফারুকের

দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে কিছু দল ‘গোসসা’ বা মান-অভিমান করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। যারা এই ‘গোসসা’ করেছেন, তারা ১৯৭১ সালে তাদের ভূমিকার কথা ভুলে গেছেন বলেও তিনি মন্তব্য করেন। মান-অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার জন্য তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার (২১ জুন) বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হওয়ায় এই আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বিএনপি ক্ষমতা পাওয়ার জন্য নয় বরং শেখ হাসিনা যেভাবে মৃত ব্যক্তির ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন, কেন্দ্র দখল করেছেন এবং দিনের ভোট রাতে দিয়েছেন, এমন ভোট তিনি চান না। তাই পদ-পদবির কথা চিন্তা না করে আগামীতে যে যোগ্য প্রার্থী তার পক্ষে কাজ করারও অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, সেনবাগে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম, হামলা-মামলা মোকাবিলা করেছেন, দিনের পর দিন আদালতের বারান্দায় হাজিরা দিয়ে সময় পার করেছেন, সেই সব ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীকে বাদ দিয়ে টাকার বিনিময়ে কোনো কমিটি তৈরি করে চাপিয়ে দিলে তা কোনোমতেই মেনে নেওয়া হবে না এবং নেতাকর্মীরাও তা মেনে নেবেন না।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহসহ অনেকে।

বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল রবিবার (২২ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে আরও তিন সদস্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, আগামীকাল সকাল ১০টায় নির্বাচন কমিশন অফিসে মামলার অনুলিপি জমা দেওয়া হবে এবং এরপরই থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করা হবে।

এর আগে গত ১৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন করায় ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ‘রাতের ভোট’-এর অভিযোগ ওঠে, যেখানে বিএনপি অংশ নিলেও মাত্র ৫টি আসন পায় (জোটগতভাবে ৭টি)। এছাড়া, সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০২৪ সালের নির্বাচনেও বিএনপিসহ সমমনা দলগুলো অংশ নেয়নি এবং এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে।

সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা করেছেন খামেনি

ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মুখে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিজের জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষায় ‘অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ’ নিচ্ছেন বলে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে। শনিবার (২১ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, খামেনি ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করেছেন এবং সনাক্তকরণ এড়াতে একজন ‘বিশ্বস্ত সহকারীর’ মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। তাকে হত্যা করার ইসরায়েলি হুমকির মধ্যে সর্বোচ্চ নেতা বর্তমানে একটি ‘বাঙ্কারে’ সময় কাটাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে। খামেনি বিশ্বাস করেন, ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির পুত্র মোজতবা, যিনি একসময় উত্তরসূরি হিসেবে গুঞ্জনে ছিলেন, তার নাম সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় নেই। নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন সম্পর্কে ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করলে শত্রুতা বৃদ্ধি পায়, যার প্রতিক্রিয়ায় তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা

ইসরায়েলে ধারাবাহিক পাল্টা হামলা চালাচ্ছে ইরান, দাবি করছে যে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সফল হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে আজ শনিবার জানা গেছে, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিস ৩’-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ১৮ দফা হামলা চালিয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কেন্দ্রস্থল, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি সেনাবাহিনীর রসদ ও পরিচালনা কেন্দ্রগুলোতে আঘাত হানতে তারা ‘শাহেদ-১৩৬’ নামের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক ব্যবহার করেছে। তাদের দাবি, এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলাকে “বিরল ঘটনা” হিসেবে স্বীকার করেছে, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পেরেছে।

তাসনিম নিউজের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতভর একাধিক স্কোয়াডে শাহেদ-১৩৬ ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে, এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শনিবারের হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল, যার মধ্যে কয়েকটি আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ড্রোনগুলো আটকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ইসরায়েলিদের আবারও আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হতে হয়েছে। এলিট বাহিনী জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ইরানের এই ‘হাইব্রিড অপারেশন’ নিরবচ্ছিন্ন ও নির্ধারিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালানো হবে।

বন্দরের দায়িত্ব বিদেশিদের দিতে ড. ইউনূসের আগ্রহ কেন, প্রশ্ন আনু মুহাম্মদের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি এই প্রক্রিয়াকে দেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। শনিবার(২১ জুন) রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে ‘চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিপি ওয়ার্ল্ডকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে জিটুজি ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানি বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

অধ্যাপক আনু মুহাম্মদ প্রশ্ন তুলেছেন, “মোহাম্মদ ইউনূসের ভাষায় ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর সেরা। শেখ হাসিনাও এই বন্দর ইজারা দেওয়ার চিন্তা করেছিলেন। তার (শেখ হাসিনা) তো একটা রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বার্থ থাকতে পারে, কিন্তু মোহাম্মদ ইউনূসের স্বার্থটা কী? তিনি কেন এতে আগ্রহ দেখাচ্ছেন, তা প্রশ্নের দাবি রাখে।”

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “হাসিনা সরকার এলএনজি আমদানিনির্ভর দেশ তৈরি করে গেছে। অন্তর্বর্তী সরকারেরও তেল-গ্যাস অনুসন্ধানে কোনো উদ্যোগ নেই। উল্টো এলএনজি আমদানি চুক্তি করেছে। স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। এখন বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সবদিক থেকেই দেখা যাচ্ছে সরকার উল্টোপথে হাঁটছে।”

তিনি জাতীয় সক্ষমতা তৈরির ওপর জোর দিয়ে বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর না করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে এই সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত।

আনু মুহাম্মদ বিশ্বব্যাংক, এডিবি কিংবা আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে করা চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানান। তিনি বলেন, “শেখ হাসিনার আমলে প্রাণ প্রকৃতি বিনাশকারী ও দেশবিরোধী কী কী ক্ষতিকর চুক্তি হয়েছে তা জাতির সামনে উন্মুক্ত করতে হবে। ক্ষতিকর চুক্তি বাদ দিতে হবে। ড. ইউনূস কেন সেগুলো উন্মুক্ত করছে না, প্রশ্ন তোলেন তিনি।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মোহাম্মদ ইউনূসকে ঘিরে তার আস্থাভাজনরা রামপাল, রূপপুরের মতো বড় প্রকল্পের বিষয়ে শেখ হাসিনার আমলের মতোই কথা বলছেন এবং যারা প্রশ্ন তোলেন, তাদের প্রতিহত করার মনোভাব দেখা যায়।

বিদেশি বিনিয়োগ এলে সেই সম্পর্কে প্রশ্ন করা যাবে না—এ প্রবণতাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, “কেন, কী উদ্দেশ্য বিদেশি বিনিয়োগটি এলো তা খতিয়ে দেখতে হবে। তাদের বিনিয়োগ ভবিষ্যতে আশীর্বাদ হবে না, অভিশাপ হবে তা দেখতে হবে।”

আনু মুহাম্মদ জানান, আগামী ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম বন্দর ইজারা ও বিদেশি কোম্পানির ভূমিকা নিয়ে বামধারার বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় মঞ্চ গঠিত হবে। তারা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী কল্লোল মোস্তফা। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়নি। লেখক ও গবেষক ড. মাহা মির্জা উল্লেখ করেন, কৌশলগত খাতে বেসরকারিকরণ টেকসই উন্নয়নের নিশ্চয়তা দিতে পারেনি।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম প্রমুখ।

আজ বাংলাদেশে চব্বিশ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চারজন। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত সবাই ঢাকার (মহানগরসহ) বাসিন্দা।

করোনায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজন চট্টগ্রাম এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত চার হাজার ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

নতুন করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। এছাড়া, দুজনের মৃত্যুর মধ্যদিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১০ জনে।