Home Blog Page 410

তারকা ফুটবলার এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি

জ্বরের কারণে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবার লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ ফ্রান্সম্যান এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘দলের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সংবাদ মাধ্যম দাবি করেছে, জ্বরের সঙ্গে এমবাপ্পের ডায়রিয়া হতে থাকতে পারে। যে কারণে পেটে পীড়া আছে। ইনফেকশন হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। আল হিলালের বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষে রিয়ালের কোচ জাবি আলোনসো জানান, এমবাপ্পে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন।

রিয়াল ২৩ জুন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ম্যাচ খেলবে। বিষয়টি নিয়ে আলোনসো বলেন, ‘গত দু’দিন ধরে এমবাপ্পের শরীর ভালো না। সে বেশ অসুস্থ। আমরা এখনো জানি না, দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে কিনা। আমরা বিষয়টি পরে বিবেচনা করে দেখবো।’

আমি তো শাশুড়ি হয়ে গেছি: অভিনেত্রী শ্রাবন্তী

এ বছরটা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপুজায় আসবে ‘দেবী চৌধুরানী’।

পুজায় শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে। ‘আমার বস’ ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ ২’ ও নায়িকার পুরানো জুটি দেবের ছবি ‘রঘু ডাকাত’ এর সঙ্গে।

যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন, পছন্দও করবেন। বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি।

অভিনয় নিয়ে কোন রাখঢাক রাখেন না। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান, সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন।

খুব অল্প বয়সেই মা হয়েছেন। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে। তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন। তার ইচ্ছে-স্বপ্নপূরণের চেষ্টা করেছেন।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? উত্তরে নায়িকা হেসে বললেন, ‘আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবো, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো।’

এরপর অভিনেত্রী যোগ করেন, “তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন

ঈদের আগে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে টাকা জমা দেওয়ার জন্য সিডিএম, সিআরএম বা মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিন নতুন নোট নিচ্ছে না। মূলত নতুন ডিজাইনের নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে এসব মেশিনের সফটওয়্যার এখনও ‘আপডেট’ না করায় এমন হচ্ছে। অবশ্য ব্যাপকভাবে নতুন নোট এখনও বাজারে আসেনি।

সংশ্লিষ্টরা জানান, শাখার পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) এবং ক্যাশ রিসাইক্লেনিং মেশিনে (সিআরএম) টাকা জমা দেওয়া যায়। এটিএম বুথের আদলে এসব বুথ স্থাপন করা হয়। নির্ধারিত প্রক্রিয়া মেনে গ্রাহক নিজেই এই মেশিনের সাহায্যে তাঁর অ্যাকাউন্টে ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে পারেন। এ জন্য সফটওয়্যারে নোট এবং নিরাপত্তা বৈশিষ্ট্য থাকতে হয়। মেট্রোরেলের টিকিট কাউন্টারে স্থাপিত বুথেও একই উপায়ে টাকা চেনানো হয়। সে অনুযায়ী এসব মেশিনে লেনদেন হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদের আগে ১ জুন নতুন নোট বাজারে ছাড়া হয়। এর পর ৪ থেকে ১৪ জুন টানা ১০ দিন ব্যাংক বন্ধ ছিল। তিন ধরনের নোট মিলিয়ে এখন পর্যন্ত বাজারে ছাড়া হয়েছে ৬০০ কোটি টাকার কম। এসব কারণে কোনো কোনো ব্যাংক হয়তো তাদের নিজেদের সফটওয়্যার প্রোগ্রামে নতুন নোট এখনও অন্তর্ভুক্ত করেনি । তবে এটা কঠিন কোনো বিষয় না। ব্যাংকগুলো চাইলেই বুথের ভেন্ডাররা যা করতে পারেন। দুয়েকটি ব্যাংক এটা করলেও বেশির ভাগ ব্যাংক এখনও করেনি।

সুইস ব্যাংকে বাংলাদেশের নামে অর্থ জমা বাড়ছে

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বিশ্বের সব দেশের সঙ্গে ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় ( প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে ) যার পরিমাণ ৮ হাজার ৯৭২ কোটি টাকা। ২০২৩ সাল শেষে যার পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ। এখনকার বিনিময় হার ধরলে যার পরিমাণ ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ। ২০২২ সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল ৫ কোটি ৮৪ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৮৭৬ কোটি টাকা।

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমনাতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশের বেশি বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, যা বাণিজ্য কেন্দ্রিক অর্থ বলে আসছে বাংলাদেশ ব্যাংক।

সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েক বছর ধরে সুইজারল্যান্ড বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে।  বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ সুইজারল্যান্ডের এফআইইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগও  করেছিল। কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য তারা দেয়নি।

তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী নীলা

জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে।

তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। তিনি আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে এ কথা স্বীকার করেন।

ওই পোস্টে তিনি জানান, নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই  ফোন করতো ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে- “তোমার ছবি দাও”, “তোমার ঠোঁট সুন্দর”, “তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে।”

তিনি আরো বলেন, আমি তুষারকে এই ধরনের আলাপে সব সময়েই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ রেখেছি।

যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে, ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়।
নীলা ইসলাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না।

কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়।

তিনি আরো বলেন, যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে, তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি, ডিবি ও পুলিশসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে-এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। প্রায় দেড় ঘণ্টার আলাপে ৪৭ মিনিট আমি রেকর্ড রাখি। তুষার আমাকে জানায়, ডিবি তাকে নীলা ইস্রাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড-যা নিয়ে আমি তুষারকে প্রশ্ন করি। তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি।

সম্প্রতি বিষয়টি তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান নীলা। তিনি বলেন, কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই। নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরে দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে। যে দিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে আমি জানাই, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে, অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে। এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয়, তাতে আমি দেখতে পেয়েছি, আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই।

আ. লীগের ২ সঙ্গীকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন

পতিত আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করার জন্য সরাসরি কাজ করেছে। তাদেরকে ঐকমত্য কমিশন আমন্ত্রণ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেঈমানি করেছে।

তিনি বলেন, এভাবে ঐকমত্য কমিশন আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করছে কি না, সেটা আমাদের প্রশ্ন। ঐকমত্য কমিশনের এমন কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে যে গণহত্যা চালিয়েছে বিচারের আগে তাদেরকে কোনোভাবেই রাজনীতিতে সুযোগ দেওয়ার উপায় নেই।

তিনি আরো বলেন, আজ আওয়ামী লীগের দোসরাদের আমন্ত্রণ জানানোর ঘটনায় ঐকমত্য কমিশনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে আর আমন্ত্রণ জানাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। খবর-বিবিসি

স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।’

এমন সময় তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন।

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য।

তিনি বলেছেন, ইসরায়েল তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল। ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে।

দেশের নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। যা আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।’

জানা যায়, নতুন পররাষ্ট্রসচিব রবিবার অফিসে যোগ দেবেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

এমনিতেই দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। এর মধ্যে সরবরাহ আরও কমে যায়। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর গভীর সাগরে অবস্থিত টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হয়। গত মঙ্গলবার থেকে এ সমস্যা শুরু হয়। এতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। বিশেষ করে আজ দিনভর বাসাবাড়ি ও শিল্পে ভোগান্তি চরম আকার নেয়। তবে এদিন সন্ধ্যা থেকে এলএনজি সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতির উন্নতি হতে থাকে।

বঙ্গোপসাগরে অবস্থিত দুই এলএনজি টার্মিনাল থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করার সক্ষমতা রয়েছে। গত সোমবার দেওয়া হয় প্রায় ১০০ কোটি ঘনফুট। সাগর উত্তাল থাকায় মঙ্গলবার থেকে টার্মিনালগুলোতে এলএনজি আমদানি করা কার্গো যুক্ত হতে পারছে না। এর পরিপ্রেক্ষিতে টার্মিনালে মজুত এলএনজি রিগ্যাসিফিকেশন করে লাইনে গ্যাস দেওয়া হচ্ছে। এতে মঙ্গলবার রাত থেকেই সরবরাহ কমতে শুরু করে। বুধবার সন্ধ্যায় সরবরাহ কমে ২০ কোটি ঘনফুটে নেমে আসে। বৃহস্পতিবারও দিনভর ২০-২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে এলএনজি টার্মিনালগুলো।

দেশে গ্যাসের চাহিদা দৈনিক অন্তত ৪২০ কোটি ঘনফুট। বিপরীতে এলএনজিসহ বর্তমানে দিনে গড় সরবরাহ ২৮১ কোটি ঘনফুট। এলএনজির সরবরাহ কমায় মোট গ্যাস সরবরাহ কমে দাঁড়ায় ২০০ কোটি ঘনফুট। ফলে দেশজুড়ে সংকট বিরাট আকার ধারণ করে।