Home Blog Page 415

নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই। সেই ঘোষণা অনুযায়ী ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা।

আজ (শনিবার) সকাল থেকে গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের সামনে জড়ো হচ্ছেন তারা।

এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত  ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

ঈদে ১০ দিনের ছুটির পক্ষে-বিপক্ষে

এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি অফিসে ১০ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর থেকে এ নিয়ে আলোচনা চলছে। এক পক্ষ ঈদে যানজট এড়ানোসহ নানা যুক্তি দাঁড় করাচ্ছে। আরেক পক্ষ বলছে, শুধু ঈদযাত্রায় স্বস্তি দিতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান মাসের তিনভাগের একভাগ সময় বন্ধ রাখা সুবিবেচনাপ্রসূত নয়।

জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আমাদের দেশে মানুষ এত বেশি গ্রামে যায় যে, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিন দিনের ঈদের ছুটিতে এক দিনে অনেক মানুষ বের হওয়ার চেষ্টা করলে, যাত্রাপথে ভোগান্তি হবেই। প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে বাধা হওয়া উচিত নয়। বিষয়টি যেন সহজ হয়, সে চেষ্টা করতে উপদেষ্টা পরিষদ ঈদের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ছুটি একটু বেশি হলে মানুষের হাতে বিকল্প থাকবে। তখন যার যার সুবিধা মতো আসা-যাওয়া করতে পারবে। টানা বেশি দিন বন্ধ থাকলেও লাভ আছে। প্রত্যেক পেশাজীবীর বিশ্রাম প্রয়োজন। বিশ্রাম নিয়ে তারা নবউদ্যমে কাজে নামতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা হতে পারে ৭ জুন, শনিবার। সরকারি ছুটি শুরু হবে ৫ জুন বৃহস্পতিবার, শেষ হবে ১৪ জুন শনিবার। ঈদুল আজহায় সাধারণত তিন দিন ছুটি থাকত। অন্তর্বর্তী সরকার ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটি বাড়িয়ে দেয়। সে অনুযায়ী এবারের ঈদুল আজহায় ছুটি হওয়ার কথা ছিল ছয় দিন। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে আজ শনিবার ও ২৪ মে শনিবার সব সরকারি অফিস খোলা থাকছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (১৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার (দুপুর ১২টা পর্যন্ত) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মিশা সওদাগরকে মারধরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়। এর কিছুসময় পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন। হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছে।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

সালমান খানের পার্টি-খুব সহজ নয়: রাধিকা রাও

ঘটনা ২০০৫ সাল। বলিউড সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’ সিনেমাটি মুক্তি পায়। সেখানে দেখা যায় বলিভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে অভিনেত্রী স্নেহা উল্লালকেও। সেই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী। সেই সিনেমায় ভাইজান অভিনয় করেছিলেন আদিত্যের চরিত্রে। এই রোমান্টিক সিনেমার শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু।

হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা রাও এবং বিনয় সাপরু জানান, শুটিংয়ের সময় সালমান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন সিনেমার সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও। পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন-এটি সালমান খানের পার্টি-খুব সহজ নয়। সকালবেলা কাজে আসতে হলে-এই পার্টিতে যাওয়া যাবে না।

কিন্তু রাশিয়ার কর্মীরা মানতে নারাজ ছিলেন। তারা বলেন, আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।

পরিচালক বলেন, শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদপান। তারা প্রমাণ করতে চাইছিলেন-রাশিয়ানদের মতো মদপান কেউ করতে পারে না। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।

রাধিকা বলেন, কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, আবার কেউ ওখানেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তারা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এ রকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।

তিনি বলেন, অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির। পুরোপুরি ফিট। আর একেবারে ফুরফুরে। রাশিয়ার কর্মীরা নিজেরাই স্বীকার করেন-তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিলেন সেদিন।

৫১ বছর পর বোলোগনার শিরোপা জয়

৩৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর  কাতার বিশ্বকাপে শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা।এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেছে বোলোগনা। দীর্ঘ পাঁচ দশক ধরে শিরোপার দেখা না পাওয়া সাতবারের সিরি আ চ্যাম্পিয়নদের হাতে অবশেষে উঠলো শিরোপা।

বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দেখা পেল বোলোগনা।

এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।

গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।

এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের।

তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ।

চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি টাকা।

এদিকে, শীর্ষ দুইয়ে জায়গা না পেলেও তৃতীয় স্থানে থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারত যা ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা)। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা)।

পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা), শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) এবং বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

অষ্টম হওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা) এবং তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।

নাকবা দিবসে ইসরায়েলি হামলায় নিহত ১১৫ ফিলিস্তিনি

১৫ মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। ৭৭ বছর আগে ফিলিস্তিনেদের ওপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের ঘর হারানোর দিন এটা। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। নাকবা দিবসের ৭৭তম বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১১৫ জন।

স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল-তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজাজুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো-জাবালিয়ার আল-আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের মাটিতে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দিল্লি শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করেছে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূ‌ত্রের বরা‌তে জান‌তে পে‌রে‌ছে, বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও পাঁচ দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন প্রশ্ন রিজভীর

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেটা আমরা জানি না। আপনাদেরকে আমরা সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন যমুনার দিকে যায়, তখন তাদেরকে সাদরে বরণ করেন।

রিজভী বলেন, তিন-চারদিন আগে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের আবাসনের জন্য গেলো, তখন আপনারা তাদেরকে উপহার দিলেন লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আপনারা রয়েছেন। আপনারা তো সুশীল সমাজের লোক। কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন? আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন?

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করেছে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, পুরো দেশ অশান্তিতে ভরে উঠেছে। অনেক ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। আপনারা সেদিকে না তাকিয়েই কি নিজেদের মত দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে এবং যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সবদিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন। না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদেরকে কিন্তু জনগণ ধরে ফেলবে।

তিনি বলেন, আজ ৫ আগস্টের পর এক পরিবর্তিত পরিস্থিতি। আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি, তরুণ ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে চলছে, রক্ত ঝরছে। এখন তো আর আওয়ামী দোসররা নেই।