ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে’
হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
গত সপ্তাহেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে প্রাথমিকভাবে ঘোষিত পাঁচ ম্যাচের সিরিজটি এখন তিনটি ম্যাচের সংক্ষিপ্ত রূপে অনুষ্ঠিত হবে।
সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৭ মে থেকে দুই দলের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। যদিও সময়সূচি নিয়ে কিছুটা সংশয় থাকলেও, সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে।
ঘোষিত পাকিস্তান স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। দলের তিন বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রিজওয়ানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান, যা দলের জন্য এক ইতিবাচক দিক।
স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সম্প্রতি এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া প্রতিভাবান ব্যাটার সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হার্ড-হিটিং ওপেনার সাইম আইয়ুব। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার ফখর জামানকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ মাইক হেসন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেই তিনি প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। নির্বাচকরা স্পষ্টতই পিএসএলের পারফরম্যান্সকে এই স্কোয়াড গঠনে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ দল তাদের স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহ্যাম
অবশেষে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটাল টটেনহ্যাম হটস্পার। স্যান মামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফির খাতা ১৭ বছর পর খুললো লন্ডনের ক্লাবটি। ইউরোপা লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল ‘স্পারস’রা।
বুধবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত হয়েছে তাদের। ইউনাইটেডের হৃদয়ভাঙা বহুমূল্য একমাত্র গোলটি করেছেন ব্রেনান জনসন।
পারফরম্যান্সে টটেনহ্যাম ও ইউনাইটেডের এবারের প্রিমিয়ার লিগের যাত্রা ছিল লে যাওয়ার মতো। পয়েন্ট টেবিলে ইউনাইটেড ১৬ ও টটেনহ্যাম ১৭ নম্বরে রয়েছে। তাদের পরের তিনটি দলই রেলিগেশন জোনের। লিগের বাজে দুই দল হলেও ইউরোপা লিগের ফাইনালে উত্তাপও ছিল বেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যানইউকে হতাশ করে ট্রফি নিজেদের করে নিল টটেনহ্যাম।
বিলবাওয়ের মাঠে প্রথমার্ধের কিছু আগে জয়সূচক গোলটি পায় টটেনহ্যাম। পাপে মাতার সার-এর ডানদিক থেকে আসা একটি ক্রসে জনসন লুক শ’কে পরাস্ত করেন। বলটি দু’জন খেলোয়াড়ের গায়ে লেগে ধীরে ধীরে গোলরক্ষক আন্দ্রে ওনানার পাশ দিয়ে জালে জড়ায়। এটি ছিল কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে টটেনহ্যামের পক্ষে ২০০৮ সালের পর করা প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালালেও ইউনাইটেড ছিল নিষ্প্রাণ। বারবার আক্রমণ করেও ভাঙতে পারেনি টটেনহ্যামের শক্ত রক্ষণভাগ। ৬৮ মিনিটে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রাসমুস হøইলুন্ড। গোলরক্ষক ভিকারিও বল ফসকালে তার হালকা চিপ শটটি গোললাইন থেকে দুর্দান্তভাবে সেভ করেন ডিফেন্ডার মিকি ফন দ্য ফেন।
ম্যাচের শেষ সময়ে পেনাল্টির দাবি ওঠে লুক শ’য়ের ওপর পেদ্রো পোরোর একটি ট্যাকলের ঘটনায়, তবে রেফারি সেটি নাকচ করে দেন। অতিরিক্ত সময়ে শ’য়ের হেডার ঝাঁপিয়ে রক্ষা করেন ভিকারিও। শেষ পর্যন্ত ব্রেনান জনসনের একমাত্র গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম। এই জয় তাদের ইউরোপা লিগের ইতিহাসে তৃতীয় শিরোপা। এর আগে ১৯৭২ এবং ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা জিতেছিল ক্লাবটি।
এই জয়ে দুই মৌসুমের বিরতির পর চ্যাম্পিয়নস লিগে ফেরার পাশাপাশি আগামী আগস্টে উডিনেতে উয়েফা সুপার কাপ ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইন বা ইন্টার মিলানের মুখোমুখি হবে টটেনহ্যাম। ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ আঞ্জে পোস্তেকগলু বলেন, ‘আমি সবসময় আমার দ্বিতীয় মৌসুমে কিছু না কিছু জিতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি যা বলি, বিশ্বাস করেই বলি।’
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি আরেকটি হতাশাজনক রাত। এই হারে তারা ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে এবং প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে হেরে গেলে টটেনহ্যামের নিচে নেমে যেতে পারে। দুই দলই এখন লিগে সর্বোচ্চ ১৪তম স্থানে থেকে মৌসুম শেষ করতে পারবে।
বিচ্ছেদের ছয় বছর পর বিয়ের পিঁড়িতে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম আবারও সম্পর্কে জড়িয়েছেন। বিচ্ছেদের ছয় বছর পর নতুন করে ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তিনি এবং শিগগিরই বিয়ে করতে চলেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল ও অভিনেত্রী।
সিদ্দিক ও মারিয়ার বিয়ে হয়েছিল ২০১২ সালে। তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৮ সালের শুরুতে মারিয়ার শোবিজে কাজ করার ইচ্ছা ঘিরে দাম্পত্যে শুরু হয় টানাপোড়েন। শেষমেশ ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। আর প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মারিয়া বলেন, “হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, সাধারণ মানুষ। সামনে আমাদের বিয়ে।”
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। ছবি: সংগৃহীত
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। ছবি: সংগৃহীত
এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।’
এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ঘিরে অশ্লীলতা অভিযোগে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেখানেও রয়েছে মারিয়া মিমের নাম। এই বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সেই আইনজীবী ভাইরাল হতে চায় বলেই এসব করছেন। আমি তার বিরুদ্ধে মামলাও করতে পারি।
এআইয়ের কবলে হানিফ সংকেত, নিচ্ছেন আইনি ব্যবস্থা
নব্বই দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন হানিফ সংকেত। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে প্রতিনিয়তই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। কোনো পণ্যের সঙ্গে নিজের নাম কিংবা কণ্ঠও মেলাননি। কিন্তু এবার সেই কণ্ঠই ব্যবহার হলো একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রে। সেটিও আবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হানিফ সংকেত।
গত ২০ মে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বরেণ্যে এ ব্যক্তি লেখেন, ‘প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে, প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও। যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন।’
তিনি লিখেছেন, ‘গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।’
এরপরই নিজের নির্লোভ ও নীতিনিষ্ঠার জানান দেন হানিফ সংকেত। এ ব্যাপারে লেখেন, ‘অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরণের এআই কিংবা প্রযুক্তিনির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ, এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরণের প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা নেব।’
এছাড়া এআই-এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তিনি লিখেছেন, ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সংগীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হেয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর মতো ব্যক্তিত্বরাও রয়েছেন।’
সবশেষ সফটওয়ার প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এআই সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত কিছু নীতিমালা তৈরি করা, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে।’
প্রসঙ্গত, আশির দশক থেকে দর্শকদের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন দিয়ে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন পর্দায়। সঙ্গে জুড়ে দেন সচেতনবার্তাও।
হানিফ সংকেত একাধারে একজন লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক। তবে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকমহলে তারকা উপস্থাপক হিসেবেই খ্যাতি লাভ করেছেন তিনি।
গাজা পুরোপুরি দখলের ঘোষণা নেতানিয়াহুর, যুদ্ধ বন্ধে অস্বীকৃতি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনও স্থায়ী চুক্তিতে রাজি নন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বুধবার জেরুজালেমে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা জানি, গাজায় এখনও অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি জীবিত রয়েছে এবং আরও প্রায় ৩৮ জন সম্ভবত নিহত হয়েছেন।”
এদিকে, ইসরায়েলে এখনও অন্তত ১০ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন — যাদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার — বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন সংবাদমাধ্যম।
নেতানিয়াহু বলেন, শুধুমাত্র বন্দিদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে। তবে এটিকে ‘অস্থায়ী বিরতি’ বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে হামাস বারবার জানিয়েছে, তারা সমস্ত ইসরায়েলি বন্দিকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্দখল করার কথা জোর দিয়ে বলেছেন।
অবশ্য ইসরায়েলের বিরোধী নেতারা এবং বন্দিদের পরিবার অভিযোগ করেছেন, নেতানিয়াহু চরম ডানপন্থি জোটসঙ্গীদের খুশি রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, “নেতানিয়াহুর বক্তব্যের মানে হলো—আগামী বহু বছর গাজা দখলে রাখা হবে”। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের কথা বলে নেতানিয়াহু মিথ্যা বলছেন।”
অন্যদিকে ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, “আমি দেখলাম এক চাপে ভেঙে পড়া, মিথ্যা বলা, দায়িত্ব এড়ানো এক নেতার প্রহসন”। তিনি ঘোষণা দেন, “নেতানিয়াহুর বিরুদ্ধে আমি মানহানির মামলা করব এবং খুব শিগগিরই নির্বাচনে তাকে পরাজিত করব।”
এছাড়া গাজায় বন্দি থাকা ব্যক্তিদের পরিবারের ফোরাম এক বিবৃতিতে বলেছে, “আমরা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ হারাতে চলেছি। ১৯ মাস পার হলেও এই যুদ্ধের কোনও শেষ নেই, পুনর্গঠনেরও কোনও সম্ভাবনা নেই।”
এই বক্তব্যগুলো এমন সময় সামনে এসেছে যখন ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে, যাতে এখন পর্যন্ত প্রায় ৫৩ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৯৩
ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮২ জন, আহত হয়েছেন আরও ২৬২ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৫০ জনে।
মন্ত্রণালয় জানায়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়ে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল স্থল অভিযান আরও বিস্তৃত করেছে এবং বোমা হামলার মাত্রাও বাড়িয়েছে।
এর আগে, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ ছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।
এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এটি পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন: ইশরাক
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের সামনে এক অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এই মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে আজ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকরা ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।
ইশরাক হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। এটি কোনো পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন।’
এসময় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে দাবি জানান এই বিএনপি নেতা।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এনসিপি নিয়ে আশাবাদি ছিলাম। কিন্তু তারা অবস্থান ধরে রাখেনি। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের রায় মেনে নিতে হবে।’
এছাড়া অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগও দাবি করেছেন ইশরাক হোসেন।
এর আগে, আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দেন ইশরাক হোসেন।
বৃহস্পতিবার শাহবাগে ছাত্রদলের সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বুধবার সাম্য হত্যার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একদল শিক্ষার্থী। এদিকে সাম্য হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে ক্যাম্পাসে নয় মাসে দুই খুন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থার দায় স্বীকার করে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রদল এবং বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে তারা প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা ‘আর চাই না, আর চাই না এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে , খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই ,সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই।


