Home Blog Page 420

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো আরও ৭ জুলাই যোদ্ধাকে

উন্নত চিকিৎসার জন্য আরও সাত ‘জুলাই যোদ্ধা’কে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের থাইল্যান্ডের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্য দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ‘জুলাই যোদ্ধা’দের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় অ্যাম্বুলেন্সে করে আহতদের বিমানবন্দরে নেওয়া হয়। অনেকেই উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন বলেও তিনি জানান। আরও ২০ জনেরও বেশি আহত যোদ্ধাকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডা. মাহমুদুল হাসান জানান, গতকাল থাইল্যান্ডে পাঠানো সাতজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন একজন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস থেকে তিনজন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দুজন।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সিএমএইচে চিকিৎসাধীন আশরাফুলের শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। গত ৫ আগস্ট আন্দোলনের সময় তিনি যাত্রাবাড়ী এলাকায় ছিলেন। এছাড়া, নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন এক তরুণের বাম পা অবশ হয়ে গেছে। বাকি সবাই স্নায়ুজনিত কারণে স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে, খোকন চন্দ্র বর্মণ নামে এক ‘জুলাই যোদ্ধা’ মুখের সার্জারির প্রথম ধাপ শেষ করে গত ৭ মে রাশিয়া থেকে দেশে ফিরে এসেছেন।

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, দায়িত্ব পালন করবেন নজরুল

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন, যা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই আকস্মিক ছুটি এবং পরবর্তী সম্ভাব্য পদায়ন কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন দীর্ঘ কয়েক মাস ছুটিতে থাকবেন। একই সঙ্গে তাকে পররাষ্ট্রসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

উল্লেখ্য, এটি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রসচিব পদে দ্বিতীয়বারের মতো পরিবর্তন। গত বছরের সেপ্টেম্বরে বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন পররাষ্ট্রসচিবের গুরুত্বপূর্ণ পদে এসেছিলেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সরকারের উচ্চপর্যায়ের কোনো বার্তা বহন করছে কিনা, তা নিয়ে চলছে নানা জল্পনা।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কাশিমপুর কারাগারে

আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতকাল আড়াইটার দিকে তাঁকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ সাবমিশন শেষে নুসরাত ফারিয়াকে জামিন দেন।

নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে অবশেষে চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন।

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

অবৈধ অভিবাসনে জড়িত থাকার অভিযোগে ভারতের একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস নিয়মিতভাবে অবৈধ অভিবাসন এবং মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য কাজ করছে।

মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, এই ধরনের মানবপাচার চক্রকে নির্মূল করার জন্য ভবিষ্যতে ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞা জারি রাখবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কেবল বিদেশিদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই নয়, বরং যারা এই আইন লঙ্ঘন করে তাদের জবাবদিহির আওতায় আনতেও কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দফতর জোর দিয়ে বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও নীতির প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুরো পাকিস্তান ভারতের নিশানায়

ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, “পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে।”

জেনারেল ডি’কুনহা বলেন, “ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের (ভারতের) অভ্যন্তর থেকে ভারত যেকোনও জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।”

ডি’কুনহা দাবি করেন, “আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর-সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন।”

চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইশরাক

আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেতা হিসেবে পরিচিত চঞ্চল চৌধুরীর হাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়ায় সম্প্রতি বিতর্কের মুখে পড়েন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ মে) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

ইশরাক হোসেন তার পোস্টে লেখেন, ‘গত ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’

তিনি আরও লেখেন, ‘২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।’

উল্লেখ্য, চঞ্চলের হাতে ইশরাকের পুরস্কার প্রদান নিয়ে গতকাল রবিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে সমালোচনা ও হতাশা প্রকাশ করেন এবং চঞ্চলের বিএনপিবিরোধী অবস্থানের কথা তুলে ধরেন।

আজকে আসিফের ছবিতে জুতার মালা নয়, জুলাই বিপ্লবের মুখেই ওরা জুতার মালা দিচ্ছে!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করেছেন ইশরাকের সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান।

সোমবার (১৯ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মশিউর রহমান লেখেন, “১৬ বছরে হাসিনার ১৬ টা পশম ছিঁড়তে না পারলেও এখন এই আসিফ মাহমুদদের কল্যাণেই অনেক কিছু করতে পারছেন! আজকে আসিফের ছবিতে জুতার মালা নয়, জুলাই বিপ্লবের মুখেই ওরা জুতার মালা দিচ্ছে।”

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র শেখ ফজলে নূর তাপসের স্থলাভিষিক্ত করার দাবিতে রবিবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের সমর্থকেরা। সেখানে বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতার মালা পরিয়ে তার পদত্যাগ দাবি করেন।

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিশ্বের অন্যতম বৃহৎ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৯ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে টেলিফোনের মাধ্যমে এই বিষয়ে জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে স্টারলিংকের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন করে আমাকে বিষয়টি জানায় এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে।”

তিনি আরও জানান, স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ নিয়ে বাজারে এসেছে – ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬০০০ টাকা এবং অন্যটির ৪২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সংযোগের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির জন্য গ্রাহকদের এককালীন ৪২ হাজার টাকা খরচ করতে হবে। এই প্যাকেজগুলোতে কোনো ডেটা ব্যবহারের সীমা থাকছে না এবং গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, “বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই এই সেবার জন্য অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর বিষয়ে স্যারের (প্রধান উপদেষ্টার) যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ হলো।”

তিনি আরও বলেন, “যদিও এই সেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল, তবে এর মাধ্যমে দেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট সেবার বিকল্প তৈরি হলো। পাশাপাশি, যেসব দুর্গম এলাকায় ফাইবার অপটিক কেবল বা দ্রুতগতির ইন্টারনেট সংযোগ এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় ইন্টারনেট সেবাদানকারী অন্যান্য কোম্পানিগুলোও তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারবে। এছাড়াও, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), ফ্রিল্যান্সার এবং নতুন উদ্যোক্তারা সারা বছর নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা লাভ করবেন।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এই অর্জনের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করলো। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার একটি নতুন সম্ভাবনা তৈরি হলো।