Home Blog Page 430

পাকিস্তানকে সতর্ক করল ভারত

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, গত মঙ্গলবার এসব কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপ হয়। গত সপ্তাহে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনীর কয়েকদিন ধরে বিনা উসকানিতে গুলিবর্ষণের পর এই আলোচনা ও সতর্কীকরণ এসেছে।
এএনআই বলছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকায় গত ২৭-২৮ এপ্রিল রাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতের সেনাবাহিনী।
হিন্দুস্তান টাইমস বলছে, ২৬-২৭ এপ্রিল রাতে তুতমারি গালি ও রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের কার্যকর জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি, পেহেলগামে ২৫ জন ভারতীয়সহ ২৬ জন নিহত হওয়ার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন বৃদ্ধি পাচ্ছে। লঙ্ঘন এখন আন্তর্জাতিক সীমান্তেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।
এদিকে, পেহেলগাম হামলার পর থেকে ভারত সরকার পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। হামলার একদিন পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বৈঠক করে এবং সীমান্তবর্তী সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সমর্থনের জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং আটারিতে ইন্টিগ্রেটেড চেক পোস্ট বন্ধ করা। ভারত হাইকমিশনের সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

টানা ৭ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চরমে

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এনিয়ে টানা সাত রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এনডিটিভি বলছে, পাকিস্তান সেনাবাহিনী টানা সাত রাত ধরে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা, উরি ও আখনূর সেক্টরে “বিনা উসকানিতে” ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে, তবে পরিমিতভাবে।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে বুধবার রাতে পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্তেও গুলিবর্ষণ শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মে সোমবার দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার ওপর। এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত হয়নি বলে বুধবার সন্ধ্যায় সময়ের আলোকে জানান খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
তিনি বলেন, ৪ ও ৫ মে ধরে পরিকল্পনা করছি। ম্যাডামকে দেশে আনার প্রস্তুতি চলছে। যদিও এখনও এয়ার অ্যাম্বুলেন্স কনফার্ম হয়নি। আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি।
গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। টানা ১৭দিন চিকিৎসা নিয়ে হাসপাতালে থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসাধীন চলছে।
জানা গেছে, খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী বিমানের বিজনেস ক্লাসে করে দেশে ফিরতে পারেন।
খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনার জন্য সহযোগিতা চেয়ে তার পরিবারের পক্ষ থেকে পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কি না এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কী ধরনের সহযোগিতা করবে- মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওটা নিয়ে তারা কাজ করছেন।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য সময়ের আলোকে বলেন, লন্ডন ক্লিনিক থেকে ম্যাডামকে পূণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি। বলা হয়েছে তিনি দেশে আসতে পারবেন। তবে চিকিৎসার মধ্যেই তাকে থাকতে হবে।
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান দেশে ফিরবেন। তিন নাতনি সবাই দেশে ফিরবেন কি না নিশ্চিত নয়।
খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘ দিন পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান।
জানা গেছে, রোজার ঈদের পর বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। যা চলে কয়েক সপ্তাহ। ধীরে ধীরে শারিরীক অবস্থার উন্নতি হয়। তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলোআপ করছেন নিয়মিত।
লন্ডন থেকে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সময়ের আলোকে বলেন, আমি লন্ডন এসেছি। ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারি। এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের ফেরার সম্ভবনা নেই। তারেক রহমানের ফেরা নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তের ওপর। আমি, ডা. জাহিদ ম্যাডামের সঙ্গে আছি। এছাড়া ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা ও গৃহপরিচারিকাও সঙ্গে আছেন।
লন্ডনে থাকা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, এখানকার ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন; কত দ্রুত তিনি ছুটি দেয়ার মতো অবস্থায় যেতে পারবেন।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সময়ের আলোকে জানান, আমি ঢাকায় আছি। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। আ্যাম্বুলেন্স পাওয়ার পর তা ঠিক হবে। ম্যাডাম দ্য লন্ডন ক্লিনেকে সেরা চিকিৎসা পেয়েছেন। সেখানে বিশ্ববিখ্যাত চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন।
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ২০২০ সালে তিনি সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি হয়নি। এরপর চার বছরে তাকে কয়েক দফা ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা ঢাকায় এসে খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়ে যান। তখন থেকেই বলা হচ্ছিল, বিদেশে নিয়ে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। গত অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দিলে সেই সুযোগ তৈরি হয়।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।

দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে।
সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন।
বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে। সেখানে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।’
রিজভী বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে। শ্রমিক দলের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
রিজভী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ সমাবেশে অংশ নেবেন।

 

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।

আজ বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।’

আলম বলেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেনা।’

প্রেস সচিব বলেন, ‘মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।

এবারের মে দিবসে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশে মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও দেশব্যাপী শ্রমিকদের অধিকার সামনে এনে নানান আয়োজনে পালিত হবে দিবসটি। মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও মর্যাদা আদায়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে বিবৃতি। অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তারা।  মহান মে দিবস বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ছুটির দিন ঘোষণা রয়েছে। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে এনেছে। মালিক-শ্রমিকদের সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়।

মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। মে দিবসের আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।

উল্লেখ্য, দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর তিন বছর পর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

ইত্তেফাককে ক্ষমা চাইতে তিন দিন সময় বেঁধে দিলো বিসিবি

স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করায় ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক এবং প্রকাশককে তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর সভাপতি ফারুক আহমেদ।

নির্ধারিত সময়ের মধ্যে তারা ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছে বিসিবি।

সোমবার পাঠানো ওই আইনি নোটিশে বলা হয়েছে, ‘দৈনিক ইত্তেফাক’-এর ২৪ এপ্রিলের দ্বিতীয় সংস্করণে প্রথম পৃষ্ঠা এবং ছয় নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর কলামে “স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশ, কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল” শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে বিসিবি ও এর সভাপতির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, প্রতিবেদনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের বিপুল পরিমাণ ফিক্সড ডিপোজিটের অর্থ সমস্যা থাকা ব্যাংকে স্থানান্তর করার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও সাজানো। প্রতিবেদনের মাধ্যমে কোনো যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিসিবির দাবি, সংবাদের তথ্যসূত্র ছিল অবিশ্বস্ত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন কর্মকাণ্ড হলুদ সাংবাদিকতার উদাহরণ এবং বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাঁয়তারা। বিসিবি বরাবরই আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে অটল রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক ও প্রকাশককে তিন কার্যদিবসের মধ্যে বিসিবির লোগো ও সভাপতির ছবি সংবলিত একটি স্পষ্ট খণ্ডন প্রতিবেদন প্রকাশ করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আদালতে (দেওয়ানি ও ফৌজদারি) আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে পিএসজি

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

২০০৯ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আর্সেনাল শুরুর ধাক্কা সামলে ম্যাচের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর একটি গোল ভিএআরে বাতিল হয় এবং পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা অসাধারণ কিছু সেভ দেন।

শেষের দিকে কিছু বড় সুযোগ পেলেও পিএসজির ব্র্যাডলি বারকোলা এবং গনকালো রামোস গোল করতে ব্যর্থ হন। তারা সফল হলে পিএসজিকে আরও বড় ব্যবধানে এগিয়ে যেতে পারতো।

বুধবার প্যারিসে যদি পিএসজি লিড ধরে রাখতে পারে, তাহলে ফাইনালে ইন্টার মিলান অথবা বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

ফলাফল আর্সেনালের জন্য বড় ধাক্কা হলেও সব কিছু এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করেন গোলরক্ষক ডেভিড রায়া। তিনি বলেন, ‘২৫ মিনিট থেকে আমরা দেখিয়েছি যে আমরা যেকোনো দলের বিপক্ষে জিততে পারি। এই মৌসুমে আমরা প্রমাণ করেছি যে আমরা প্রতিপক্ষের মাঠে জিততে পারি, তাই আমরা আগামী সপ্তাহে প্যারিসে গিয়ে জয়ের জন্যই খেলবো।’

গত অক্টোবরে গ্রুপ পর্বে আর্সেনাল ঘরের মাঠে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছিল, কিন্তু লুইস এনরিকের ফরাসি চ্যাম্পিয়নরা এখন অনেক বেশি শক্তিশালী দল।

সেই হারের পর থেকে পিএসজি ইংলিশ লিগের ক্লাবগুলোর জন্য কঠিন প্রতিপক্ষে পরিণত হয়েছে। গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, শেষ ষোলোতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করেছে এবং কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে।

স্বাগতিক ভক্তদের তুমুল সমর্থনের মধ্যেও পিএসজি প্রথম ২৫ মিনিট একেবারে আর্সেনালকে খেলতেই দেয়নি। তাদের গতি ও মুভমেন্টে কুলিয়ে উঠতে পারেনি মিকেল আরতেতার দল। ম্যাচ শুরুর পূর্বের আতশবাজির ধোঁয়া পুরোপুরি না কাটতেই গোল পায় পিএসজি।

খভিচা কভারাত্সখেলিয়া বল নিয়ে বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে ডেম্বেলেকে পাস দেন, সেখান থেকে বলটি পোস্টে লেগে জালে পাঠান ফরাসি তারকা।

শুরুর দিকে গোল হজম করে ব্যাপক চাপে পড়ে আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ড আক্রমণে ছুটে যাওয়া পিএসজির আশরাফ হাকিমিকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন এবং মারকুইনহোস হাকিমির ক্রস থেকে সরাসরি আর্সেনাল গোলরক্ষক রায়ার হাতে বল মারেন।

প্রথমার্ধে আর্সেনালের জন্য মাথাব্যথার কারণ হয়ে ওঠেন কভারাত্সখেলিয়া। জুরিয়েন টিম্বারের এক সন্দেহজনক চ্যালেঞ্জে পড়ে গেলে তিনি পেনাল্টির দাবি জানান।

এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলি বুকায়ো সাকার ক্রসে গোলের খুব কাছাকাছি গিয়েও বল স্পর্শ করতে পারেননি এবং বিরতির আগমুহূর্তে ডুনারুম্মার দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মনে হচ্ছিল আর্সেনাল সমতায় ফিরেছে। ডেকলান রাইসের ফ্রি কিক থেকে হেডে বল জালে পাঠান মেরিনো। কিন্তু দীর্ঘ ভিএআর চেকের পর অফসাইডের কারণে গোল বাতিল হয়।

কিছু সময়ের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল এবং পিএসজির রক্ষণভাগ কিছুটা নড়বড়ে দেখাতে থাকলে ট্রোসার্ডের নিচু শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ডুনারুম্মা।

তবে পিএসজি শেষদিকে যে সুযোগগুলো মিস করেছে। বারকোলা একেবারে ফাঁকা থাকার পরও বল বাইরে মেরে দেন। আর রামোসের শট লাগে ক্রসবারে। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই ফিরতি লেগ খেলা নিশ্চিত করে পিএসজি।

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। তার ওপর নির্যাতনের আলামত স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে।

ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে। তবে কোন থানায় নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্টরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে সিদ্দিকের ভিডিওটি আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা।

বিরাট-আনুশকার সুখী দাম্পত্যের গোপন তথ্য ফাঁস

সালটা ছিল ২০১৭। সে বছরই ডিসেম্বর মাসে চুপিচুপি ইতালিতে বিয়ে করেন ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

তাদের এই সুখের সংসারে রয়েছে দুই সন্তান। ভামিকা ও আকায়। তবে আজকাল যেখানে বলিউড থেকে ক্রিকেট একের পর এক তারকার সম্পর্ক ভাঙার খবর মেলে, সেখানে বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে কিন্তু কোনও নেতিবাচক খবর সামনে আসেনি। তাদের সম্পর্ক বিয়ের এত বছর পরেও বেশ মজবুত।

একবার তাদের এই সুখী এবং মজবুত সম্পর্কের ‘রহস্য’ (সিক্রেট) নিজেই ফাঁস করেছিলেন আনুশকা শর্মা। অভিনেত্রী জানিয়েছেন, কিভাবে তাদের দুজনের সম্পর্কের সমীকরণটা বেশ মধুর।

আনুশকার কথায়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সকল বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যেকোনও সম্পর্ককে মজবুত করে।

একইসঙ্গে আনুশকা মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়াটা ভীষণ প্রয়োজন। তার কথায়, সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দুজনেরই সমান ভূমিকা থাকা দরকার।

অভিনেত্রী মনে করেন, একজন প্রকৃত ভদ্র লোক সকলের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রাণী থেকে মানুষ সকলের প্রতি দয়াশীল হওয়াও প্রয়োজনীয়। আর যেকোনও সম্পর্কে ভালো শ্রোতা হওয়া খুবই বাঞ্ছনীয়। সবচেয়ে বড়কথা অহংকারবোধ পাশে সরিয়ে রেখে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সবগুলো দিক ঠিকঠাক এগিয়ে গেলেই একটা সম্পর্ক মজবুত হয়।