Home Blog Page 439

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পদক্ষেপের ফলে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আরও তীব্র আকার ধারণ করল।  শুক্রবার (২৩ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বোস্টন আদালতে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে যে-সব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হবে, অন্যথায় তারা আইনগত বৈধতা হারাবেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় সাত হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, যা মোট শিক্ষার্থীর ২৭.২ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে হার্ভার্ড কর্তৃপক্ষ একে ‘বেআইনি পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন বলেন, “আমরা আমাদের সদস্যদের দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য দ্রুত কাজ করছি। প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ডের সদস্য ও আমাদের দেশের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করেছে।”

উল্লেখ্য, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া কেন্দ্রীয় সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক ‘গভীর সমস্যায়’ জর্জরিত উল্লেখ করে তার প্রশাসন এরই মধ্যে তাদের ২৬৫ কোটি ডলারের তহবিল কমিয়েছে। এই বিষয়টিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে তুলেছে। এই নতুন মামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ডের আইনি লড়াই আরও বড় আকার ধারণ করল।

গাজায় অনাহারে আরও ২৯ জনের মৃত্যু

অবশেষে গাজার উদ্দেশ্যে পাঠানো ৯০ ট্রাক ত্রাণ জাতিসংঘের দলগুলোর কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ার তিন দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে গত দুই দিনে অনাহারে আরও ২৯ ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশির ভাগই শিশু। এদিকে গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যার বেশির ভাগ নিখোঁজ রয়েছে।

অন্যদিকে অবিলম্বে গাজার সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে গ্রিস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্স, ব্রিটেন ও কানাডা হামাসকে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন।

স্থানীয় সময় বুধবার দিনগত রাতে কেরেম শালোম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়্যারহাউজে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাজা উপত্যকায় ত্রাণবাহী ৯৩টি ট্রাক প্রবেশ করে বলে জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে ৯০ ট্রাক জাতিসংঘের স্বেচ্ছাসেবীরা ইসরায়েলের কাছ থেকে বুঝে পেয়েছে। বাকি তিনটির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই বিভিন্ন বেকারিতে ত্রাণের আটা পাঠিয়ে দেওয়া হয়। জাতিসংঘ বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমোদিত একমাত্র পথটিতে নিরাপত্তার অভাবে গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছাতে এত দেরি হলো।

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লী থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।

‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে, বলেন তিনি।

ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে।

নাহিদ বলেন, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একইসাথে দিতে হবে।

জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনড় বিএনপি

প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা সামনে আসার পরও জাতীয় নির্বাচনের পথনকশার (রোডম্যাপ) দাবিতে অনড় বিএনপি। বিএনপি  সূত্রগুলো বলছে, তাদের চাওয়া প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস থাকুক, কিন্তু ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করুক।

আবার অন্তর্বর্তী সরকারের জন্যও এই মুহূর্তে বিএনপির সমর্থন অনেক জরুরি। শুধু নির্বাচনই নয়, দেশের সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে এবং সফলভাবে সরকারের দায়িত্ব শেষ করতে এটা গুরুত্বপূর্ণ। তবে সরকার-ঘনিষ্ঠদের চাওয়া, সমর্থনের ঘোষণাটা বিএনপির দিক থেকে আসুক।

যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার বলেছেন, একান্তই যদি তিনি (ড. ইউনূস) দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র নিজ দায়িত্বে বিকল্প ব্যবস্থা নেবে। পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

অবশ্য প্রকাশ্যে এমন বক্তব্য থাকলেও আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে তাঁর সরকারি বাসভবন যমুনায় যাবেন বিএনপি নেতারা। অন্যদিকে সন্ধ্যায় সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। যমুনা এবং রাজনৈতিক সূত্র  এ তথ্য জানিয়েছে।

আগামীকাল শাহবাগে সমাবেশ করবে জুলাই ঐক্য

দেশবিরোধী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশ করবে জুলাই ঐক্য। আগামীকাল রোববার রাজধানীর শাহবাগে এই সমাবেশ হবে। সমাবেশের জন্য অনলাইন ও অফলাইনে প্রচার চালাচ্ছে প্ল্যাটফর্মটি।

শুক্রবার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় সংগঠনটি। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে- এমন ৮০টি সংগঠনের সমন্বয়ের এই প্ল্যাটফর্মটি গঠিত।

এসময় জুলাই ঐক্যর নেতারা, ড. ইউনূস যতদিন জুলাই কে ধারণ করে দেশ পরিচালনা করবেন ততদিন তার সাথে থাকার ঘোষণা দেন।

জুলাই ঐক্য সংগঠক এবি জুবায়ের বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হচ্ছে না। তাই আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি। জুলাইয়ে আন্দোলন কোন স্বার্থে নয়, তারা দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে।

দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহ্যাম

অবশেষে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটাল টটেনহ্যাম হটস্পার। স্যান মামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফির খাতা ১৭ বছর পর খুললো লন্ডনের ক্লাবটি। ইউরোপা লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল ‘স্পারস’রা।

বুধবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত হয়েছে তাদের। ইউনাইটেডের হৃদয়ভাঙা বহুমূল্য একমাত্র গোলটি করেছেন ব্রেনান জনসন।

পারফরম্যান্সে টটেনহ্যাম ও ইউনাইটেডের এবারের প্রিমিয়ার লিগের যাত্রা ছিল লে যাওয়ার মতো। পয়েন্ট টেবিলে ইউনাইটেড ১৬ ও টটেনহ্যাম ১৭ নম্বরে রয়েছে। তাদের পরের তিনটি দলই রেলিগেশন জোনের। লিগের বাজে দুই দল হলেও ইউরোপা লিগের ফাইনালে উত্তাপও ছিল বেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যানইউকে হতাশ করে ট্রফি নিজেদের করে নিল টটেনহ্যাম।

বিলবাওয়ের মাঠে প্রথমার্ধের কিছু আগে জয়সূচক গোলটি পায় টটেনহ্যাম। পাপে মাতার সার-এর ডানদিক থেকে আসা একটি ক্রসে জনসন লুক শ’কে পরাস্ত করেন। বলটি দু’জন খেলোয়াড়ের গায়ে লেগে ধীরে ধীরে গোলরক্ষক আন্দ্রে ওনানার পাশ দিয়ে জালে জড়ায়। এটি ছিল কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে টটেনহ্যামের পক্ষে ২০০৮ সালের পর করা প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালালেও ইউনাইটেড ছিল নিষ্প্রাণ। বারবার আক্রমণ করেও ভাঙতে পারেনি টটেনহ্যামের শক্ত রক্ষণভাগ। ৬৮ মিনিটে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রাসমুস হøইলুন্ড। গোলরক্ষক ভিকারিও বল ফসকালে তার হালকা চিপ শটটি গোললাইন থেকে দুর্দান্তভাবে সেভ করেন ডিফেন্ডার মিকি ফন দ্য ফেন।

ম্যাচের শেষ সময়ে পেনাল্টির দাবি ওঠে লুক শ’য়ের ওপর পেদ্রো পোরোর একটি ট্যাকলের ঘটনায়, তবে রেফারি সেটি নাকচ করে দেন। অতিরিক্ত সময়ে শ’য়ের হেডার ঝাঁপিয়ে রক্ষা করেন ভিকারিও। শেষ পর্যন্ত ব্রেনান জনসনের একমাত্র গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম। এই জয় তাদের ইউরোপা লিগের ইতিহাসে তৃতীয় শিরোপা। এর আগে ১৯৭২ এবং ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা জিতেছিল ক্লাবটি।

এই জয়ে দুই মৌসুমের বিরতির পর চ্যাম্পিয়নস লিগে ফেরার পাশাপাশি আগামী আগস্টে উডিনেতে উয়েফা সুপার কাপ ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইন বা ইন্টার মিলানের মুখোমুখি হবে টটেনহ্যাম। ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ আঞ্জে পোস্তেকগলু বলেন, ‘আমি সবসময় আমার দ্বিতীয় মৌসুমে কিছু না কিছু জিতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি যা বলি, বিশ্বাস করেই বলি।’

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি আরেকটি হতাশাজনক রাত। এই হারে তারা ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে এবং প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে হেরে গেলে টটেনহ্যামের নিচে নেমে যেতে পারে। দুই দলই এখন লিগে সর্বোচ্চ ১৪তম স্থানে থেকে মৌসুম শেষ করতে পারবে।

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন লুকা মডরিচ

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লুকা মডরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবর্ধনা দেবে। লুকা মডরিচ এক বক্তব্যে জানিয়েছেন, তার বিদায় বলার সময় হয়ে গেছে।

লুকা মডরিচকে নিয়ে দুই রকমের গুঞ্জন ছিল। রিয়াল মাদ্রিদে তার আরও এক মৌসুম চুক্তি নবায়নের সম্ভাবনা ছিল। সেটা আর হচ্ছে না। জুনের ক্লাব বিশ্বকাপ খেলেই রিয়াল ছাড়বেন তিনি।

লুকা মডরিচ লিখেছেন, ‘সময় হয়ে গেছে। এই মুহূর্ত কখনো না আসুক এটাই সবসময় চেয়েছিলাম। এটাই ফুটবল এবং জীবনে সবকিছুর শুরুর মতো শেষও আছে। আগামী শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার ক্যারিয়ারেরে শেষ ম্যাচ খেলবো।’

২০১২ সালে আমি বিশ্বের সেরা এই ক্লাবের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিলাম, বড় কিছু অর্জনের উচ্চাকাঙ্খা ছিল, আমার সামনে কী অপেক্ষা করছে তা চিন্তা করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে শুধু ফুটবলার হিসেবে নয় ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে গেছে।

আমি ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবের সবচেয়ে সফল যুগের অংশ হতে পেরে গর্বিত। আমি এই ক্লাবকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচদের, যারা এই সময়ে আমাকে নানাভাবে সহায়তা করেছেন।

বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে এই দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে করে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য হলো— ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে, গত ১৭ মে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়। ওই দাম কার্যকর হয়েছিল ১৮ মে থেকে।

এ বছর ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে, আর কমানো হয়েছে ১২ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—সেবছর মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়। তার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম রয়েছে আগের জায়গায়। দেশের বাজারে এখনো ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

রুপার অন্যান্য মান অনুযায়ী দাম হলো— ২১ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।

আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ১০ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশ ডলার বেড়েছে। ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯৯ ডলার। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিওটিআই) অপরিশোধিত ফিউচারের দাম ২ দশমিক ১৬ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬০ দশমিক ৯৯ ডলার হয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান।

উপসাগরীয় অঞ্চলে সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি। তিনি বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।

এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে।