Home Blog Page 462

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামীকাল সোমবার।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো: আশফাকুল ইসলামসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন- উভয়পক্ষেরই করা লিভ টু আপিলের শুনানি একসাথে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

গত বছরের ২৭ নভেম্বর সাত বছরের কারাদণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। গত ২৩ ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে।

২০১১ সালের আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে দুদক।

এ মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকার সময় তিনি তার ক্ষমতা অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করেছেন।

ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করে বিশেষ জজ আদালত।

ভেঙে গেল ১২ দলীয় জোট

শনিবার (১ মার্চ) জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যানের রাজধানীর খিলগাঁও কার্যালয়ে জাতীয় পার্টির (জাফর) নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি (জাফর) অংশীজন হিসেবে সর্বশক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম জোরদার করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবীব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো: নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার প্রমুখ।

এ ব্যাপারে জাতীয় পার্টি (জাফর) সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, ‘দীর্ঘ দিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নাম সর্বোচ্চ নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষাপটে আজ নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় আজকে থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

একইসাথে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোটের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত দলের জরুরি সভায় জাতীয় পার্টির (জাফর) নেতারা ১২ দলীয় জোটের দীর্ঘ দিনের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে জোটের কয়েকজন নাম সর্বোচ্চ নেতার কর্মকাণ্ড নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতারা চরম অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সকল নেতারা দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড ছাপ সৃষ্টি করেন। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ট্রাম্পের মনোনয়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে মনোনীত করেছেন। ইংরেজিকে সরকারি ভাষা করার মাধ্যমে তা যুক্তরাষ্ট্রে সংহতি বয়ে আনবে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, অনেক দিন আগে থেকেই ইংরেজিকে দেশের দাফতরিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়, ‘একটি ঐক্যবদ্ধ ও সুসংহত সমাজের মূলে রয়েছে জাতীয়ভাবে মনোনীত একটি ভাষা। একটি সুনির্দিষ্ট ভাষায় স্বাধীনভাবে ভাব বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা জাতীয় মূল্যবোধকে শক্তিশালী করবে এবং আরো সুসংহত ও দক্ষ সমাজ গঠন করবে।’

এই আদেশটি ১৯৯০-এর দশকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে নেয়া আদেশটি রদ করেছে। সে সময় ফেডারেল সংস্থা ও ফেডারেল তহবিল প্রাপ্ত সংস্থাগুলোকে অ-ইংরেজি ভাষাভাষীদের সহায়তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছিল।

তবে নতুন আদেশে বলা হয়, ইংরেজি ছাড়া অন্য ভাষায় কতটা সাহায্য প্রদান করা হবে তা নির্ধারণ করবে সংস্থাগুলো।

নির্বাহী আদেশে বলা হয়, ‘এই আদেশের কোনো কিছুই কোনো সংস্থার পরিষেবাগুলোতে কোনো পরিবর্তনের নির্দেশ দেয় না।’

এতে আরো বলা হয়, সংস্থা প্রধানদের ‘তাদের নিজ নিজ সংস্থার লক্ষ্য পূরণ ও মার্কিন জনগণকে দক্ষতার সাথে সরকারি পরিষেবা দেয়ার জন্য কী প্রয়োজন তা নির্ধারণ করার ক্ষমতা দেয়া হয়েছে।’

ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই দেশটিতে একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন। তার অনেক আদেশই আদালত স্থগিত করে।

যুক্তরাষ্ট্রে ৩৫০ টিরও বেশি ভাষায় কথা বলা হয়।

তবে আদেশে বলা হয়, ‘ইংরেজি আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার সময় থেকেই প্রচলিত রয়েছে এবং আমাদের জাতির ঐতিহাসিক পরিচালনা দলিল। স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানসহ সবই ইংরেজিতে লেখা হয়েছে।’

যুক্তরাষ্ট্রে ইংরেজি সংখ্যাগরিষ্ঠ ভাষা। কিন্তু ২০১৯ সালের মার্কিন সরকারের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ছয় কোটি ৮০ লাখ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে। অনুমান করা হয় আমেরিকার চার কোটির বেশি মানুষ বাড়িতে স্প্যানিশ ভাষায় কথা বলে।

চীনা ও ভিয়েতনামীসহ অন্যান্য অভিবাসী গোষ্ঠী ছাড়াও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি স্থানীয় আমেরিকান ভাষা রয়েছে।

সূত্র : বাসস

ট্রাম্পের সাথে বাগবিতণ্ডা : যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন পেলেন জেলেনস্কি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সাথে সাক্ষাত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় স্টারমার তাকে বলেছেন, ‘যুক্তরাজ্য জুড়ে তার প্রতি পূর্ণ সমর্থন’ আছে।

জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত যে তার দেশের এমন বন্ধু আছে। যুক্তরাজ্যে পৌঁছানোর আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বাগবিতণ্ডার পর তাকে হোয়াইট হাউজ ছাড়তে বলা হয়েছিল।

জেলেনস্কি এবং স্যার কিয়ের ইউক্রেনে সামরিক সরবরাহের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি চুক্তিতে সই করেছেন। এই অর্থ জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে শোধ হবে।

শনিবারের বৈঠকের পর স্যার কিয়ের স্টারমার ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা এবং বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন আয়োজন করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এছাড়া জেলেনস্কি রাজা চার্লস তৃতীয়-এর সাথে সাক্ষাত করবেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতু হিসেবে দেখাতে চেয়েছেন। ট্রাম্প প্রশাসন ইউরোপের নিরাপত্তার বিষয়ে যে কম জড়িত হতে চাইছে, সেই আকাঙ্ক্ষা ইউরোপও গ্রহণ করেছে।

জেলেনস্কির এক দিন আগে কিয়ের স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আন্তরিক পরিবেশেই বৈঠক করেছিলেন।

বৈঠকের সামনে তিনি ট্রাম্পের কাছে রাজার একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন। কিন্তু ওভাল অফিসের ঘটনার পর এসএনপি এমপিরা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

ওভাল অফিসের বাগবিতণ্ডার ঘটনার পর স্যার কিয়ের ফোনে ট্রাম্প ও জেলেনস্কির সাথে যোগাযোগ করেছেন। তিনি ইউক্রেনের জন্য একটি উপায় বের করতে চান, কারণ তারা শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি চাইছেন।

শনিবার জেলেনস্কির ডাউনিং স্ট্রিট সফরে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য অব্যাহত সমর্থন জানানোর একটি সুযোগ করে দিয়েছে।

এ সময় বাইরে জনতার উল্লাসের কথা উল্লেখ করে তিনি ইউক্রেনের নেতাকে বলেছেন, ‘যুক্তরাজ্যের মানুষ এভাবেই বাইরে এসে দেখিয়েছে যে তারা আপনাকে ও ইউক্রেনকে কতটা সমর্থন করে।’

তিনি আরো বলেন, ‘আমরা আপনার ও ইউক্রেনের সাথে আছি যতটা দীর্ঘ সময় দরকার।’

জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি অনেক মানুষ দেখেছি এবং যুদ্ধের শুরু থেকেই যুক্তরাজ্যের মানুষকে এমন বড় সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

তিনি জানান, রাজা চার্লসের সাথে বৈঠক নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং ইউরোপিয়ান সম্মেলনের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এটা পরিষ্কার যে রাজার সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকটি হচ্ছে তারই অনুরোধে, যাতে যুক্তরাজ্য সরকার সায় দিয়েছে।

ডাউনিং স্ট্রিটের বৈঠকের পর জেলেনস্কি যুক্তরাজ্যে সমর্থনের প্রশংসা করেছেন। বিশেষ করে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড এর বিষয়টি তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, এই অর্থ ইউক্রেনে অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হবে। এটি সত্যিকার ন্যায় বিচার। যারা যুদ্ধ শুরু করেছে তাদের অবশ্যই মূল্য দিতে হবে। এই ঋণের ঘোষণাটি প্রথম দেয়া হয়েছিল গত অক্টোবরে।

হোয়াইট হাউজের ঘটনার পর জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মেরামতের উদ্যোগ নিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিতর্ক সত্ত্বেও আমরা কৌশলগত অংশীদারই আছি। কিন্তু আমাদের পরস্পরের সাথে সৎ হওয়া দরকার এবং সরাসরি যৌথ লক্ষ্যগুলো সত্যিকার অর্থে অনুধাবন করা দরকার।’

পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি যুদ্ধের অবসান চান, কিন্তু কেউই আমাদের চেয়ে বেশি শান্তি চায় না। আমরা ইউক্রেনে যুদ্ধের মধ্যে বাস করছি। এটা আমাদের মুক্তির, আমাদের টিকে থাকার লড়াই।’

ইউক্রেন যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিক্রিয়ায় রোববারের বৈঠকই শীর্ষ ইউরোপীয় নেতাদের সর্বশেষ রাউন্ডের বৈঠক।

ট্রাম্প প্রশাসন এর আগে রাশিয়ার সাথে প্রাথমিক আলোচনায় ইউরোপকে অন্তর্ভুক্ত করেনি। রোববারের আলোচনার শীর্ষ অ্যাজেন্ডা থাকবে ইউরোপের নিরাপত্তা সক্ষমতা আর হোয়াইট হাউজের কাছ থেকে যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি আদায় করা।

এর আগে প্যারিস সামিটের পূর্বে ইউক্রেনে ব্রিটিশ সৈন্য মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন স্যার কিয়ের। তবে বলেছেন, এতে যুক্তরাষ্ট্রের সমর্থন দরকার হবে।

শান্তি চুক্তিতে ইউক্রেনের জন্য সরাসরি সামরিক সহায়তার বিষয়টি ট্রাম্প প্রত্যাখ্যান করে আসছেন। তবে তিনি ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কথা বলেছেন, যার আওতায় একটি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।

এখন শুক্রবার ওভাল অফিসে বাগবিতণ্ডার পর ট্রাম্প ইউক্রেনের সহায়তা কমিয়ে আনার কথা চিন্তা করছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

একইসাথে ইউরোপীয় নেতারা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তা স্বীকার করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুক্তরাজ্যের সামরিক বাহিনী এই মুহূর্তে অতিরিক্ত সামরিক দায়িত্বের জন্য প্রস্তুত নয়।

রোববার স্যার কিয়ের ও জেলেনস্কি ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সাথে বৈঠক করবেন। এতে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধান এবং ন্যাটোর সেক্রেটারি জেনারেল উপস্থিত থাকবেন।

ইউরোপিয়ান কমিশনের প্রতিরক্ষাবিষয়ক একটি স্পেশাল প্যাকেজ ৬ মার্চ ঘোষণা করার কথা রয়েছে।

ওদিকে যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও লড়াই অব্যাহত আছে। খারকিভে রাতভর ড্রোন হামলায় সাতজনের মৃত্যুর খবর এসেছে। রাশিয়ায় এক রাতেই ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

ট্রাম্পের সাথে জেলেনস্কির সম্পর্ক ঠিক করতে হবে : ন্যাটো প্রধান

সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ঠিক করার জন্য একটি উপায় খুঁজে বের করা।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুট জানান, হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর তিনি জেলেনস্কির সাথে দু’বার ফোনে কথা বলেছেন।

ট্রাম্পের সাথেও ফোনে কথা বলেছেন উল্লেখ করে রুট জানান, ফোনালাপে কী আলোচনা হয়েছে তা বলার অনুমোদন তার নেই।

ন্যাটো প্রধান আরো জানান, তিনি জেলেনস্কিকে বলেছেন যে ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তার জন্য তাকে সম্মান করা উচিত।

রুট জানান, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে আগের দিনের বাগ্বিতণ্ডা ‘দুর্ভাগ্যজনক’ এবং তাদের সম্পর্ক মেরামত করা দরকার।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির মার্কিন প্রেসিডেন্ট ও সিনিয়র মার্কিন নেতৃত্ব দলের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের একটি উপায় খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।’

রুট স্মরণ করে বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি

হোচট খেল রিয়াল মাদ্রিদ

আবারো হোচট খেল রিয়াল মাদ্রিদ। ছন্নছাড়া ফুটবলে রিয়াল বেতিসের বিপক্ষে খোলসবন্দী হয়ে থাকল লস ব্লাঙ্কোজরা। তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে বেড়েছে ব্যবধান, কঠিন হয়ে উঠছে শিরোপার লড়াই।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ বেনিটো ভিলামারিনায় রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিস।

এদিন ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর যখন নিজেদের আরো শক্তিশালী করবে তারা, তখন সময়ের সাথে সাথে আরো পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোজরা। একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ম্যাচের।

সেই সুযোগে প্রবল চাপ দিল রেয়াল বেতিস। জোড়া সাফল্যও পেয়ে গেল তারা। আগে অনেক ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল এদিন আর তেমন কিছুই করতে পারেনি, দর্শকদের উপহার দেয় হতাশা।

শুরুটা ছিল ভিন্ন। ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফরাসি লেফট ব্যাক মেন্ডির পাস থেকে দলকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। তবে ২২ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মিলেছিল বেতিসের।

ইসকোর নেয়া ফ্রি কিক রুডিগার ক্লিয়ার করলেও বলের দখল নেন অ্যান্টনি, তারই বানিয়ে দেয়া বলে রিকার্ডো রদ্রিগেজ শট নিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। বেঁচে যায় সফরকারীরা।

এরপর পর এক আক্রমণ করে গোলও আদায় করে নেয় বেতিস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে হেডে গোল করে বেতিসকে সমতায় ফেরান জনি। রিয়াল দ্বিতীয় গোলও পেয়ে যেতো দ্রুতই। তবে বিরতির ঠিক আগে কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল।

বেতিসের মিডফিল্ডার কার্দোসোর হেড ঝাঁপিয়ে কোনোমতে আটকান বেলজিয়ান এই গোলরক্ষক। তাতে সমতা ধরে রেখেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বেতিস। ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে বেতিসের ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার রুডিগার।

একইসাথে পেনাল্টি পায় বেতিস। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ইসকো। ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

বাকি সময়ে বল দখলে এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ফলে বেতিসের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল।

লিগে ২৬ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ হার। ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইল তারা। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সা।

আর দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে রিয়াল বেতিস।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে মাঠে নামার আগে বেতিসের কাছে হার রিয়ালের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো।

দীর্ঘ ১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহের ইমামতি ফেরত পেলেন মুফতি আবুল খায়ের

১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়েছে বরেণ্য আলেম মুফতি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে।

রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহে ঈদ-উল-ফিতরের ১৯৮তম জামাত উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। এতে ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এবারো শোলাকিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল ১০টা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও বিজিবি ছাড়াও সেনাবাহিনী

স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে।

প্রস্তুতিমূলক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আল আমিনসহ অনেকেই মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে ইমাম হিসেবে পুনর্বহালের দাবি জানিয়ে বক্তব্য দেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ ক্যাম্পের মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলার পিপি অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলমগীর হোসাইন তালুকদার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো: ফয়সাল প্রিন্সসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আলেম সমাজের প্রতিনিধিরা।

সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব মো: এরশাদ মিয়া।

উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহ কমিটির বৈধ নিয়ম অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের নেতাদের চাপে তৎকালীন জেলা প্রশাসক মো: শাহ কামাল তাকে বেআইনিভাবে

সরিয়ে দেন। পাশাপাশি মোতাওয়াল্লির অধিকারকেও ছিনিয়ে নেয়া হয়। ওয়াকফ দলিলকে তোয়াক্কা না করে তৎকালীন জেলা প্রশাসক শাহ কামাল ইমাম হিসেবে নিয়োগ দেন বেসরকারি এনজিও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান বিতর্কিত আলেম ফরীদ উদদীন মাসউদকে। তখন এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে ঈদের জামাত নিয়ন্ত্রণ করে। মুফতি ছাইফুল্লাহর আগে তার বাবা উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ (রহ:) ৩০ বছর শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে অবৈতনিক দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫ বছর শোলাকিয়া ইমামের পদ থেকে সরিয়ে রাখা হয় উপমহাদেশের প্রখ্যাত আলেম আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ রহ:-এর সন্তান ও কিশোরগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম পরিবর্তনেরও দাবি উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সোচ্চার হন অনেকেই। তাদের দাবি, ‘চাপিয়ে দেয়া’ ইমামকে অবিলম্বে সরিয়ে মোতাওয়াল্লি নিযুক্ত আগের ইমাম মুফতি আবুল খায়ের মো: সাইফুল্লাহকে আবারো ইমামের দায়িত্ব দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে রোববার মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহালের সিদ্ধান্ত হয়।

দিরিলিসের দৃশ্যায়নে বাংলাদেশী নাশিদ, উচ্ছ্বসিত ভক্তরা

দেশের ইসলামী সঙ্গীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করল ‘ব্লাড আইডেন্টিটি’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নাশিদ হিসেবে এরই মধ্যে এটিকে দারুণভাবে গ্রহণ করেছেন ভক্তরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাশিদটি মুছলেহ উদ্দিন আখন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘muslah’ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়।

জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস ও ‍কুরুলুসের আদলে দৃশ্যায়িত করায় এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নাশিদটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত মুখ ইসলামী শিল্পী মুছলেহ উদ্দিন আখন্দ এবং ভিডিও পরিচালনায় ছিলেন এইচ আল হাদী। নাশিদটির লিরিক লিখেছেন সাইয়েদ এনায়েত তানভির। সুর করেছেন এইচ আহমেদ। অডিও প্রোডাকশনে ছিলেন পারভেজ জুয়েল আর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাবিল মোস্তফা।

ব্যতিক্রমী নাশিদটি নিয়ে শিল্পী মুছলেহ উদ্দিন আখন্দ বলেছেন, এর ভিডিও নির্মাণে মুসলিম ঐতিহ্যের স্পষ্ট ছোঁয়া রাখতে চেষ্টা করা হয়েছে। একইসাথে এতে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী চেতনা, বীরত্ব ও আত্মত্যাগের বার্তা। ব্যয়বহুল এই ভিডিওতে সিনেমাটিক ভিজ্যুয়াল, উন্নতমানের সিনেমাটোগ্রাফি ও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশে ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে নতুন এক দিগন্ত।

নাশিদ সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, ‘ব্লাড আইডেন্টিটি’ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ইসলামী সঙ্গীত ভিডিও। তারা মনে করছেন, এটি ইসলামী সঙ্গীতের প্রচলিত ধারা বদলে দিতে পারে এবং আন্তর্জাতিক মানের নাশিদ তৈরির পথ সুগম করবে।

এ সংক্রান্ত বিশ্লেষকরা মনে করছেন, ‘ব্লাড আইডেন্টিটি’র মতো উদ্যোগ বাংলাদেশে ইসলামী সঙ্গীতকে আরো আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে পারে। যদি এই ধারা বজায় থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিশ্বমানের নাশিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে একজন ভক্ত লিখেছেন, বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতে ‘ব্লাড আইডেন্টিটি’ নতুন যুগের সূচনা করল। তিনি ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আরো অনেকে নাশিদটির ভূয়সী প্রশংসা করেছেন।

নাশীদটি ইতোমধ্যে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের লাশ উদ্ধার

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিউ মেক্সিকোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে দু’জনকে।

বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা জানিয়েছেন, বুধবার বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। মেন্ডোজা এখনো তাদের মৃত্যুর কারণ প্রকাশ করেননি।

৯৫ বছর বয়সী জিন হ্যাকম্যান এক সময় একের পর এক ব্যর্থতায় নিজের ক্যারিয়ারের শেষ দেখতে পান।

তবে নিজেকে দমিয়ে রাখেননি তিনি। প্রচণ্ড পরিশ্রম নতুন করে সাফল্য এনে দেয় তার ঝুঁলিতে। ১৯৭১ সালের ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’-এ নিউ ইয়র্কের কঠোর ও রুক্ষ পুলিশ অফিসার জিমি ‘পোপাই’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি সেরা অভিনেতার অস্কার জয় করেন।

তার স্ত্রী বেটসি আরাকাওয়া ছিলেন একজন ৬৩ বছর বয়সী ক্লাসিক্যাল পিয়ানোবাদক।

ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দু’টি অস্কার, দু’টি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান।

‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।

অস্কারে উপস্থাপক হিসেবে একঝাঁক তারকার নাম ঘোষণা

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে। এর সাথে সাথে আসছে নতুন নতুন ঘোষণা। এবার উপস্থাপকদের তালিকায় নতুন তারকাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছেন ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, গ্যাল গ্যাডটের মতো তারকাদের নাম।

আরো আছেন অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল জ্যাকসন, মার্গারেট কোয়াললি, আলবা রোয়ারওয়াচার, জোয়ে স্যালডানা এবং রেচেল জেগলার। অনুষ্ঠানের মূল সঞ্চালক কোনান ও’ব্রায়ান। তার পাশাপাশি এইসব তারকারাও উপস্থাপক হিসেবে হাজির হবেন। ঘোষণা করবেন বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম।

এ ঘোষণাটি করেছেন অস্কার কমিটির এক্সিকিউটিভ প্রডিউসার এবং শো রানার রাজ কাপুর এবং এক্সিকিউটিভ প্রডিউসার কিটি মুলান।

আগামী রোববার (২ মার্চ) রাত ৭টায় সরাসরি সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান। লাল গালিচার আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এর আগে ঘোষণা করা হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো আলউইন, হ্যালি বেরি, স্টারলিং কে ব্রাউন, পেনেলোপ ক্রুজ, উইলেম ড্যাফো, আনা দে আর্মাস, লিলি-রোজ ডিপ, রবার্ট ডাউনি জুনিয়র, এল ফ্যানিং, উহপি গোল্ডবার্গ, সেলেনা গোমেজ, গোল্ডি হান, স্কারলেট জোহানসন, জন লিথগো, সিলিয়ান মারফি, কনির নিলসেন, এ্যামি পোহলার, ডা’ভাইন জয় রেনডলফ, জুন স্কুইব, বেন স্টিলার, এমা স্টোন, অপরা উইনফ্রে এবং বাওয়েন ইয়াং। শো-এর তারকাদের তালিকা আরো বড় হবে। শিগগিরই তাদের নামও প্রকাশিত হবে।

৯৭তম অস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।