Home Blog Page 472

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২০ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

এতে বলা হয়েছে, গত ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৩৭২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৫০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৬৬ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৬৪ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬১ শতাংশ এবং অন্যান্য দেশের ৩ শতাংশ নাগরিক রয়েছেন।

 

আবা/এসআর/২৫

আজ কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

‘আর্থনা সামিট-২০২৫’- এ ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এছাড়াও, এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।

 

আবা/এসআর/২৫

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশা বহির্ভূত নির্মাণ কাজের দায়ে আলম খান এলাকায় স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর শহরের পশ্চিম দেওভোগ এলাকার খন্দকার সফুরা ভিলাকে ১ লাখ টাকা জরিমানা ও প্লানের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, দুটি বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজ অফিসার এফ আর আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির ও ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক আজ

আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে এনসিপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।

 

আবা/এসআর/২৫

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলিউড চলচ্চিত্র

০

গত ২১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। তবে মুক্তির আগেই চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়েছে লেবাননে। কারণ চলচ্চিত্রটিতে রয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।

সিনেমাটি সরাসরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার।

লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটিতে গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করেছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক প্রেক্ষাপটে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

লেবানিজ এক চলচিত্র সংস্থা জানায়, বেশ আগে থেকেই ইসরায়েলি হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছেন গ্যাদত। ফলে তার অভিনীত কোনো সিনেমায় দেশটিতে মুক্তি পায়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ১৯১ রানেই অলআউট

০

সিলেট টেস্টের প্রথম দিনেই ১৯১ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠও যেন অচেনা হয়ে উঠেছে টাইগারদের কাছে। জিম্বাবুয়ের বোলারদের কাছে একে একে উইকেট বিলিয়ে দিয়ে নাজমুল হোসেন শান্তর দল থেমেছে ১৯১ রানে। ৬১ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ।

এর আগে সিলেটে বছরের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টপ অর্ডারদের ব্যর্থতার পর মিডলঅর্ডার ব্যাটসম্যান জাকের আলী লড়ছিলেন হাসান মাহমুদকে নিয়ে। হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়েছেন। এরপর আউট হন জাকের আলিও। তিনি ৫৯ বলে ২৮ মাধেভেরের বলে ক্যাচ তুলে দিয়েছেন সাজঘরে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

উইকেটে থিতু হয়েও উইকেট দিয়ে এসেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩২ রানে এই দুজনকে হারানোর পর তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন মুমিনুল হক ও শান্ত। ৯৮ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক (৪০)।

বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকানো মুমিনুল (৫৬) পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ১৩৬ রানে। দলীয় ১৪৬ রানের মধ্যে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও।

দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে হাসানের (১৯) পতনের পর বাকি ২ উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। ১৯১ রানেই অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা।

জিম্বাবুয়ের হয়ে বল করেছেন পাঁচ বোলার। তাদের মধ্যে রিচার্ড এনগারাভা ছাড়া সফল ছিলেন সবাই। ৩টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। ২টি উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াচি। আর ওয়েসলে মাধেভেরে ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

লাল বলের ক্রিকেট দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল আবার সিলেট ভেন্যুর প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি।

সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এরমাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে।

বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে ভূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা-ভাবনা হচ্ছে।

দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এ প্রকল্পগুলো ভারতের ‘স্থলবেষ্টিত’ উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুঁড়ি করিডরের (চিকেন নেক করিডর) ওপর থেকে নির্ভরশীলতা কমানো। যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, “এ মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশি দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। (প্রকল্প পুনরায় শুরু করতে) প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে।”

২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল ১২ দশমিক ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি। এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

ভারতের সহযোগিতায় নির্মাণাধীন তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া-শাহবাজপুর রেললাইন, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং ঢাকা-টঙ্গি-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প।

আখাউড়া-আগরতলা (ত্রিপুরা) ক্রস-বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের ৪০০ কোটি রুপি সহায়তায় করা হচ্ছিল। এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। যার ৬ দশমিক ৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন বাংলাদেশে। আর ত্রিপুরায় ৫ দশমিক ৪৬ কিলোমিটার। খুলাবুড়া-শাহজাদপুর রেললাইন এই প্রকল্পের অংশ। এটির লক্ষ্য ছিল নতুন রেললাইন নির্মাণ ও পুরোনো লাইনের মাধ্যমে আসামের সঙ্গে সংযোগ উন্নত করা।

অপরদিকে খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অব ক্রেডিটের মাধ্যমে। এই প্রকল্পের খরচ ৩ হাজার ৩০০ কোটি রুপি। এটির মাধ্যমে মোংলা বন্দর ও খুলনার মধ্যে ৬৫ কিলোমিটার দীর্ঘ ব্রড গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছিল। এরমাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোংলা বন্দর ব্রডগেজ রেললাইনের আওতায় আসবে। এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের।

অপরদিকে ঢাকা-টঙ্গি-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ ২০২৭ সালে শেষ হওয়ার কথা আছে। তবে বিলম্বিত এ প্রকল্পের কাজটি গত বছর পর্যন্ত মাত্র ৫০ শতাংশ শেষ হয়েছে। ১ হাজার ৬০০ কোটি রুপির এ প্রকল্পের কাজটি করা হচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়। তবে এক্ষেত্রে অর্থ ছাড়ে কিছু ঝামেলা দেখা গিয়েছিল বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আর পাঁচটি আলাদা জায়গায় যে স্থান জরিপের কাজ চলছে সেগুলোর কাজও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অপর একটি সূত্র।

(পরিবর্তিত পরিস্থিতে) ভারত তার অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এর অংশ হিসেব ভারত সরকার উত্তর প্রদেশ এবং বিহারে রেললাইন দ্বিগুণ থেকে চারগুণ করার সম্ভাব্যতা যাচাই করছে। এরমাধ্যমে নিজেদের নির্ভরতা ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। সেখানে এখন জরিপ কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা।

একইসঙ্গে, ভারত ভুটান ও নেপালের মধ্যে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করছে। যদিও লজিস্টিক্যালি এ রুটগুলো খুবই জটিল হবে। কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত।

উদাহরণ স্বরূপ, ভারত ও নেপালের মধ্যে রেললাইন সংযোগ স্থাপনের আগের যে পরিকল্পনাটি আছে সেটি নিয়ে ভাবা হচ্ছে। যারমধ্যে রয়েছে বিরাটনগর-নিউ মালের মধ্যে ১৯০ কিলোমিটার এবং কাজালিবাজার সেকশনেরর গালগালিয়া-ভদ্রপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ।

অপরদিকে পশ্চিমবঙ্গে (শিলিগুঁড়ি করিডরের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে) কুমেডপুর-আম্বারি ফালাকাতা অংশে ১৭০ কিলোমিটার নতুন লাইন এবং পশ্চিমবঙ্গ-বিহারের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে আরও ২৫ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হবে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার প্রায় দুই মাস পর তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিলো।

রোববার (২০ এপ্রিল) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে এই সংস্কার কমিশন গঠন করা হয়। এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেছেন সাত সদস্য।

এই কমিশনের অন্য সদস্যরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, বিআইএসএস’র পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, লেখক ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কমিশনগুলো হলো: সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন সংস্কার।

দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি কমিশন হচ্ছে: স্বাস্থ্যখাত সংস্কার, শ্রম সংস্কার, নারী বিষয়ক সংস্কার, স্থানীয় সরকার সংস্কার ও গণমাধ্যম সংস্কার কমিশন।

এসব কমিশনকে ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রথমে ৩১ মার্চ এবং দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়।

কমিশনগুলোর মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন জমা পড়ে ২২ ফেব্রুয়ারি।

ইউক্রেনে ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে দু’দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৯ এপ্রিল) ক্রেমলিন জানিয়েছে, আপাতত ইউক্রেনে ‘সব ধরনের সামরিক অভিযান’ বন্ধ রাখবে রাশিয়া। এটিকেই ‘ইস্টার যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছে তারা।

ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

পুতিনের ভাষায়, মানবিক বিবেচনায় রাশিয়া একতরফাভাবে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে নির্দেশ দিচ্ছি।

মস্কো আরও জানায়, তারা ধরে নিচ্ছে ইউক্রেনও ‘আমাদের দৃষ্টান্ত অনুসরণ করবে’। তবে এখনো পর্যন্ত কিয়েভের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বার্তায় রুশ সেনাদের সতর্ক করে বলা হয়েছে, একই সময়ে রাশিয়ার বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও শত্রুপক্ষের সম্ভাব্য উসকানি কিংবা আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকতে হবে।

আবা/এসআর/২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। একইসময়ে আহত হয়েছেন আরও বহুসংখ্যক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান শুরু করার পর থেকে গতকালকের হামলা পর্যন্ত গত দেড় বছরে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এই সময়ে প্রায় ১ লাখ ১৭ হাজার জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গতকালকের হামলায় নিহতদের অধিকাংশই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে ইসরায়েলি বিমান বাহিনী মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক বোমা হামলা চালিয়েছে।

বর্তমানে আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। সূত্রের খবর অনুযায়ী, এই দুটি ঘাঁটি থেকেই সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবারও জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ১ মাসে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহুসংখ্যক মানুষ।

আবা/এসআর/২৫