Home Blog Page 492

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা শুরু

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছে। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফিরিয়ে দেয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের, বাশারের শাসন শেষ

সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার কথা ঘোষণা করেছে বিদ্রোহীরা। আর এর মাধ্যমে বাশার আল-আসাদ সরকারের পতন হলো বলেও তারা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তার বিদায়ের পরপরই দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায়। সরকারি বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে। আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দখল করার দাবি করেছে। তারা অন্যান্য স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করছে।

সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, ‘স্বৈরাচার বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে স্বৈরাচার বাশার আল-আসাদমুক্ত বলে ঘোষণা করছি।’

এর আগে দাবি করা হয়, পর্যবেক্ষণকারী ইউনিটগুলো রাতেই দামেস্কে প্রবেশ করে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধান করছে। তবে তাকে তারা পায়নি।

শনিবার এক দিনে সিরিয়ার চারটি নগরী দখল করার পর বিদ্রোহীরা রাজধানী দখল করার দিকে মনোযোগ দেয়। দারা, কুনিত্রা, সাওয়াদা ও হোমস শনিবার বিদ্রোহীরা দখল করে।

শনিবার সিরিয়াবিষয়ক জাতিসঙ্ঘ বিশেষ দূত, গেইর পেডারসান ‘সুশৃঙ্খলভাবে রাজনৈতিক পরিবর্তন’ নিশ্চিত করতে জেনেভায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। কাতারে বার্ষিক দোহা ফোরামে ভাষণ দেয়ার সময়ে তিনি বলেন সিরিয়ার পরিস্থিতি মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। আসাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন তিনি ‘সিরিয়ার জনগণের জন্য দুঃখ বোধ করছেন’।

দামেস্কে লোকজন তাদের সরবরাহ জমিয়ে রাখার চেষ্টা করছেন। হাজার হাজার লোক দেশ ত্যাগের উদ্দেশে লেবাননের সাথে সিরিয়িার সীমান্তের দিকে চলে গেছেন। সেখানকার একজন বাশিন্দা এপিকে জানান যে রাজধানীর বহু দোকান বন্ধ ছিল এবং যেগুলো এখনো খোলা রয়েছে সেখানে চিনির মতো প্রধান খাদ্যের ঘাটতি রয়েছে। কোনো কোনো দোকানে স্বাভাবিক দামের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করা হচেছ।

প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি বড় অদ্ভূত। আমরা এতে অভ্যস্ত নই। লোকজন উদ্বগিন রয়েছেন যে ( দামেস্কে) লড়াই হবে, কী না।”

২০১৮ সালের পর এই প্রথম বিরোধী বাহিনী দামেস্কের বাইরে পৌঁছে গেছে। সেই সময়ে এক বছর ধরে অবরুদ্ধ থাকার পর সিরীয় বাহিনী ওই সব এলাকা আবার দখল করে নেয়। জাতিসঙ্ঘ বলছে যে সাবধানতা হিসেবে তারা অত্যাবশকীয় নন এমন কর্মীদের সেখান থেকে সরিয়ে নিচ্ছেন।

সূত্র : আল জাজিরা, সিএনএন, ভিওএ এবং অন্যান্য

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

দুবাইয়ে যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ। তাদের দেয়া ১১৭ রানের টার্গেট মাত্র ২২ ওভার ১ বল ব্যাট করেই পেরিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মারুফ মৃধা প্রথম ওভারেই আঘাত হানেন। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরো আরেক ওপেনার শাহজাইব খানকেও ০ রানে ফেরান এই পেসার।

মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।

টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।

ছোট লক্ষ্য তাড়ায় যুব টাইগাররা দেখেশুনে শুরুর পর স্ট্রাইকরেট বাড়িয়েছেন প্রয়োজনমতো। মাত্র ৩৯ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন গ্রুপপর্বে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা তামিম। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি মাত্র ২২.১ ওভারেই জিতেছে।

‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই

দেশের গান ‘এই পদ্মা এই মেঘনা’-সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার, সুরকার, ইসলামি চিন্তাবিদ, লেখক, অনুবাদক আবু জাফর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

লোক-গবেষকসাইমন জাকারিয়া এই গীতিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী।

সুরকারের লাশ নেয়া হচ্ছে তার জন্মস্থান কুষ্টিয়ায়। শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হবে।

আবু জাফর রচিত অনন্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য। তার রচিত সব গানের বাণীতে অসামান্য সুর সংযোজনও করেন তিনি। শুধু তাই না, নিজের রচিত ও সুর সংযোজিত বেশিভাগ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী। পেশাগতজীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

রাজশাহী-ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। ‘এই পদ্মা এই মেঘনা’ আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল।

তবে জীবনের একটি পর্যায়ে এসে ইসলামি ভাবধারা অনুসরণ করতে থাকেন। ইসলামবিষয়ক বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বইও তিনি রচনা করেন।

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।’

শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন।’

কোনো ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা ঐতিহাসিকভাবে এক আছি।’

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই

পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এ ঘোষণা দিয়েছেন।

এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দলও পাঠাতে বলেছেন মাহবুবুল আলম। সেইসাথে পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রফতানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে, তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহিত। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও এ সময় তুলে ধরেন। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবেও উল্লেখ করেন।

দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েকটি দরিদ্র দেশকে ১০০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়া হবে। ইতোমধ্যে বিশ্বব্যাংক প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপিকে জানান, গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দু’দিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে।

বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে।

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য চার বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।

সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, আজ ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে, সবগুলো করা হচ্ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গেছে। অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সেখান (ভারত) থেকে ষড়যন্ত্র করছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদেরকে সারাবিশ্বে মানহানি করছে। এটার একটাই উদ্দেশ্য, সেটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

তিনি আরো বলেন, ‘আন্দোলনের ফসল আজকের সরকার। এটা অন্তর্বর্তী সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে।’

নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত, নির্বাচনের একটি রোডম্যাপ দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।

আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করা প্রয়োজন। সকল নেতৃত্ব দেয়া ব্যক্তির নাম উল্লেখ করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এস্টোরিয়ায় ওয়েলফেয়ার সোসাইটি থ্যাংকস গিভিংস ডে’র উপহার ফ্রি হালাল চিকেন-সবজি বিতরণ 

নিউইয়র্কের এস্টোরিয়ায় থ্যাংকস গিভিংস ডে উপলক্ষ্যে উপহার হিসেবে সর্বসাধারণের মধ্যে ফ্রি হালাল চিকেন ও সবজি বিতরণ করা হয়েছে। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর উদ্যোগে এ্যানথ্যাম এর সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ৩৬ এভিনিউতে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এ উপহার তুলে দেওয়া হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল নাজমুল হুদা, এস্টোরিয়াস্থ এপোলো ইন্সুরেন্স এন্ড ব্রোকারেজ এর প্রেসিডেন্ট শমশের আলী, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জুয়েল, সম্ভাব্য পাবলিক এডভোকেট পদপ্রার্থী মার্টিন দোলেন, এ্যানথ্যাম এর কর্মকর্তা উইন্ডি ডোমিঙ্গাস, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, উপদেষ্টা সালেহ চৌধুরী, সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সোসাইটির সদস্য পযছল আহমেদ,আবু সোলেমান, আনোয়ার হোসেন, মো. নূরুল হক, আব্দুর রশিদ, সাব্বির আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট রিনা ,আল আমিন জিলা ,আবদিন, আজমল খান .আজিজুল হক স্বপন, মো. শরিফুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

image 1236502911 edited

হালাল চিকেন বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল নাজমুল হুদা এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সামাজিক কর্মকান্ডের ভ‚ঁয়সী প্রসংশা করেন। তিনি বলেন, কমিউনিটির সেবায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি নিউইয়র্কে কমিউনিটি সেবায় অনন্য ভ‚মিকা পালণ করে যাচ্ছে। তাদের কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার দৃষ্ঠি আকর্ষন করেছে। 
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন আগামী বড়দিনে উপলক্ষে শিশুদের মধ্যে খেলনা বিতরণ কর্মসূচি পালণের ঘোষনা দেন। তিনি বলেন, নিউইয়র্কে কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অতীতের মত ভাবস্যতেও সচেষ্ঠ থাকবে।

গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম স্মৃতি বার্ষিকী ৫ ডিসেম্বর

গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম স্মৃতি বার্ষিকী,বৃহস্পতিবার ,৫ ডিসেম্বর ২০২৪। গণতন্ত্রের মানসপুত্র’, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ,ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষঠাতা ,মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পিতা হিসাবে সুপরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম স্মৃতি বার্ষিকী। তিনি ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার সুপ্রিমকোর্টের পাশে তিন নেতার মাজারে তার সমাধি রয়েছে।খবর বাপসনিউজ।

১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি কলকাতা হাইকোর্টের খ্যাতনামা বিচারক স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কও। তার প্রচেষ্টায় ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ সোহরাওয়ার্দী। তার রাজনৈতিক দূরদর্শিতার ফল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট এবং অবিস্মরণীয় বিজয়। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সুধীসমাজ তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করে।

দিবসটি উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী ছিলেন প্রতিভাবান রাজনীতিক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি শ্রমজীবীসহ এতদঞ্চলের অবহেলিত মুসলিম সমপ্রদায়ের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেলকর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিকশাচালক, গাড়িচালকসহ নানা শ্রেণি-পেশার মেহনতি মানুষের স্বার্থরক্ষায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন।

এডভোকেট আব্দুল হামিদ বাপসনিউজকে বলেন, সোহ্‌রাওয়ার্দী আমৃত্যু আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী গণতন্ত্রের বিকাশসহ এতদঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার জীবন ও কর্ম আগামী প্রজন্মকে গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও জনগণের সার্বিক কল্যাণে উদ্বুদ্ধ করবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। একজন প্রতিভাবান রাজনৈতিক সংগঠক হিসেবে তার দক্ষ পরিচালনায় গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আরও বিকশিত হয়। তার সুযোগ্য উত্তরসূরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দূরদর্শী নেতৃত্ব পাকিস্তান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বলেন, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন অসামপ্রদায়িক চেতনার পথিকৃৎ এবং সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ।

তিনি বাপসনিউজকে বলেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় স্পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র :
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল ৯টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম বাপসনিউজকে এক বিবৃতিতে মরহুম হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহসহ অন্যান্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।যুক্তরাষ্ট্রেও অনেক সংগঠন দিবসটি পালন করবে । যুক্তরাষ্ট্র প্রবাসী সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদার সাথে ৬১তম স্মৃতিবার্ষিকী পালন করবে ।
এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সোহরাওয়ার্দি স্মৃতি পরিষদ, শিরি শিশু সাহিত্য কেন্দ্র , বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র ও সমাজ কল্যাণ পরিষদ , বনলতা শিল্পী ,সাহিত্যিক ও সাংবাদিক গোষ্ঠী এবং শেখ হাসিনা মন্চসহ বিভিন্ন সংগঠন বিশেষ আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করেছে ।