Home Blog Page 541

‘সাকিবের ভূমিকা নেওয়ার জন্য মিরাজ তৈরি’

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভূমিকা পালনের জন্য প্রস্তুত মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার চেন্নাইয়ে অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।
হাথুরু বলেন, ‘আমার কাছে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মিরাজ। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েও উন্নতি করেছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি করছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে টাইগাররা।
ঐতিহাসিক সেই সিরিজ জয়ে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেন মেহেদি হাসান মিরাজ।

ক্রিকেট বিশ্বকাপে নারী-পুরুষ ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা আইসিসির

ক্রিকেট বিশ্বকাপে পুরুষ এবং নারীদের প্রাইজমানি নিয়ে অনেক কথা হয়েছে। নারী বিশ্বকাপে যে প্রাইজমানি থাকে, তার চেয়ে অনেক বেশি প্রাইজমানি পায় পুরুষ বিশ্বকাপের দলগুলো। এবার সে ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জানা গেছে, গত জুলাইয়ে আইসিসির বোর্ড সভায় নারী ক্রিকেট বিশ্বকাপে পুরুষদের সমপরিমাণ প্রাইজমানির প্রস্তাব উঠে। এবার সে প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এবারের নারী বিশ্বকাপে ছেলেদের সমপরিমাণ প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশে আসরটি হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দল গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি প্রাইজমানি পেতে যাচ্ছে।
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবার প্রাইজমানি পাবে প্রায় ২৩ লাখ ডলার। গত আসরে যেটির পরিমাণ ছিল সাকুল্যে ১০ লাখ ডলার। এবারের আসরে রানার্স-আপ দলের প্রাইজমানি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দলের চেয়ে বেশি, প্রায় ১১ লাখ ডলার। গতবারের চেয়ে ৬ লাখ ডলার বেড়েছে রানার্স-আপের প্রাইজমানি।
এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। এছাড়া গ্রপপর্বে জয়ী দলগুলোর প্রত্যেকে পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। আর সেমিফাইনালের আগে বিদায় নেওয়া ৬ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে মোট ১৩ লাখ ডলার।
গ্রæপপর্বে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর পঞ্চম হিসেবে টুর্নামেন্ট শেষ করা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার।
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। শারজায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

জোড়া মাইলফলকের সামনে রোহিত

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
টানা তৃতীয়বার এবং অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নেয়ার দ্বারপ্রান্তে আছেন রোহিত।
দলগত লক্ষ্যের পাশাপাশি এই সিরিজে রোহিত নজর রাখতে পারেন নিজের ব্যক্তিগত রেকর্ডেও। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজেই গড়তে পারেন নতুন রেকর্ড। ভেঙে দিতে পারেন বীরেন্দ্র শেহবাগের রেকর্ড। হতে পারেন টেস্টে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডধারী।
ভারতীয় দলের অধিনায়ক এখনও পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। ১০১টি টেস্ট ইনিংসে মেরেছেন ৮৪টি ছক্কা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। শীর্ষে রয়েছেন শেহবাগ। তিনি ১০৪টি টেস্টের ১৮০টি ইনিংসে ৯১টি ছয় মেরেছিলেন। আর আটটি ছয় মারতে পারলে শেবাগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে চলে আসবেন রোহিত।
এখনও পর্যন্ত বিশ্বের তিন জন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ১০০টি বা তার বেশি ছক্কা মারতে পেরেছেন। তালিকায় শীর্ষে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক টেস্টে এখনও পর্যন্ত ১৩১টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। টেস্ট ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ১০৭টি।
তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ১০০টি ছয় মেরেছেন। রোহিত ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০০টি ছক্কা মারার নজির গড়তে পারেন। সে জন্য তার প্রয়োজন ১৬টি ছক্কা।

কেইনের হালি, জাগ্রেবকে নিয়ে ছেলেখেলা বায়ার্নের

চ্যাম্পিয়নস লিগে স্বপ্নের শুরু পেয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বায়ার্ন। হ্যারি কেইন একাই প্রতিপক্ষের জালে দিয়েছেন ৪ গোল। আর বায়ার্নের জয় ৯-২ গোলে।
নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে এদিম শুরু থেকেই আক্রমণাত্মক রূপে দেখা গেছে বায়ার্ন ফুটবলারদের। বিধ্বংসী বায়ার্নের হয়ে একাই চার গোল করেন কেইন। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা।
এদিন অবশ্য প্রথম দফায় গোল বঞ্চিত থাকতে হয়েছে সার্জিও গ্যানেব্রিকে। ১৬ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ালেও তাতে বাদ সাধে ভিএআর। তবে এর খানিক পর ১৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন কেইন। এরপর আরও দু দফা পেনাল্টিতে দলকে এগিয়ে নিয়েছেন কেইন। এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়েছে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে ফিরে পরপর দু গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় দিনামো জাগ্রেব। ৪৯ ও ৫০ মিনিটে গোল করে দলটি। তবে এরপর পরপরই তাদের ওপর সুনামি বইয়ে দেয় বায়ার্ন। আরও ৬ টি গোল করে দ্বিতীয়ার্ধে। তাতে ৯-২ গোলের দাপুটে জয়ে শুরু হয় বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ মিশন।

‘আমরা ভারতকে হারাব, আমাদের বিশ্বাস আছে’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরিফুল।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল।
তিনি বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে।’

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় পেসারকে ব্যাট উপহার দিলেন কোহলি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আকাশ দীপকে নিজ থেকেই একটা ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় থাকা আকাশকে যেন বোলিংয়ে সেরাটা দেওয়ার অনুপ্রেরণাই দিলেন ভারতের সাবেক অধিনায়ক।
কোহলির কাছ থেকে উপহার পাওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে নিশ্চিত করেছেন আকাশ। সঙ্গে ২৭ বছর বয়সী পেসার ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি ভাইয়া।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও নবাগত যশ দয়ালের সঙ্গে পেসার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের হয়ে গত ফেব্রæয়ারিতে অভিষেক টেস্ট খেলা আকাশ।
কোহলি শুধু ভারতীয় সতীর্থদেরই ব্যাট উপহার দেননি, বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররাও পেয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ব্যাট দিয়েছিলেন কোহলি।
আজ থেকে ২ বছর আগে ব্যাট উপহার পেয়েছিলেন লিটন দাসও। বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ব্যাট না পেলেও একই বছর কোহলির কাছ থেকে জার্সি পেয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দানি ওলমোকে ৪ থেকে ৫ সপ্তাহ স্কোয়াডে পাচ্ছে না বার্সেলোনা। ওলমোর ছিটকের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে বার্সেলোনা।
তারা লিখেছে, ‘পরীক্ষার পর জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দানি ওলমো। ৪ থেকে ৫ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’
গতকাল লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে চোট পান ওলমো। চোট পেয়ে ৬২ মিনিটে বদলি হওয়ার আগে দলের হয়ে গোল করেছেন তিনি।
বিরতির পর ডান প্রান্তের দুরূহ এক কোণ থেকে দুর্দান্ত এক গোল করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে বার্সায় যোগ দিয়ে তিন ম্যাচে ৩ গোল করেছেন তিনি।
ওলমোকে হারানোটা তাই কোচ হান্সি ফ্লিকের দলের জন্য বড় ধাক্কার। অন্য ম্যাচ তো অবশ্য বিশেষ করে আগামী ২৭ অক্টোবর মৌসুমের প্রথম ‘এল ক্ল্যাসিকোয়’ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার না থাকাটা নিশ্চয়ই হয়তো পোড়াতে পারে বার্সেলোনার কোচকে।
লিগের ম্যাচের বাইরে চ্যাম্পিয়নস লিগেরও তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না।

সাহারা মরুভূমি সবুজের রূপ নিচ্ছে

ক্রমেই সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। বিশেষ করে মৌসুমি ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেড়েছে। এমনকি মাঝে মাঝে বন্যাও দেখা দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ভূভাগের মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে।

সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দক্ষিণ সাহারার কিছু অংশে এই সবুজের উপস্থিতি দেখা গেছে। জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কার্স্টেন হাউস্টেইনের মতে, সাহারায় এই অদ্ভুত পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে ছয় গুণের বেশি ভেজা থাকে। তাছাড়া এল নিনো (উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন) থেকে লা নিনোর (বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ) রূপান্তরের প্রভাব তো রয়েছেই।

জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয়, এর ফলে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি প্রভাবিত হয়েছে। ফলে নাইজেরিয়া, ক্যামেরুনসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে।

সাধারণত নাইজার, চাদ, সুদান, লিবিয়া ও দক্ষিণ মিসরের কিছু অংশে প্রতিবছর জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে। সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা ৪০০ শতাংশ বেশি। এতে এই অঞ্চলে প্রতিবছর ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে।

সাহারার অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকাজুড়ে। এর পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে শুষ্ক অঞ্চল সাহেল, আলজেরিয়া, চাদ, মিসর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল। সাহারার আয়তন ৯২ লাখ বর্গকিলোমিটার বা ৩৬ লাখ বর্গমাইল।

মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি: মমতা

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনে অবস্থান কর্মসূচিতে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচি থেকে তারা ফের রাত দখলের ডাক দিয়েছেন। শনিবার কর্মসূচির স্থলে হঠাৎ হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমি এসেছি দিদি হিসেবে। আপনাদের ব্যথা আমি বুঝি।’ এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আরজি করে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ৯ আগস্ট।

মমতা বলেন, আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি।

আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুক্রবার সারারাত ঝড়বৃষ্টি হয়েছে। এর মধ্যেই আপনারা যেভাবে বসে আছেন, তাতে আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।

চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সবার সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন। দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব।’

এদিকে সব মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা।

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, আমি কোনো অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স ও পুলিশের প্রতিনিধি থাকবে। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম। নতুন করে তা তৈরি করা হবে।’

এদিকে আলোচনায় বসতে রাজি থাকার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। ১৫ জনের প্রতিনিধি দলকে তিনি শনিবার কালীঘাটের বাসভবনে বৈঠকে ডেকেছেন বলে জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। এর আগে চিকিৎসকদের সঙ্গে মমতার বৈঠক ভেস্তে যায়। চিকিৎসকরা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন। কিন্তু মমতার সরকার তাতে রাজি ছিল না।

আরজি করে ধর্ষণের ঘটনার পর এক মাস কেটে গেলেও বিক্ষোভ থামেনি। এর আগে ১৪ অগাস্ট ‘রাত দখলের’ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। শনিবার সেই ‘রাত দখলের’ এক মাস পূর্তি হয়েছে। শনিবার আবারও ‘রাত দখলের’ কর্মসূচির ডাক দিয়েছেন চিকিৎসকরা।

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ, আহত ১

কলকাতার ব্যস্ততম এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ের মধ্যকার রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকা সে প্লাস্টিকের ব্যাগটি তুলতে গিয়ে আহত হয়েছেন ৫৮ বছর বয়সি বাপি দাস। বিস্ফোরণে তার কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত বাপি দাসকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে প্লাস্টিকের ব্যাগে কোন বোমা ছিল কিনা বা ঠিক কী বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।