Home Blog Page 573

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ, আহত ১

০

কলকাতার ব্যস্ততম এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ের মধ্যকার রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকা সে প্লাস্টিকের ব্যাগটি তুলতে গিয়ে আহত হয়েছেন ৫৮ বছর বয়সি বাপি দাস। বিস্ফোরণে তার কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত বাপি দাসকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে প্লাস্টিকের ব্যাগে কোন বোমা ছিল কিনা বা ঠিক কী বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

নিউইয়র্কে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

৭১’র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তিমূলে সার্বক্ষণিক অবস্থান নেয়ার প্রত্যয় উচ্চারিত হয়েছে নিউইয়র্কে। এসময় ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত সমাজ ব্যবস্থা অক্ষুন্ন রাখা এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে ধারণ করে রাষ্ট্রচিন্তাকে বেগবান করার অঙ্গিকার করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত চলা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এমন সংকল্প ব্যাক্ত করেন। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, শহীদ পরিবারের সন্তান, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধ রথিন্দ্র নাথ রায় ও বীর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম এই কর্মসূচী আহবান করেন। অনুষ্ঠানে অভিভাবকদের সাথে বিপুল সংখ্যক শিশু কিশোর লাল সবুজের পতাকা হাতে অংশ নেয়। এসময় অংশগ্রহণকারীদের হাতে “ তুমি কে, আমি কে? বাঙালী, বাঙালী” “মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই” “তুই রাজাকার, তুই রাজাকার” প্রভৃতি শ্লোগান লিখা প্ল্যাকার্ড শোভা পায়। ডাইভারসিটি প্লাজার খোলা চত্বরে বিকালে জাতীয় পতাকাকে বেষ্টন করে এবং হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা অবস্থান নেন।
বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, এ্যানী ফেরদৌসের নেতৃত্বে বিপার শিল্পীরা, দিনাত জাহান মুন্নি, মাহবুব, লুৎফুন নাহার লতা, জলি কর, মুমু আনসারী, অর্ঘ্য সারথীর সহ উপস্থিত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনে মুখরিত হয়ে উঠে জ্যাকসন হাইটস। লুৎফুন নাহার লতার কন্ঠে সৈয়দ সামছুল হকের কালজয়ী কবিতা “নুরুলদীনের সারাজীবন” আবৃত্তি উপস্থিত সবাইকে আপ্লুত করে।
একে একে আবৃত্তি করেন সাবিনা নিরু, মঞ্জুর কাদের, শুক্লা রায়সহ আরো অনেকে। অঙ্গীকারনামা পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগঠক মিথুন আহম্মেদ। সহযোগীতায় ছিলেন গোপাল স্যানাল।
মিনহাজ আহম্মেদের পরিচালনায় দুই ঘন্টার এই অনুষ্ঠানে সমবেত কন্ঠে কয়েকবার জাতীয় সংগীত পরিবেশিত হয়। শিল্পীরা একে একে জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে, শোন একটি মুজিবরের কন্ঠে লক্ষ মুজিবরের কন্ঠ- সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুনা’র বিবিকিউ

নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের বিবিকিউ গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস মুনা সেন্টারে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ। পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মু. ফখরুল ইসলাম মাছুম। প্রধান অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী মাওলানা ত্বোয়াহা আমিন খান। অতিথি ছিলেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের খতিব অলিউর রহমান সেরাজী, জোন শিক্ষা সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, এলমহাস্ট চ্যাপ্টার সভাপতি কায়কোবাদ কবির। বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল হাকিম মিয়া ও এ প্রজন্মের নাজমুস সাকিব।

নেতৃবৃন্দ বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে।

তারা বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর সোলায়মান, সিদ্দিকুর রহমান, হামিমুর রহমান হামিম, আজগর আলী, আশরাফুল আলম মিলন, আব্দুর রহমান, ফকির গোলাম মোস্তফা, ফেরদৌস আলম, আকলিম, মিজাুনর রহমান, আবু ছাদেক, সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

মানুষের গণতান্ত্রিক অধিকারবোধ জাগ্রত করতে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন – স্যার ড. আবু জাফর মাহমুদ 

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে প্রেসিডেন্সিয়াল ডিবেট পার্টি হয়েছে। বিশালাকার এলইডি মনিটরে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখার ওই আয়োজন করে রাজনৈতিক প্লাটফরম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস।

এবিসি চ্যানেলে ডিবেট শুরুর আগে দেয়া বক্তব্যে পিপল আপ এর প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বোধ জাগ্রত করতে উৎসবমুখর পরিবেশে এই ডিবেট ওয়াচ পার্টিরআয়োজন। এই আয়োজনে এলইডি মনিটরে পিপল আপ এর বিভিন্ন কর্মতৎপরতাও তুলে ধরা হয়।

ডিবেট ওয়াচ পার্টিতে যোগ দেন নিউইয়র্ক স্টেট সিনেটর প্রখ্যাত গণতান্ত্রিক রাজনীতিক জেসিকা রামোস ও স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। তারা উপস্থিত কয়েকশত মানুষের সঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সিয়াল ডিবেট উপভোগ করেন। প্রতিক্রিয়ায় তারা বলেন, গণমানুষের স্বার্থে এই ডিবেট ওয়াচ পার্টির আয়োজন করে পিপল আপ প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বরাবরের মতোই তার রাজনৈতিক নেতৃত্বের অসাধারণত্ব উপস্থাপন করেছেন। এটি ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে নির্বাচিত নেতার দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ। প্রেসিডেন্সিয়াল ডিবেট ওয়াচ পার্টিতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে নিহত ৬২৫, আহত ১৮৩৮০: স্বাস্থ্যসেবা সচিব

০

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ৬২৫ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন। তবে এটা চূড়ান্ত সংখ্যা নয় বলেও জানান তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আকমল বলেন, ‘আমরা জানতে পেরেছি ১৮ হাজার ৩৮০ জন আহত হয়েছেন। আর ৬২৫ জন নিহত হয়েছেন। আমরা আহতদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করেছি। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা হলো ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে সেবাদানকারীদের প্রশিক্ষণ দেয়া। আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আহতদের কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন এবং আমরা এর দায় জাতির সামনে এড়াতে পারব না। তাই আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। এটি আমাদের এখতিয়ারভুক্ত না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রি টিকিট দিয়েছে। কেউ না দিলেও আমরা ব্যবস্থা করে দেব।’

তিনি আরো বলেন, কতজন আহত বা নিহত হয়েছেন তা নির্ধারণের জন্য একটি টাস্কফোর্স বা কমিটি গঠন করা হয়েছে। একজন সাবেক সিনিয়র স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। তারা এই সংখ্যা জানার চেষ্টা করছেন।

ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ রফতানি হতো ভারতে। এবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা আর সরকারে নেই। তাই ইলিশ রফতানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তাতে আরো বলা হয়েছ, গত পাঁচ বছর ধরে ইলিশ ভারতে রফতানি হয়েছে বাংলাদেশের ইলিশ। এবারো সেই রীতি মেনে ইলিশের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

হিন্দুস্তান টাইমসের কথায়, গত বছরো এক হাজার ৩০০ ইলিশ রফতানি হয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।

দক্ষিণ গাজায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ ইসরাইলি সেনা নিহত

০

দক্ষিণ গাজায় বুধবার ভোরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যানিয়েল আলোশ (৩৭), মেজর (অব.) টম ইশ-শালোম (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২৩তম স্কোয়াড্রন থেকে একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মঙ্গলবার রাতে রাফায় যায়। সেখান থেকে তারা আহত এক প্রকৌশলীকে সরিয়ে আনার কথা ছিল। কিন্তু হেলিকপ্টারটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তাই দুর্ঘটনার শিকার হয়ে ওই দুই সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টার ধ্বংসের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। হেলিকপ্টারটি দক্ষিণ গাজার শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, এই দুই সেনা নিহতের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভাষণটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

দায়িত্ব গ্রহণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আবারো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। অবশ্য এর মধ্যে তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে ৫ সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন।

খেয়াল রাখবেন, ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।

তিনি বলেন,‘মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নির্বাচনের সময় বেঁধে দিয়ে সরকারকে চাপ দিতে চাই না : আমীর খসরু

নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে অন্তবর্তীকালীন সরকারের পর চাপ সৃষ্টি করতে চাই না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার অস্ট্রেলিয়া হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকেদর এ কথা বলেন তিনি।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়া হাইকমিশনার।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, অষ্ট্রেলিয়ান হাই কমিশনার জানতে চেয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কী ভাবছে ও অন্তবর্তীকালীন সরকারের একমাস কেমন হয়েছে। এ সময়ে আমাদের দলের কী প্রত্যাশা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দু’দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিও পলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশেরর শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে তাদের শিক্ষাক্ষেত্রে নিয়ে তারা আরও কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছে। নির্বাচনের আয়োজনের জন্য কী কী পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেটা আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেকহোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সে কাজটি করবে।

জেলা প্রশাসক নিয়োগে গতকাল সচিবালয়ে হাতাহাতি হয়েছে, জনগণ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশে চরমভাবে রাজনৈতিক করণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার নিজেদের লোক বসানোর ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। এখান বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়। হয়তো ভুলত্রুটি থাকতে পারে, আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নিজেদের মধ্য আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কারণ বিগত শেখ হাসিনা রেজিম নির্বাহী বিভাগকে ধংস করে চলে গিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। অস্ট্রেলিয়া হাইকমিশনার সাথে ছিলেন ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।