Home Blog Page 575

মানুষের গণতান্ত্রিক অধিকারবোধ জাগ্রত করতে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন – স্যার ড. আবু জাফর মাহমুদ 

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে প্রেসিডেন্সিয়াল ডিবেট পার্টি হয়েছে। বিশালাকার এলইডি মনিটরে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখার ওই আয়োজন করে রাজনৈতিক প্লাটফরম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস।

এবিসি চ্যানেলে ডিবেট শুরুর আগে দেয়া বক্তব্যে পিপল আপ এর প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বোধ জাগ্রত করতে উৎসবমুখর পরিবেশে এই ডিবেট ওয়াচ পার্টিরআয়োজন। এই আয়োজনে এলইডি মনিটরে পিপল আপ এর বিভিন্ন কর্মতৎপরতাও তুলে ধরা হয়।

ডিবেট ওয়াচ পার্টিতে যোগ দেন নিউইয়র্ক স্টেট সিনেটর প্রখ্যাত গণতান্ত্রিক রাজনীতিক জেসিকা রামোস ও স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। তারা উপস্থিত কয়েকশত মানুষের সঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সিয়াল ডিবেট উপভোগ করেন। প্রতিক্রিয়ায় তারা বলেন, গণমানুষের স্বার্থে এই ডিবেট ওয়াচ পার্টির আয়োজন করে পিপল আপ প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বরাবরের মতোই তার রাজনৈতিক নেতৃত্বের অসাধারণত্ব উপস্থাপন করেছেন। এটি ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে নির্বাচিত নেতার দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ। প্রেসিডেন্সিয়াল ডিবেট ওয়াচ পার্টিতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে নিহত ৬২৫, আহত ১৮৩৮০: স্বাস্থ্যসেবা সচিব

০

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ৬২৫ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন। তবে এটা চূড়ান্ত সংখ্যা নয় বলেও জানান তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আকমল বলেন, ‘আমরা জানতে পেরেছি ১৮ হাজার ৩৮০ জন আহত হয়েছেন। আর ৬২৫ জন নিহত হয়েছেন। আমরা আহতদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করেছি। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা হলো ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে সেবাদানকারীদের প্রশিক্ষণ দেয়া। আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আহতদের কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন এবং আমরা এর দায় জাতির সামনে এড়াতে পারব না। তাই আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। এটি আমাদের এখতিয়ারভুক্ত না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রি টিকিট দিয়েছে। কেউ না দিলেও আমরা ব্যবস্থা করে দেব।’

তিনি আরো বলেন, কতজন আহত বা নিহত হয়েছেন তা নির্ধারণের জন্য একটি টাস্কফোর্স বা কমিটি গঠন করা হয়েছে। একজন সাবেক সিনিয়র স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। তারা এই সংখ্যা জানার চেষ্টা করছেন।

ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ রফতানি হতো ভারতে। এবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা আর সরকারে নেই। তাই ইলিশ রফতানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তাতে আরো বলা হয়েছ, গত পাঁচ বছর ধরে ইলিশ ভারতে রফতানি হয়েছে বাংলাদেশের ইলিশ। এবারো সেই রীতি মেনে ইলিশের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

হিন্দুস্তান টাইমসের কথায়, গত বছরো এক হাজার ৩০০ ইলিশ রফতানি হয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।

দক্ষিণ গাজায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ ইসরাইলি সেনা নিহত

০

দক্ষিণ গাজায় বুধবার ভোরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যানিয়েল আলোশ (৩৭), মেজর (অব.) টম ইশ-শালোম (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২৩তম স্কোয়াড্রন থেকে একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মঙ্গলবার রাতে রাফায় যায়। সেখান থেকে তারা আহত এক প্রকৌশলীকে সরিয়ে আনার কথা ছিল। কিন্তু হেলিকপ্টারটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তাই দুর্ঘটনার শিকার হয়ে ওই দুই সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টার ধ্বংসের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। হেলিকপ্টারটি দক্ষিণ গাজার শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, এই দুই সেনা নিহতের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভাষণটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

দায়িত্ব গ্রহণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আবারো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। অবশ্য এর মধ্যে তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে ৫ সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন।

খেয়াল রাখবেন, ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।

তিনি বলেন,‘মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নির্বাচনের সময় বেঁধে দিয়ে সরকারকে চাপ দিতে চাই না : আমীর খসরু

নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে অন্তবর্তীকালীন সরকারের পর চাপ সৃষ্টি করতে চাই না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার অস্ট্রেলিয়া হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকেদর এ কথা বলেন তিনি।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়া হাইকমিশনার।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, অষ্ট্রেলিয়ান হাই কমিশনার জানতে চেয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কী ভাবছে ও অন্তবর্তীকালীন সরকারের একমাস কেমন হয়েছে। এ সময়ে আমাদের দলের কী প্রত্যাশা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দু’দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিও পলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশেরর শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে তাদের শিক্ষাক্ষেত্রে নিয়ে তারা আরও কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছে। নির্বাচনের আয়োজনের জন্য কী কী পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেটা আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেকহোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সে কাজটি করবে।

জেলা প্রশাসক নিয়োগে গতকাল সচিবালয়ে হাতাহাতি হয়েছে, জনগণ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশে চরমভাবে রাজনৈতিক করণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার নিজেদের লোক বসানোর ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। এখান বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়। হয়তো ভুলত্রুটি থাকতে পারে, আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নিজেদের মধ্য আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কারণ বিগত শেখ হাসিনা রেজিম নির্বাহী বিভাগকে ধংস করে চলে গিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। অস্ট্রেলিয়া হাইকমিশনার সাথে ছিলেন ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বুধবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার।

দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই বিসিবিতে ছিলেন সুজন। বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ফলে বোর্ডের দায়িত্বে থেকেও নানান সময় বাহিরে কাজ কর‍তে দেখা গেছে তাকে।

কখনো টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্লাবের কোচ হিসেবেও। বিপিএলেও বিভিন্ন দলের কোচ হিসেবেও দেখা গেছে তাকে।

বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন সুজনও।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুমন সিকদার হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চারদিনের রিমান্ড মঞ্জুন করেন।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর গুলিতে নিহত হন সুমন সিকদার (৩১)। এ ঘটনায় তার মা মাসুমা একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ছিলেন। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান তিনি।

ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নামে হবিগঞ্জে মামলা

ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৯৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে হবিগঞ্জে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১৫০ থেকে ২০০ জনকে।

মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নোয়াগাঁও গ্রামের মো: মোস্তাফিজুর রহমান মামলাটি করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান।

এতে অভিযোগ করা হয়েছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হন।

আসামিদের মধ্যে রয়েছেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম রুবেল, ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী ও আব্দালুর রহমান, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, করিব মিয়া খন্দকার, আব্দুল হান্নান এবং রজব আলী।

বাদির অভিযোগ, আন্দোলনের সময় ব্যারিস্টার সুমনের নির্দেশে মানিক সরকার তার হাতে থাকা রামদা দিয়ে বড়গাঁও এলাকার ইয়াকুব আলীর ছেলে অলিউর রহমানকে আঘাত করেন। আরেক আসামি কবির মিয়া খন্দকার তাকে রড দিয়ে মারধর করেন। এতে অলিউর রহমান গুরুতর আহত হন। অন্য আসামিরাও অস্ত্র হাতে আন্দোলনরত ছাত্র-জনতাকে বেধড়ক মারধর করেন।
সূত্র : বাসস