Home Blog Page 591

রাজবাড়ীতে পুলিশ বিএনপির সংঘর্ষ, আহত ২০

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালিখালি উপজেলার আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নেতৃত্বে রাজবাড়ী শহরে এক বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার শেষ সময়ে পুলিশের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বিএনপি ইট পাটকেল ও
পুলিশ গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। ফলে তিন পুলিশসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে তাদের দাবি।

শান্তিপূর্ণ ওই র‌্যালিটি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় তার বাসায় যাওয়ার পথে পুলিশের সাথে সংঘর্ষ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর সোয়া ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আনন্দ শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা মোড়ে এলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় রাজবাড়ী শহর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ছয় নেতাকর্মীকে আটক করেছে।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আমাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা ছিল। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি করি। শোভাযাত্রায় প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করলে পুলিশ অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সালাহউদ্দিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে খৈয়ম গ্রুপ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা মোড় এলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে ইটপাটকেল, লাঠিসোঁটা ছিল। তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বহুল প্রতীক্ষিত ১১.৫ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশ যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন। এটি শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রান্তে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন করেন। পরে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী কাওলা প্রান্তে টোল পরিশোধ করেন যেখানে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে স্বাগত জানান। উদ্বোধন শেষে রঙিন বেলুন উড়িয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মো: মঞ্জুর হোসেন।

কাওলা প্রান্তে এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে একটি নাগরিক সমাবেশে যোগ দিতে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠের উদ্দেশ্যে রওয়ানা হন।

আগামীকাল বিমানবন্দর-ফার্মগেট অংশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দু’টি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কি.মি.।

থ্রি হুইলার, সাইকেল ও পথচারীদের এক্সপ্রেসওয়েতে চলাচল করতে দেয়া হবে না। মোটরবাইক এখনই চলতে পারবে না।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশের টোল হার ৮০ টাকা থেকে ৪০০ টাকা নির্ধারণ করে।

ক্যাটাগরি ১-এর অধীনে যে কোনো স্থান থেকে বিমানবন্দর-ফার্মগেট অংশ অতিক্রম করার জন্য গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, মাইক্রোবাস (১৬ আসনের নিচে) এবং হালকা ট্রাক (৩ টনের নিচে) টোল রেট ৮০ টাকা।

মাঝারি ট্রাকের জন্য (ছয় চাকা পর্যন্ত) যেকোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য টোল রেট ক্যাটাগরি-২ এর অধীনে ৩২০ টাকা।

ক্যাটাগরি ৩-এর অধীনে যে কোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য ট্রাকের (ছয় চাকার বেশি) টোল রেট ৪০০ টাকা। যে কোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য যে কোনো বাসের (১৬ সিটের বা তার বেশি) টোল রেট ৪-ক্যাটাগরির অধীনে ১৬০ টাকা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং এইচএসআইএ থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যানবাহনের সময় লাগবে ১০ মিনিট।

১১.৫ কি.মি. মেইনলাইন এবং ১১ কি.মি. র‌্যাম্পসহ, অংশটির দৈর্ঘ্য হবে ২২.৫ কি.মি.। প্রাথমিকভাবে এই অংশের ১৫টির মধ্যে ১৩টি র‌্যাম্প খোলা হবে। বনানী ও মহাখালীর র‌্যাম্প নির্মাণ শেষ হলেই খুলে দেওয়া হবে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮,৯৪০ কোটি টাকা, এতে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) তহবিল ২,৪১৩ কোটি টাকা, যা বাংলাদেশ সরকার প্রদান করবে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড বিনিয়োগকারী কোম্পানি। এতে ইতালীয় থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের শেয়ার রয়েছে ৫১ শতাংশ, চায়না শানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের (সিএসআই) শেয়ার ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

প্রকল্প অনুযায়ী, প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯ জানুয়ারি ২০১১ এবং পর্যালোচনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৫ ডিসেম্বর, ২০১৩ এবং প্রকল্প সমাপ্তির সময়কাল ছিল জুলাই ২০১১ থেকে জুন ২০২৪।

বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
গত ১৫ বছরে বাংলাদেশে বেশ কিছু অবকাঠামো প্রকল্প শুরু হয়েছে। আকার, বাজেট এবং অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে এই প্রকল্পগুলোর অনেকগুলোকে মেগা-প্রকল্প বলা হয়েছে।

সরকার তাদের কয়েকটিকে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে পদ্মা বহুমুখী সেতু, বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-৬ এবং চন্দ্রা-এলেঙ্গা চার লেন মহাসড়ক সম্পন্ন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম এবং দীর্ঘতম আন্ডারওয়াটার রোড টানেল, শিগগিরই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য প্রকল্প-পদ্মা সেতু রেল সংযোগ, চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাই সরকারের মূল ফোকাস এখন তাদের সময়মতো সম্পন্ন করা।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ, পরিবহন ও বিদ্যুৎ অবকাঠামোর রূপান্তরের লক্ষ্যে বেশকিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেল আংশিক চালু করেছে এবং পদ্মা বহুমুখী সেতুসহ অন্যান্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছে।

সূত্র : বাসস

হিজাব পরা শিক্ষার্থীদের হেনস্থা বন্ধ করতে হবে : হেফাজতে ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব-নিকাব পরা শিক্ষার্থীদের হেনস্থা করা বন্ধের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘২০২২ সালের ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক নোটিশে বিভাগের সকল প্রেজেন্টেশন, টিউটোরিয়াল, মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং ভাইভাতে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশনা দেয়া হয়। না হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়। বাংলা বিভাগের ওই নোটিশটি ছিল ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। নোটিশটির বিরুদ্ধে ঢাবির ধর্মপ্রাণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চূড়ান্ত মীমাংসার জন্য তারা চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করে। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নোটিশটি ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ প্রদান করে। চেম্বার জজ আদালতও এ স্থগিতাদেশ বহাল রাখে। পরে আপিল বেঞ্চ ওই স্থগিতাদেশ বাতিল করে দু’মাসের মধ্যে রিটটি নিষ্পত্তি করার আদেশ দেয়। বর্তমানে রিট নিষ্পত্তির শুনানি চলমান রয়েছে।’

নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো ওই স্থগিতাদেশ বাতিল করাকে পুঁজি করে ঢাবির সর্বেশেষ পরীক্ষাগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্টে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের সাথে জঘন্য আচরণ করা হয়েছে। বাংলা বিভাগের মেয়েদেরকে ওই নোটিশ মানতে বাধ্য করা হয়েছে। আইইআর-এর ফাইনাল পরীক্ষার ভাইভাতে অনেককে পুরো সময় মুখ খোলা রাখতে বাধ্য করা হয়েছে। কয়েকজন মুখ খুলতে রাজি না হওয়ায় হেনস্থার শিকার হয়েছে, কারো কারো ভাইভা পরীক্ষাই গ্রহণ করা হয়নি। অন্য ডিপার্টমেন্টের ব্যাপারেও এমন অভিযোগ পাওয়া গেছে।’

তারা বলেন, ‘আমরা আশা করছি যে হিজাব-নিকাবের মতো স্পর্শকাতর বিষয়ে ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন হাদিস ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখেই কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। না হলে শিক্ষাঙ্গন থেকে মুসলিম নারীরা ঝরে পড়ার সর্বোচ্চ আশঙ্কা রয়েছে। এতে করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়বে বলে আমরা আশঙ্কা করছি।’

হেফাজত আমির ও মহাসচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। না হলে নারী কর্মচারী কিংবা নারী শিক্ষিকার মাধ্যমে আলাদা রুমে পরিচয় শনাক্ত করার ব্যবস্থা চালু করতে হবে। দ্রুততম সময়ে সকল অনুষদের সকল বিভাগে হিজাব-নিকাব পরা শিক্ষার্থীদেরকে হেনস্থা করা বন্ধে নোটিশ প্রদান করতে হবে। বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করার মতো ঘটনাগুলো তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। হিজাব বা নিকাব পরিধান-সংক্রান্ত ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় ফিরিয়ে এনে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

ইসরাইলের সাথে বৈঠক : ব্যাপক বিক্ষোভের মুখে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করায় সৃষ্ট ব্যাপক বিক্ষোভের মুখে বরখাস্ত করা হয়েছে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানগুশকে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৮ আগস্ট) ত্রিপোলি থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবার ঘনিষ্ঠ একটি সূত্র নাজলা আল-মানগুশের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়া হয়েছিল।

তিনি গত সপ্তাহে ইতালির রোমে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠক করেছিলেন।

বৈঠকের বিষয়টি কোহেন গতকাল প্রকাশ করার পর থেকে লিবিয়া জুড়ে বড় ধরনের বিক্ষোভ চলতে থাকে। এরই মাঝে গুজব ছড়ায় যে নাজলা দেশ ত্যাগ করেছেন।

তবে লিবিয়ার আন্তঃনিরাপত্তা সেবা কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে যাননি এবং তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

গত সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন ইসরাইল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে কোহেন বলেন, ‘আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।’

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে এটিই প্রথম এ ধরনের কূটনৈতিক উদ্যোগ

রোববার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়টি প্রকাশ করলে ইসরাইলেও রাজনৈতিক সমালোচনা শুরু হয়।

সূত্র : আলজাজিরা

জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনো কোনো আন্দোলন সফল হয় না। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, এমন আন্দোলন পৃথিবীতে কখনোই সফল হয়নি। জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণআন্দোলন সফল হয়নি, এদেশেও হবে না।’

সোমবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলানায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না। বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। জনগণ যে আন্দোলনে নেই, ওই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন, জাতীয় পার্টিরও একজন রয়েছেন। রাজনৈতিক আলোচনা দেশেও হচ্ছে, বিদেশেও গিয়ে করছেন। রাজনীতি করেন, কিন্তু ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে।’

তিনি বলেন, ‘বিএনপি আবারো ক্ষমতায় গেলে এদেশে রক্তের বন্যা বইয়ে দিবে। মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে নিশ্চিত।’

আইইবির সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আইইবির সাবেক সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধুর প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।
সূত্র : বাসস

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সোমবার (২৮ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

ড. ইউনূসকে বারাক ওবামার চিঠি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রোববার (২৭ আগস্ট) মুহাম্মদ ইউনূসের ‘Yunus Centre’ ভেরিফায়েড ফেসবুক পেইজে চিঠিটি শেয়ার করা হয়।

চিঠিতে বারাক ওবামা বলেছেন, দীর্ঘদিন ধরে লোকেদের তাদের পরিবার এবং সম্প্রদায়কে দারিদ্র্য থেকে বের করে আনার উপায় বের করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউজে আপনার সাথে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কাজ লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনা কল্পনা করতে অনুপ্রাণিত করেছে।

চিঠিতে বারাক ওবামা আরো উল্লেখ করেছেন, আমি আশা করি এটি আপনাকে জানার শক্তি দেবে যে, আপনি যাদের সম্ভাবনায় বিনিয়োগ করেছেন এবং আমরা যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি, তারা আপনার সম্পর্কে ভাবছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে।

জামায়াত-বিএনপি ক্ষমতা গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত-বিএনপির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে

রোববার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।

আনিসুল হক বলেন, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা আজ বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, তা সারা বিশ্বে বাঙালি জাতির মর্যাদা বৃদ্ধি করেছে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে।

তিনি আরো বলেন, যে বঙ্গবন্ধুকে পাকিস্তানী শাসকগোষ্ঠীও হত্যা করার সাহস পায়নি তাকে হত্যা করেছে এদেশেরই কিছু মীরজাফর-বিশ্বাস ঘাতক। তাকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। কারণ খুনীরা জানতো বঙ্গবন্ধুর পরিবারের একজনও বেঁচে থাকলে তাকে দাবিয়ে রাখা যাবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ মো: হামিদুর রহমান।

সূত্র : বাসস

কুমিল্লায় বিএনপির ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫০

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির প্রতিনিধি সভায় হামলা, ভাঙচুর, বাড়িঘর লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ ৫০ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

শনিবার (২৬ আগস্ট) ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলামের উন্দানিয়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, বেলঘর উত্তরে আমাদের একটি প্রতিনিধি সভা ছিল। বিকেল ৪টার দিকে আমার সেখানে যাবার কথা। এর আগেই শুনি দুপুর ২টা থেকে আওয়ামী লীগের লোকজন সেখানে মহড়া দিচ্ছে। তারা লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের লোকজন। বাগমারা থেকে তাদের ভাড়া করে আনা হয়। ২টার পর তারা প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলি চালায়। এ সময় যুবদল নেতা ফিরোজ ও মনির গুলিবিদ্ধ হন, একজনের মাথায় গুলি লাগে। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়া তাদের লোকজন মফিজুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার জানান, গৈয়ারভাঙ্গা-বেলঘর সড়কে মিছিল চলাকালে বিএনপির লোকজন আমাদের লোকজনের ওপর গুলি করে। এতে আমাদের আট থেকে নয়জন আহত হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার জানান, বেলঘরের উন্দানিয়া গ্রামে বিএনপির একজন অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার কথা ছিল মনিরুল হক চৌধুরীর। এ সময় ওই গ্রামে আওয়ামী লীগের একটি শান্তি সমাবেশ হচ্ছিল। আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে যাবার সময় বিএনপির লোকজন ইটপাটকেল ছুঁড়লে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

শেখ হাসিনার বিকল্প কোনো নেতা বাংলাদেশে নেই : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) মতো জনদরদী নেতা বাংলাদেশে আর কেউ নাই। তার মত দক্ষ প্রশাসক দেশে আর নাই। বিশ্ব সংকটে যিনি বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন, তার চেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশে আর কেউ নাই। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার বিকল্পও কেউ নাই। সব দলের কাছে জানতে চাই, বুকে হাত দিয়ে বলুন শেখ হাসিনার মতো যোগ্য নেতা আর কে আছে?’

ওবায়দুল কাদের শনিবার (২৬ আগস্ট) বিকেলে মিরপুর-১ দারুস সালাম বালুর মাঠে জাতীয় শোক দিবস ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের কাছে আমি জানতে চাই, শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী কে আছেন? তার মতো জনদরদি নেতা কে আছেন? আমি সব দলের কাছে জানতে চাই, শেখ হাসিনা ছাড়া যোগ্য নেতা কে আছে? বিএনপি কাকে নেতা বানাবে?’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ কি চায় শেখ হাসিনা পদত্যাগ করুক? আদালতের আদেশে কেয়ারটেকার সরকার কবরে ঘুমিয়ে আছে। সেটা কি আর এ দেশের জনগণ চায়? তারা (বিএনপি) কেন চায়? আসলে তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে ক্ষমতায় এলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা! এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারা ক্ষমতায় এলে বাকিটা এক রাতের মধ্যে শেষ করে দেবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তাই তাকে বিজয়ী করতে হবে। তিনি হেরে গেলে বাংলাদেশর উন্নয়ন হেরে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে আগুন হাতে আসলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলে মনে হবে বিদেশে আছি। শেখ হাসিনা জনগণের প্রতি যে প্রতিজ্ঞা করেন তা রক্ষা করেন। সামনে তারা চোখে অন্ধকার দেখবে। তাদের ভোট দিলে তারা বাংলাদেশকে গিলে খাবে। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে। তারা আছে সেই ধান্দায়।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সূত্র : বাসস