Home Blog Page 630

ইরানে বিক্ষোভে গ্রেফতার হওয়া ২২ হাজার বিক্ষোভকারীকে সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই সোমবার এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে ইজেই বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এরমধ্যে ২২ হাজার ব্যক্তি রয়েছে, যারা বিক্ষোভে গ্রেফতার হয়েছিলেন। তবে তাদের কত সময় মেয়াদি ক্ষমা করা হয়েছে, তাদের বিরুদ্ধে কখন অভিযোগ গঠন করা হয়েছিল তা জানা যায়নি। তিনি শুধু বলেন, যাদের ক্ষমা করা হয়েছে তারা চুরি বা সহিংস অপরাধ করেননি।

শুক্রবার চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের সাত বছরের সম্পর্কের স্থবিরতার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং পুনরায় দূতাবাস চালু চুক্তির পর এ ঘোষণা দিল তেহরান। তবে ইরান তাদের পূর্বের এক প্রতিবেদনে বলেছিল, ইরান সরকার পবিত্র রমজান মাসের আগে বিক্ষোকারীদের ক্ষমা করতে পারে। গত সেপ্টেম্বরে হিজাববিরোধী আন্দোলনের জন্য ২২ বছর বয়সি মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীকে আটক করে দেশটির নীতি পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে চারদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমনপীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। হাজার হাজার লোককে আটক করা হয়।

বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা অন্তত ২০০ জনকে হত্যা করেছেন। শত শত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের মানবাধিকার কর্মীদের মতে, বিক্ষোভ চলাকালীন ১৯ হাজার ৭০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ সহিংসভাবে বিক্ষোভ দমন করায় কমপক্ষে ৫৩০ জন নিহত হয়েছেন। যদিও দেশটি গত কয়েক মাস ধরে কোনো মৃতের সংখ্যা প্রকাশ করেনি।

বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা ওড়ানো বাধ্যতামূলক, মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি

ঢাকা ডেস্ক : আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার (১২ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—‘‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ শুক্রবার সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।’’ উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সূত্র : বাংলা ট্রিবিউন

অবশেষে সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

জন্মভূমি ডেস্ক : দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কেনার আগ্রহ দেখিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গত শুক্রবার ব্যাংকটি দেউলিয়া হয়। এর পরপরই সেটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মাস্ক। প্রযুক্তি প্রতিষ্ঠান রেজারের প্রধান মিন-লিয়াং তান এক টুইট বার্তায় বলেন, টুইটার এসভিবি কিনে তা ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করতে পারে। এর প্রতিক্রিয়ায় টুইটারের প্রধান ইলন মাস্ক লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি আগ্রহী। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স প্রধান মাস্ক এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার এসভিবি ঘোষণা করে, আর্থিক ক্ষতির কারণে তারা বেশ কয়েকটি সিকিউরিটিজ বন্ধ করে দিচ্ছে। ব্যালেন্সশিট ধরে রাখতে ২২৫ কোটি ডলারের নতুন শেয়ার বিক্রি করবে তারা। এ ঘোষণার পর ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে। এরপর শুক্রবার সকালে এসভিবি তাদের শেয়ার বন্ধ করে দেয়।

বেটার মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম কেলেহার বলেছেন, এসভিবির অবস্থার এত দ্রুত অবনতি হয়েছিল যে এটি আর পাঁচ ঘণ্টাও টিকে থাকার অবস্থায় ছিল না। কারণ আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছিলেন। ফলে ব্যাংকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়। এ ছাড়া সিলিকন ভ্যালি ব্যাংকের দেউলিয়া হওয়ার পেছনে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধিও একটি কারণ বলে মনে করেন ডেনিস এম কেলেহার। তিনি বলেন, যখন সুদের হার শূন্যের কাছাকাছি ছিল, তখন ব্যাংকগুলো কম ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু মুদ্রাস্ফীতির লাগাম টানতে গিয়ে ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়িয়েছে, তখন সম্পদের দাম কমে গেছে। অন্যদিকে ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের আর্থিক সেবদাতা প্রতিষ্ঠান মুডির প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেছেন, সুদের উচ্চহার প্রযুক্তিশিল্পে আঘাত হেনেছে। প্রযুক্তির স্টকগুলোর দাম কমে গেছে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর তহবিল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যাংকে রাখা টাকা উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। ব্যাংকিং খাত স্বাভাবিক আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

কমলা হ্যারিসকে বাদ দিতে বাইডেনকে অনুরোধ হলিউড তারকাদের

জন্মভূমি ডেস্ক : কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ার জন্য হলিউডের ডেমোক্র্যাটপন্থী তারকারা প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ফাইভ থার্টি এইট পোলিং সাইট অনুসারে, কমলার জনপ্রিয়তা কমে গিযেছে। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোটার তার বিরোধিতা করেছেন এবং মাত্র ৪১ দশমিক ৯ শতাংশ তাকে সমর্থন করেছেন।

বার্তা সংস্থা সিএনএন বলেছে যে, হলিউডের বেশ কয়েকজন তারকা ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর বারবারা বক্সারের সাথে একটি জুম কলে ভাইস-প্রেসিডেন্টকে নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। অস্কার বিজয়ী অভিনেত্রী হেলেন হান্ট, অভিনেতা রন লিভিংস্টন এবং বেভারলি হিলস, ৯০২১০ তারকা গ্যাব্রিয়েল কার্টেরিসের মতো তারকারাও ওই কলে ছিলেন। সিএনএন-এর মতে, তারাকারা সিনেটে কমলার পূর্বসূরি বক্সারের কাছে অভিযোগ করেছেন যে, ভাইস-প্রেসিডেন্ট একটি রাজনৈতিক দায়বদ্ধতা, যা কমলা ঠিকমতো পালন করতে পারছেন না। তবে শুধু হলিউডই কমলার বিরোধিতা করেনি, জানুয়ারিতে ম্যাসাচুসেটস সিনেটর এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ওয়ারেনও কমলার বিরোধিতা করেছেন। এসব ঘটনায় ডেমোক্র্যাট কৌশলবিদদের মধ্যে শঙ্কার ঘণ্টা বাজছে৷ কমলার সাথে হলিউডের মোহভঙ্গের ঘটনা বিনোদন শিল্প এবং পার্টির মধ্যে দীর্ঘ সম্পর্ককে বিবেচনা করে ডেমোক্র্যাট কৌশলবিদদের উদ্বেগ বাড়াচ্ছে।

হলিউড তারকারা পার্টির জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সমর্থনও দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, বাইডেন ২০২০ সালের প্রচারাভিযানে এক রাতে ৭ লাখ ৫০ হাজার ডলার সংগ্রহ করেছিলেন। হলিউড কমলা হ্যারিসকে স্বাগত জানিয়েছিল যখন তিনি প্রথম মহিলা এবং প্রথম আমেরিকান এবং দক্ষিণ-এশীয় আমেরিকান ভাইস-প্রেসিডেন্ট হন। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মহিলাদের জন্য এ অসাধারণ মুহূর্তটি দেখে চোখে পানি চলে এসেছে,’ অপরাহ উইনফ্রে সেই সময়ে টুইট করেছিলেন। সমালোচকরা বলছেন যে, মেক্সিকান সীমান্তে অভিবাসন সঙ্কট মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় কমলার সমর্থকরা হতাশাগ্রস্থ হয়েছেন।

উল্রেখ্য যে, বাইডেন যদি ২০২৪ সালের নির্বাচনে আবারও অংশ নেন, তখন তার বয়স হবে ৮১ বছর। সে সময় তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবে সেটিও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। সাম্প্রতিক মাসগুলোতে, কমলার অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা করা হয়েছে, বিশেষত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার হাই-প্রোফাইল উপস্থিতি, ইউক্রেনের প্রতি  যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনকে নির্দেশ করে। ডেমোক্র্যাটরা বিশ্বাস করেন যে, গর্ভপাতের বিষয়ে তার অবস্থান আগামী বছর নারী ভোটারদের সমর্থন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। ক্যাপিটল হিলেও কমলার শক্তিশালী মিত্র রয়েছে। নিউ জার্সির সিনেটর কোরি বুকার তাকে একটি অমূল্য সম্পদ হিসাবে বর্ণনা করে বলেছেন, ‘কিছু কঠিন যুদ্ধক্ষেত্রে স্পষ্টভাবে তিনি খুব শক্তিশালী হতে চলেছেন।’ সূত্র: দ্য টেলিগ্রাফ।

নিউইয়র্কে মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং ১৮ মার্চ শনিবার

নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইনক’র ‘মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং আগামী ১৮ মার্চ শনিবার। ৭৮-০৪ ৩১ এভিনিউ ইস্ট এলহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭০ ঠিকানায় প্রতিষ্ঠিত মসজিদ ভবনটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে ঐদিন বেলা ১২টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Screenshot 1 2
মসজিদ আবু হুরায়রা

সংশ্লিস্টরা জানান, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। আলোচক থাকবেন কানাডার বিশিষ্ট ইসলাসিক স্কলার মোহাম্মদ আসলামউদ্দিন আল আজহারী ও নিউইয়র্কের দারুস সালাম মসজিদের খতিব মওলানা আব্দুল মুকিত। এতে সভাপতিত্ব করবেন ‘মসজিদ আবু হুরায়রা’র খতিব মোহাম্মদ ফায়েক উদ্দিন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এ রউফ, বোর্ড অব ট্রাষ্টির সদস্য এটর্নী মঈন চৌধুরী এবং জেনারেল সেক্রেটারী নবি হোসাইন অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন।

নিউইয়র্ক প্রতিনিধি: অধ্যাপক দেলোয়ার হোসেন ও আখতার হোসেন বাদল নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপির সভায় যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমটি এখন সময়ের দাবী। এক যুগ পড়ে হলেও তিন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে কমিটি গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে প্রবাসের যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (১২ মার্চ) সন্ধ্যায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক আখতার হোসেন বাদল। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মহিন উদ্দিন আহমেদ এবং সভা পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি সালেহ আহমেদ মানিক। সভায় অন্যান্যের মধ্যে ষ্টেট বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন, প্রচার সম্পাদক তাইবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আখতার হোসেন বাদল বলেন, এক যুগ হয়ে গেলো যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি নেই। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমটি এখন সময়ের দাবী। আমাদের নেতা বেগম খালেদা জিয়া আর তারেক রহমান। তাদের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। আমরা তাদের সকল সিদ্ধান্ত আর যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বলেন, আমরা কমিটিতে পদ পেলেও বিএনপি করি, করবো, পদ না পেলেও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রাজনীতি করবো। তবে দলে যোগ্য ও ত্যাগী নেতার মূল্যায়ন হবে এটাই আমাদের প্রত্যাশা।

সভায় দলীয় নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং সাবেক যুগ্ম সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাদল-কে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বে দেখতে চান বলে কেন্দ্রের প্রতি দাবী জানান। সভায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও ষ্টেট বিএনপি’র প্রচার সম্পাদক মোহাম্মদ তায়েবুর রহমানের শশুর কুমিল্লা জেলার হোমনা থানার শীতারাপুরবাসী আব্দুল বারী মাস্টারের ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সোহেল।

সভায় আগামী ২৬ মার্চ রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। স্বাধীনতা দিবস ও ইফতার ও মাহফিল সফল করতে সালেহ আহমেদ মানিক-কে আহ্ববায়ক, মহিন উদ্দিন আহমেদ-কে প্রধান পৃষ্ঠপোষক ও দেলোয়ার হোসেন শিপন-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।

সভায় উল্লেখ নেতা-কর্মীদের মধ্যে মোহাম্মদ টি রহমান, নাজমুল হাসান, মোহাম্মদ ইব্রাহীম, কামরুল হাসান, নূর আমীন, মোহাম্মদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যেগে চট্টগ্রামে সীমা অক্সিজেন কারখানার দূর্ঘটনায় আহতদের মাঝে  ফল সামগ্রী বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে বিভিন্ন ফল সামগ্রী বিতরণ করলেন সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ । আজ বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের ছাড়াও অন্যান্য  রোগীদের মাঝে এইসব ফল সামগ্রী বিতরণ করা হয়।

f 2

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, করোনাকালীন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া। তিনি আহত  রোগীদের সাথে কুশল বিনিময়কালে তাদের  চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন। এসময়  উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত বছর সিলেটের ভয়াবহ বন্যা দুর্গত মানুষের মাঝে  সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে সীমা স্টিলের কয়েক ট্রাক ত্রাণ সহায়তার কথা স্মরণ করে তাঁরা বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকে সেবা  সংগঠনটি। এসময় আরো  উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো: শহীদুল ইসলাম, সদস্য সচিব উৎফল বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো: আকরাম হোসেন, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী, রানা বড়ুয়া, ডা: বিজয় বড়ুয়া, জামাল উদ্দিন। 

f 1

উল্লেখ্য, সিলেট ও চট্টগ্রাম দুই জেলার মানুষের মাঝে সম্প্রীতি ও বন্ধুত্ব বৃদ্ধি এবং পর্যটন,  ইতিহাস ঐতিহ্য, শিক্ষা,  সাহিত্য, সংস্কৃতি  বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি ২০১৭ সাল থেকে  মানবিক সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন।

রোহিঙ্গা সঙ্কট ভুলে যাওয়ার নয় : ইইউ উচ্চ প্রতিনিধি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বাংলাদেশে রোহিঙ্গাদের চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে বৈঠকের পর তিনি বলেন, ‘এই সঙ্কট ভুলে যাওয়ার নয়। ইইউ ২০১৭ সাল থেকে ২৮৭ মিলিয়ন ইউরোসহ বৃহত্তম মানবিক সহায়তাদানকারীদের মধ্যে একটি।

তারা বর্তমান সময়ে বৈশ্বিক সঙ্কট- জলবায়ু পরিবর্তন ও স্বল্পোন্নত দেশগুলোর দুর্বলতা এবং একইসাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনা করেছেন।

শাহরিয়ার বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিশ্ব-সংক্রান্ত বিষয়ে কথা বলতে ইইউ-এর পররাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের সাথে দেখা করে ভালো লাগছে।’

সূত্র : ইউএনবি

ভারতে হিজাব মামলাগুলোর শুনানি জরুরি করার আবেদন খারিজ

ভারতে হিজাব ইস্যুতে করা মামলার আবেদনগুলোর জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

যে আবেদনগুলোর শুনানি আপৎকালীন ভিত্তিতে করার আবেদন ছিল, সেখানে কর্নাটক সরকারের তরফে জারি করা এক নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়। মামলায় আবেদন ছিল, যাতে কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের হিজাব পরার অনুমতি দেয়া হয়। সে আবেদনসাপেক্ষে একগুচ্ছ মামলার আবেদনের জরুরিকালীন শুনানির আবেদনকে শুক্রবার খারিজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

শরিয়ত কমিটির পক্ষ থেকে করা হয়েছিল মামলাটি। সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আমি এগুলোর (মামলাগুলো) তালিকা করব হোলির ছুটির পর। আমি একটি বেঞ্চ গঠন করব।’

উল্লেখ্য, ৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে সুপ্রিম কোর্টের হোলি উৎসবের ছুটি।

এদিকে, কর্নাটকে পরীক্ষা শুরু হচ্ছে ৯ মার্চ থেকে। সেই পরীক্ষা চলাকালীন যাতে হিজাব পরা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে কর্নাটক সরকারের নিষেধাজ্ঞা উঠে যায়, তার আবেদন জানানো হয়েছিল।

আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, গত দুই মাসে দুই বার এই বিষয়ে আবেদন জানানো হয়েছে। যার প্রত্যুত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি কি করতে পারি, আমি যদি শেষ দিনে আসি?’ এরপর আইনজীবী প্রশ্ন তোলেন, ‘তাহলে পরীক্ষা নিয়ে কী বলবেন?’ উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’

এর আগে ২২ ফেব্রুয়ারি এই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তিনি এই বিষয়ে খুব শিগগিরই একটি তিন বিচারপতির বেঞ্চ গঠন করবেন। সেই সময় উঠেছিল এই হিজাব প্রসঙ্গে আগের একটি মামলার কথা। যে মামলার রায় ২০২২ সালের অক্টোবরে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলায় দুই বিচারপতির বেঞ্চ ছিল। আর দুই বিচারপতি একে অপরের থেকে পৃথক রায় দিয়েছিলেন। কয়েকজন শিক্ষার্থীর করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের দ্বিধাবিভক্ত রায় আসে। তাই ফের আবেদন যায় সুপ্রিম কোর্টে। তখনই দেশের শীর্ষ আদালত নতুন তিন বিচারপতির বেঞ্চ গঠনের কথা বলে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা নিয়ে স্থানীয় জনতা-পুলিশ সংঘর্ষ

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, আহমদিয়াদের বাড়িঘর ও দোকানে ভাংচুর করে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ মার্চ) এ ঘটনা ঘটে।

তৌহিদী জনতার ব্যানারে উচ্ছৃংখল জনতা আহমদনগরে আহমদিয়াদের কয়েকটি বাড়িঘর ভাংচুর করে আগুন দিয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় পৌরসভা এলাকার কয়েকটি মসজিদ থেকে মুসুল্লিরা পঞ্চগড় সিনেমা হল রোডসহ চৌরঙ্গী এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের সাথে অচেনা অনেক মানুষ যোগ দেয়। এক সময় তারা পঞ্চগড়-ঢাকা সহাসড়ক অবরোধ করে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে লাঠিচার্জ শুরু করলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ পিছু হটে। পরে সিনেমা রোডের আহমদিয়াদের মালিকানাধীন দুটি দোকানে ভাংচুর করে মালামাল বের করে সড়কে ফেলে আগুন জ্বালিয়ে দেয় জনতা। করতোয়া নদীর পাড়ে ট্রাফিক পুলিশ অফিস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় তারা। এ সময় সাতটি মোটরসাইকেল পুড়ে যায়।

একই সময় ধাক্কামারা গোল চক্করে পুলিশ বক্স ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়। এ সময় সেখানে কয়েকটি দোকানে ভাংচুর করা হয়।

পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জেলা শহরের মসজিদ পাড়া গ্রামের আরিফ (২৭) নামের এক যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ভাংচুর ও আগুনের ছবি তুলতে গেলে এসএ টিভির প্রতিনিধি কামরুজ্জামান টুটুলকে বেধড়ক মারপিট করে বিক্ষুব্ধ লোকজন। আরো কয়েকজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের লাঞ্ছিত করা হয়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা শহরের অদূরে আহাম্মদনগর গ্রামে আহমদিয়াদের জলসা অভিমুখে মিছিল নিয়ে রওয়ানা দিলে চৌরঙ্গি মোড় এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়। সেখান থেকে মুসুল্লিরা জেলা শহরে সিনেমা হল সড়কে পিছু হটে।

বিকেলে করতোয়া নদী হেঁটে ও নৌকায় পার হয়ে উচ্ছৃংখল লোকজন আহমদনগরে প্রবেশ করে আহমদিয়াদের ১২-১৫টি বাড়িঘর ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের হামলায় কয়েকজন আহমদিয়া আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।