ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক জোটে নির্বাচন করবে। এই দুই দলের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো থেকে নির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই নিজ নিজ জোটে থাকবেন। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে হচ্ছে পৃথক মোর্চা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এই সূত্র বলছে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী দল ও প্রার্থীদের কাছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটগত অবস্থান জানাতে ইসির পক্ষ থেকে সম্প্রতি পৃথক চিঠি দেওয়া হয়েছিল। ইসির চিঠির জবাবে দল ও নির্বাচিত সংসদ সদস্যদের সবাই জোটগত অবস্থান জানিয়েছেন।
সূত্র বলছে, এ ক্ষেত্রে বিএনপি থেকে নির্বাচিত ২০৮ জন সংসদ সদস্য এক জোটে থাকবেন। তাদের জোট শরিক গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত তিন এমপিও এই জোটে থাকবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ৬৮ জন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন। তাদের সঙ্গে আরও যুক্ত হবেন জোট শরিক খেলাফত মজলিসের আসন থেকে নির্বাচিত আবুল হাসান (সিলেট-৫) ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ (ময়মনসিংহ-২)। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটেই থাকবেন না বলে ইসিকে জানিয়েছেন।
এদিকে, স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাতজন সংসদ সদস্যের মধ্যে ছয়জন আলাদা মোর্চায় নির্বাচন করবেন। স্বতন্ত্র থেকে নির্বাচিত বাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো জোটে থাকবেন না বলে ইসিকে জানিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য বরগুনা-১ আসনের মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহও কোনো জোটে থাকবেন না।
ইসির সচিব আখতার আহমেদও একই তথ্য নিশ্চিত করে বলেছেন, আগামী ৬ এপ্রিল ইসির ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সংরক্ষিত নারী আসনের তপশিল ঘোষণাসহ এসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে ইসি। গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব মমতাজ-আল-শিবলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়, দুই নির্বাচনের যাবতীয় তথ্য ও ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরির জন্য লে-আউট প্রস্তুতে ১৮ জন কর্মকর্তাকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্ম সচিবকে। সদস্য সচিব থাকবেন সিনিয়র সহকারী সচিব।




