বিশ্ব ফুটবলের পরাশক্তি ইতালি আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টানা দুই বিশ্বকাপে না খেলতে পারার বেদনা কি এবার ঘুচবে, নাকি ১২ বছরের দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে? সেই উত্তর খুঁজতেই আজ রাতে বার্গামোতে প্লে-অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আজ্জুরিরা। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করার লজ্জা এড়াতে জেনারো গাত্তুসোর শিষ্যদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।
লুচিয়ানো স্পালেত্তির বিদায়ের পর দলের হাল ধরেছিলেন গাত্তুসো। তার অধীনে ইতালি ‘গ্রুপ আই’-এ রানার্সআপ হয়ে প্লে-অফে জায়গা করে নিলেও পথটা মোটেও মসৃণ ছিল না। বিশেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন নরওয়ের কাছে বড় ব্যবধানে হার দলের ভঙ্গুর চিত্রটাই ফুটিয়ে তুলেছে। ২০০৬ সালে বিশ্বজয়ী দলের সদস্য গাত্তুসোর সামনে এখন কোচ হিসেবে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।
তবে মাঠের লড়াইয়ের আগে ইনজুরিই ইতালির বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। মাঝমাঠের কাণ্ডারি সান্দ্রো টোনালি ও আক্রমণভাগের প্রধান অস্ত্র ফেদেরিকো কিয়েসাকে ছাড়াই নামতে হচ্ছে গাত্তুসোকে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন স্কামাক্কা, বাস্তোনি ও মানচিনিরা। রক্ষণের কালাফিওরিকে নিয়েও রয়েছে অস্বস্তি।
গাত্তুসো অবশ্য আশাবাদী। তিনি জানান, ‘পুরো মন থেকে চাই আমরা লক্ষ্য অর্জন করি। এই দলটি সেটা প্রাপ্য।’ আজ নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে ইতালির সামনে শেষ বাধা হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনা। পরাজয় মানেই ইতালিয়ান ফুটবলের জন্য আরও এক অন্ধকার অধ্যায়ের সূচনা।




