গত মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মায়ামিকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিয়ারের প্রথমবার শুক্রবার হোয়াইট হাউজে গিয়ে উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। যেখানে ট্রাম্প মেসিকে পেলের চেয়ে ভালো ফুটবলার বলে মন্তব্য করেছেন। পাশাপাশি নিজের ছেলে ব্যারন ট্রাম্পকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মেসির ভক্ত বলে জানিয়েছেন।
এ সময় ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জ মাসের সঙ্গে ইষ্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা মায়ামির একটি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া মায়ামির মালিক ও কোচ হাভিয়ের মাশ্চেরানোর কাছ থেকে জার্সি ও ঘড়ি উপহার পান ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যেটা বলতে পারেনি, সেটাই বলতে পারছি আমি- লিওনেল মেসি, তোমাকে হোয়াইট হাউজে স্বাগতম।’ মজার ব্যাপার হলো মেসির হোয়াইট হাউজে আগমনের খবর নাকি ট্রাম্পও জানতেন না। ছেলের কাছ থেকে শুনেছেন তিনি, ‘আমার ছেলে বলেছিল, বাবা, তুমি কি জানো এখানে কে আসতে যাচ্ছে? আমি বললাম, না, অনেক কিছুই তো হচ্ছে। সে বলল মেসি।’
ট্রাম্পের ছেলে মেসি এবং পর্তুজিগ সুপার স্টারের ভক্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘সে তোমার অনেক বড় একজন ভক্ত। তার মতে তুমি অসাধারণ একজন মানুষ। আমার ধারণা এর আগে তোমাদের দেখাও হয়েছে। সে ফুটবলের অনেক বড় ভক্ত, তবে তোমারও একনিষ্ঠ ভক্ত। আর রোনাল্ডো নামের একজন ভদ্রলোকেরও (ভক্ত)। ক্রিস্টিয়ানো দারুণ। তুমিও দারুণ।’
অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্পের কাছে আমেরিকান ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান গ্রেট পেলের খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়। তিনি মেসির দিকে তাকিয়ে বলেন, ‘তুমি হয়ত পেলের চেয়েও ভালো।’ তারপর দর্শকদের উদ্দেশে তার প্রশ্ন, কে বেশি ভালো? সেখানে উপস্থিত বেশিরভাগই রায় দেন মেসির পক্ষে। তাতে সুর মিলিয়ে ট্রাম্প বলে উঠেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত। তবে সে অনেক ভালো, পেলে আসলেই ভালো।’




