Home Blog

এবার জার্মানিতে জেন-জি বিক্ষোভ সহিংস, দোকানপাটে লুটপাট

জার্মানিতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়েছেন। এ সময় আরও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে পুলিশ।

শনিবার জার্মানির বড় শহরগুলোতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেন জেড রেগেল্ট’ (জেন-জিরাই দায়িত্ব নেবে) নামের একটি সংগঠনের উদ্যোগে দেশটির ৩৪টি শহরে এ কর্মসূচি পালিত হয়। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য।

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে, জীবনযাত্রার ব্যয় কমাতে হবে এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়া শিক্ষা, সামাজিক সেবা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় কমানোরও প্রতিবাদ জানান তারা।

জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তৎপর হতে দেখা যায়।

জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। ছবি: রয়টার্স

জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। ছবি: রয়টার্স

ফ্রাঙ্কফুর্ট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, শহরের কেন্দ্রে সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমাও নিক্ষেপ করা হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে শহরের কেন্দ্রীয় এলাকা এড়িয়ে চলার অথবা সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। তবে আয়োজকেরা শুরুতে দেশজুড়ে ১ লাখ ৮২ হাজার মানুষের অংশগ্রহণের আশা করেছিলেন। তাদের ওয়েবসাইটে উল্লেখ করা প্রায় ৩৬ হাজার অংশগ্রহণকারীর তুলনায় পুলিশের হিসাব অর্ধেক।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের বিক্ষোভের বড় অংশই ছিল শান্তিপূর্ণ। তবে উগ্রপন্থী গোষ্ঠীগুলো এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। হামবুর্গে কয়েকটি ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

‘জেন জেড রেগেল্ট’-এর মুখপাত্র লিনা ফ্রিডরিখ শনিবার বার্লিনে বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার জন্য আমরা এখানে এসেছি।’

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় আরও ভালো সহায়তা নিশ্চিত করাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধী এবং দায়িত্বের বোঝা সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।

জার্মানির কোলনে স্কুলে অর্থায়ন সংকট, শিক্ষা, সামাজিক সেবা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে ব্যয় কমানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রতিবাদে ‘জেন জেড রেগেল্ট’ আয়োজিত দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন মানুষ। ছবি: রয়টার্স

জার্মানির কোলনে স্কুলে অর্থায়ন সংকট, শিক্ষা, সামাজিক সেবা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে ব্যয় কমানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রতিবাদে ‘জেন জেড রেগেল্ট’ আয়োজিত দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন মানুষ। ছবি: রয়টার্স

আতঙ্কে দোকানের জানালা বন্ধ

জার্মানির কয়েকটি শহরে বিক্ষোভ ঘিরে সহিংসতার আশঙ্কায় আগেভাগেই দোকানপাট বন্ধের প্রস্তুতি নেওয়া হয়। বার্লিনের অভিজাত কুরফুরস্টেনডাম বিপণিবিতান এলাকার কিছু দোকানের জানালা কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জার্মানির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির উগ্র বামপন্থী গোষ্ঠীর কিছু অংশ এবং বিদেশি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী আন্দোলনে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছে।

হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক বলেন, ফ্রান্সের বিক্ষোভে দোকানপাট লুটপাট, বাড়িঘরে আগুন, পুলিশের গাড়ি পোড়ানো এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দৃশ্য সবার মনে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্সকে আদর্শ হিসেবে তুলে ধরা উচিত নয়।

অন্যদিকে মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ১৮ বছর বয়সী স্টিভের। তিনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উদ্দেশে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের উদ্বেগের কোনো সমাধান দেওয়া হয়নি। বরং ব্যয় সংকোচন ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সমাবেশ করার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে যাবেন।

জার্মানিতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়া এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় পেনশন ও সরকারি সেবা খাতেও চাপ তৈরি হয়েছে।

তবে আন্দোলনটি কতটা প্রকৃত অর্থে তরুণদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, এতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ রয়েছে। দেশটির জাতীয় স্কুলশিক্ষার্থী সংগঠন বিএসকে এই উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তারা আগামী ২০ নভেম্বর আলাদা বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকারও শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানান। বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর বেহাল অবস্থা তুলে ধরাই তার উদ্দেশ্য। রয়টার্সকে তিনি বলেন, ভবনের ভেতরে প্রবেশ করলে পরিত্যক্ত বাড়ির মতো মনে হয়। অথচ শিক্ষার্থীদের নিয়মিত সেখানে পড়াশোনা করতে হচ্ছে।

জামায়াত জোটের লংমার্চ গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রশ্ন

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কিনা– জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেকটিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’

১১ দলের নেতারা অভিযোগ করেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে যে চুক্তি হচ্ছে, তাতে আদতে কক্সবাজার থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে করিডোর দেওয়া হবে। এই চুক্তি মানবে না জামায়াত জোট।

গণভোটের ফল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার ঢাকা থেকে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ করে জামায়াত জোট। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ থেকে শুরু হওয়া লংমার্চ রাতে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দেড় হাজারের মতো গাড়ি অংশ নেয়। পথে পথে হয় পথসভা। পুরো পথে রাস্তার দুই পাশে ছিলেন জামায়াত এবং জোটের শরিক দলের নেতাকর্মীরা।

প্রতারণা করে সরকার পার পাবে না
গতকাল সকালে রাজধানীর গুলিস্তান, জিপিও এলাকায় জমায়েত হন জামায়াতের হাজারো নেতাকর্মী। ১১ দলের শরিকদের মধ্যে খেলাফতের কিছু নেতাকর্মী ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ সাত দফা দা‌বি‌তে লংমার্চ কর‌ছে জামায়াত জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল তারা। আগামী ২১ নভেম্বর হ‌বে সিলেট অভিমুখে লংমার্চ।

খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। ভারত ও আওয়ামী লী‌গের সম্প‌র্কের প্রতি ইঙ্গিত ক‌রে তিনি বিএন‌পি সরকা‌রের উদ্দে‌শে ব‌লেন, ‘অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।’

সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে অলি আহমদ বলেন, ব্যবস্থা ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। মামুনুল হক বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে। জনগণকে অসম্মান করছে।

যশোরের মুড়লী মোড়ে লংমার্চে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে।
যশোরে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার যদি ক্রসফায়ার দেওয়া শুরু করে, তাহলে নিজের দলে আর লোক খুঁজে পাবে না। বিএনপির সবাই চাঁদাবাজি করে না– এটা যেমন সত্য। আবার যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপি– এটিও তেমন সত্য।

এনসিপির শীর্ষ নেতারা ছিলেন না 
১১ দলের শীর্ষ নেতার লংমার্চে অংশ নিলেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছিলেন না। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্য স‌চিব এসএম সাইফ মুস্তা‌ফিজ পথসভায় যোগ দেন। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর বিএনপি প্রার্থীর হাতে মিষ্টি খাওয়ায় জামায়াতের সমালোচনাও করেন হাসনাত।

এন‌সি‌পি সূত্র জানি‌য়ে‌ছে, দল‌টি জামায়াত নিয়‌ন্ত্রিত– এমন সমালোচনা‌কে ভুল প্রমা‌ণে জো‌টের কর্মসূ‌চি‌তে স‌ক্রিয়তা কমা‌চ্ছে। নিজস্ব কর্মসূ‌চি‌ নি‌য়ে সরব হওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।

লংমার্চে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যরা বক্তৃতা করেন।

লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১  
সাতক্ষীরা প্রতিনিধি জানান, লংমার্চের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে খাদে পড়ে গেছে। ওই বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত হন বাসের চালকসহ ১০ জন যাত্রী।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাতক্ষীরার তালা উপজেলার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব মোড়লের ছেলে।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

০

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকরা।

রোববার সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকে সকালেও  মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেছেন। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

টঙ্গীতে ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির একটি ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ পাগাড়ের আলেকের টেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ল্যাবের মালিক নজরুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজরুল পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছে‌লে। তিনি কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানায়।

পুলিশ জানায়, অনলাইনে তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করছিলেন বাপ্পি। তবে ল্যাবটিতে এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি।

অভিযানের সময় বাপ্পি পুলিশকে জানান, তিনি ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। তবে এখনো ইয়াবা উৎপাদন শুরু হয়নি, এমনকি পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়নি। অনলাইনে বিভিন্ন তথ্য দেখে তিনি এ বিষয়ে জানার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ল্যাবটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

দেশে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ১ ডিসেম্বর ময়মনসিংহে সংস্কৃতি প্রতিমন্ত্রী

১ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বা বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। এ উৎসবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য-সংগীতের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের ব্যান্ড সংগীতকে একমঞ্চে তুলে ধরা হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদানগুলো পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিকশিত ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি গাছ যেমন পরিচর্যা, সার-পানি ও সুরক্ষা ছাড়া বড় হতে পারে না, তেমনি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতির বিকাশ সম্ভব নয়।’

ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’

ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’

বর্তমান সংস্কৃতি খাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি বর্তমানে একটি বিপন্ন সময় পার করছে। পাহাড়, সমতলের সংস্কৃতিসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের সংগীত, নৃত্য, কবিতা ও লোকজ সংস্কৃতির অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাপান যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন জাপান যুবদলের রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী ও বাবলু জিয়া মৃধাসহ সংগঠনের পদপ্রত্যাশী নেতারা।

অনুষ্ঠানে অতিথি ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেন। এ ছাড়া সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে যুবদলের ইতিহাস, আন্দোলন-সংগ্রামে সংগঠনটির অবদান, সাংগঠনিক ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রবাসে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

তবুও জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

০

টানা তৃতীয় দিন আলোস্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হওয়ার পরও ম্যাড়মেড়ে ড্র নয়, রোমাঞ্চকর পরিণতির দিকেই এগোচ্ছে ঢাকা টেস্ট। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কত রান করলে জিততে পারবে, সে প্রশ্ন বড় হয়ে উঠেছে। অফ স্পিনার নাঈম হাসানের মতে, ২০০ রানের টার্গেট দিতে পারলে জেতা সম্ভব। তৃতীয় দিনের খেলা শেষে ১০৬ রানের লিড বাংলাদেশের। নাঈমদের প্রত্যাশা মতো আজ চতুর্থ দিন অবশিষ্ট চার উইকেটে আরও ৯৪ রান করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে টাইগাররা। উইকেটে যেভাবে স্পিন ধরছে, তাতে ওই রান করা খুব কঠিন। কারণ জাকের আলী ছাড়া স্বাগতিকদের স্বীকৃত কোনো ব্যাটার আর নেই। মিরপুরের ঘূর্ণি ফাঁদে বোলারদের নিয়ে দ্বিতীয় ইনিংসকে ৭৯ রান থেকে ১৭৩ রানে টেনে নেওয়া ভীষণ কঠিন। কারণ উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেজ দারুণ বোলিং করছেন। গতকাল শুক্রবার বোলিংয়ে ছন্দ পেয়ে যাওয়ায় ক্যারিবীয় শিবিরে আত্মবিশ্বাসের পারদ ওপরে উঠতে শুরু করেছে। তাদের সহকারী কোচ আবার দিনের শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে দ্রুত অলআউট করে ১২৫ রানের লক্ষ্য নির্ধারণ করতে চান তারা।

এ বছর দেশের মাটিতে স্পোর্টিং কন্ডিশনে সাদা ও লাল বলের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ছাড়া বাকি সব সিরিজে সফল ছিলেন নাজমুল হোসেন শান্তরা। ওই পরিকল্পনা থেকে সরে গিয়ে ঢাকা টেস্ট খেলা হচ্ছে স্পিন উইকেটে। এই কন্ডিশনে খেলতে নেমে খেই হারান টাইগার ব্যাটাররা। সাদমান ইসলামের সেঞ্চুরির সুবাদে ২৭২ রান করা সম্ভব হয় প্রথম ইনিংসে। টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত দারুণ ছিল। পরে ব্যাটিং করতে হলে বিপদ ছিল শান্তদের। কারণ উইন্ডিজ স্পিন ইউনিট যথেষ্ট কার্যকর।

বাংলাদেশের বোলিং ইউনিটও পিছিয়ে নেই। উইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করা সে প্রমাণ দেয়। চার উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে সফরকারীরা। তারা পঞ্চম উইকেট হারায় দলের ১৬২ রানে। জাস্টিন গ্রেভস ও রোস্টন চেজ ৯৯ বলে ৫১ রানের জুটি গড়ে লড়াই জমান। জশুয়া বিশপ কিছুটা এগিয়ে নেওয়ায় ২৪৫ রানে পৌঁছায় দলীয় সংগ্রহ। ওই রানে তিন উইকেট হারায় ক্যারিবীয়রা। ১০.৫ ওভারে ৩৩ রানে চার উইকেট নেন নাঈম। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ৫৪, ত্যাগনারায়ণ চন্দরপল ৫৬, জাস্টিন গ্রেভস ৪৬ ও রোস্টন চেজ হার না মানা ৪৩ রান করেন। তবে মুমিনুল হক দুটি ক্যাচ না ফেললে ক্যারিবীয়রা আরও আগে অলআউট হতে পারত। ২৭ রানে চেজ আর ১১ রানে জশুয়াকে জীবন দেন তিনি।

বাংলাদেশ ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে ভুল করতে থাকে। দলীয় ১ রানে ওপেনিং জুটি ভাঙে। জোসেফকে উইকেট দেন তানজিদ হাসান। আরেক ওপেনার সাদমান আউট হন ১৩ রানে। রোস্টনের অফ স্পিন বলে ‘চেজ’ করতে পারেননি তিন-তিনজন ব্যাটার। সাদমান বোল্ড, শান্ত এলবিডব্লিউ আর তাওহীদ হৃদয় ক্যাচ আউট। প্রথম দুজন পার পেলেও সমালোচকদের কাঠগড়ায় হৃদয়। টানা দুই ইনিংসে বাজে শট খেলে বোলারকে উইকেট উপহার দিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের শিকার লিটন দাস ও মেহেদী মিরাজ। ৫৬ রানে ছয় উইকেট হারিয়ে টালমাটাল হয় বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার আগে মুমিনুলের কনকাশন বদলি জাকের আলী ও নাঈম সপ্তম উইকেটে অবিচ্ছিন্নভাবে ২৬ রানের জুটি গড়ে বিপর্যয় ঠেকান।

আলোস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে জাকের ও নাঈম সমান ১৮ রান করেন। মূলত বৃষ্টি ও আলোস্বল্পতা বাঁচিয়ে দেয় বাংলাদেশকে। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা তিন দিন আলো কম থাকার কারণে খেলা বন্ধ করতে হয়েছে। প্রথম দুই দিনের চেয়ে তৃতীয় দিন কম ওভার খেলা হয়েছে। গতকাল দুই দল মিলে খেলেছে ৬৪ ওভার। তিন দিনে খেলা হয়েছে ২০৯ ওভার। ৬০ ওভার তিন বল কম খেলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের প্রভাব আজ থাকবে না। সকাল থেকে খেলা হতে পারে ঝলমলে রোদে।

জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ যাচ্ছেন না নাহিদ ইসলাম ও আখতার হোসেন

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আজ শনিবার ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে। লংমার্চটি রাজধানী থেকে শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট হয়ে যাবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করে জামায়াত জোট। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান, আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে যাত্রা
করবে লংমার্চ।

গোপালগঞ্জ জেলা হয়ে গেলেও সেখানে সমাবেশ করবে না ১১ দল। প্রথম দুই লংমার্চে ১১ দলের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছিলেন। তৃতীয় লংমার্চে এ দুজনের কেউ যাচ্ছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলের প্রতিনিধি হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যাবেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও যেতে পারেন। তবে তা গতকাল রাত পর্যন্ত নিশ্চিত
হওয়া যায়নি।

গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তৃতীয় দফার লংমার্চ হবে। ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ হবে এই লংমার্চ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টায়; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে বেলা ১১টায়; খুলনা মহানগরীর বাবরী চত্বরে দুপুর সাড়ে ১২টায়, ফুলতলার বাসস্টান্ডের স্বাধীনতা চত্বরে বেলা ২টা; যশোরের মুড়লীর মোড়ে বিকেল সাড়ে ৩টায়; ঝিনাইদহের বাস টার্মিনালে বিকেল ৫টায় পথসভা হবে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা হবে রাত সাড়ে ৮টায়।

১১ দলের অন্য শরিকদের অংশগ্রহণ প্রশ্নে জামায়াত সেক্রেটারি বলেছেন, সব শরিক দল নিজ নিজ প্রস্তুতি নিচ্ছে। জামায়াত তার প্রস্তুতি নিচ্ছে। সাত দফা দাবির পক্ষে দেশব্যাপী জনমত গড়ে তোলা এবং সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।
গোলাম পরওয়ার বলেন, প্রথম দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। তিনি আরও বলেন, ঢাকা ও বৃহত্তর ফরিদপুর এবং খুলনা বিভাগের ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকরা লংমার্চে অংশ নেবেন। বিভিন্ন পর্যায়ে প্রায় দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। লংমার্চের কারণে মহাসড়কে সাধারণ মানুষের কিছু অসুবিধা হতে পারে। এ জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করব, যাতে ভোগান্তি কম হয়।

অর্ণবের রেশ না কাটতেই সাগরে নতুন লঘুচাপ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে তাপমাত্রা

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার দুই দিনের মাথায় বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সৃষ্টি হওয়া এই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। রাজশাহীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রাও কিছুটা কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক সমকালকে বলেন, আজ শনিবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রবি ও সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে। পরে বর্ধিত দিনগুলোতে তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে। মূলত আগামী ৪ থেকে ৫ নভেম্বরের দিকে তাপমাত্রা কমতে শুরু করলে রাত ও ভোরের দিকে শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী বা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল রোববার খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষভাগে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আলোচনার দরজা খোলা রেখে যুদ্ধের প্রস্তুতি হরমুজে মাইনে আঘাত লেগে তেলের জাহাজে আগুন

এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষ থেকেই পরস্পরবিরোধী বার্তা এসেছে। এসব ডামাডোলে দুই দেশের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধ আবারও বড় ধরনের সামরিক হামলার দিকে যাচ্ছে, নাকি শান্তিচুক্তির পথে এগোচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে খবরটি।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলা চালানোর যৌথ পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে একই দিনে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

এদিকে এসবের মধ্যেই জানা যায়, গতকাল শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা আবারও তেহরান সফরে গেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তারা আলোচনা চালাচ্ছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক কর্মকর্তা। আলজাজিরার খবর বলছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন একদিকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগের পথও খোলা রাখছে।

মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদের মজুত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকিতে থাকা কয়েকটি সামরিক ঘাঁটি থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান দেশটির নেগেভ অঞ্চলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এ ছাড়া আরও কিছু বিমান জর্ডান, সৌদি আরব ও কাতারে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বৃহস্পতিবার বলেছেন, ইরানে অনির্দিষ্টকাল ধরে চলা যুদ্ধের আশঙ্কা নেই। তাঁর বিশ্বাস, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অর্জন করতে পারবেন। ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘আমাদের আরও অনেক কাজ বাকি আছে। তবে আমি আপনাদের একটি বিষয় নিশ্চিত করে বলতে পারি, আরেকটি চিরস্থায়ী যুদ্ধ নিয়ে যদি কেউ উদ্বিগ্ন থাকেন, তাহলে জেনে রাখুন, ডোনাল্ড ট্রাম্প কখনোই এমন যুদ্ধ চলতে দেবেন না।’
এদিকে ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পর পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

তেহরানে কাতারের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা আবার শুরু করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের চিঠি পাঠানোর খবর প্রসঙ্গে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তেহরান ওই বার্তা পেয়েছে। তবে এখনও এর জবাব দেওয়া হয়নি।
এদিকে পৃথকভাবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরানে বৈঠক করেছেন বলে জানা গেছে। সে বৈঠকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ নিয়ে আলোচনা হয় গতকাল।

হরমুজে মাইন বিস্ফোরণ
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এর এক দিন আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ওই নৌপথের গুরুত্বপূর্ণ রুটগুলো থেকে বাধা সরিয়ে জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, গত ২৪ ঘণ্টায় অনুমোদনহীন দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় নিয়ম লঙ্ঘনকারী তিনটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।’

পরে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্ব দিকে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। জাহাজটি ‘সীমাবদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচলের সময় মাইনে আঘাত পেয়েছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রথম তিনটি জাহাজ তাদের সব রাডার ও নৌ চলাচল-সংক্রান্ত ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করেছিল তারা। তবে এসব ঘটনা ঠিক কখন ঘটেছে কিংবা জাহাজগুলো কোন দেশের পতাকা বহন করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ওমানের খাসাবের প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে। এর কয়েক ঘণ্টা পর সংস্থাটি জানায়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছেন।

তেলের দাম ফের বাড়ল
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার বিষয়ে হুতিদের নতুন দাবির পর গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর সরবরাহের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে।