জামায়াত জোটের লংমার্চ গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রশ্ন

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কিনা– জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেকটিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’

১১ দলের নেতারা অভিযোগ করেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে যে চুক্তি হচ্ছে, তাতে আদতে কক্সবাজার থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে করিডোর দেওয়া হবে। এই চুক্তি মানবে না জামায়াত জোট।

গণভোটের ফল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার ঢাকা থেকে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ করে জামায়াত জোট। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ থেকে শুরু হওয়া লংমার্চ রাতে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দেড় হাজারের মতো গাড়ি অংশ নেয়। পথে পথে হয় পথসভা। পুরো পথে রাস্তার দুই পাশে ছিলেন জামায়াত এবং জোটের শরিক দলের নেতাকর্মীরা।

প্রতারণা করে সরকার পার পাবে না
গতকাল সকালে রাজধানীর গুলিস্তান, জিপিও এলাকায় জমায়েত হন জামায়াতের হাজারো নেতাকর্মী। ১১ দলের শরিকদের মধ্যে খেলাফতের কিছু নেতাকর্মী ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ সাত দফা দা‌বি‌তে লংমার্চ কর‌ছে জামায়াত জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল তারা। আগামী ২১ নভেম্বর হ‌বে সিলেট অভিমুখে লংমার্চ।

খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। ভারত ও আওয়ামী লী‌গের সম্প‌র্কের প্রতি ইঙ্গিত ক‌রে তিনি বিএন‌পি সরকা‌রের উদ্দে‌শে ব‌লেন, ‘অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।’

সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে অলি আহমদ বলেন, ব্যবস্থা ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। মামুনুল হক বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে। জনগণকে অসম্মান করছে।

যশোরের মুড়লী মোড়ে লংমার্চে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে।
যশোরে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার যদি ক্রসফায়ার দেওয়া শুরু করে, তাহলে নিজের দলে আর লোক খুঁজে পাবে না। বিএনপির সবাই চাঁদাবাজি করে না– এটা যেমন সত্য। আবার যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপি– এটিও তেমন সত্য।

এনসিপির শীর্ষ নেতারা ছিলেন না 
১১ দলের শীর্ষ নেতার লংমার্চে অংশ নিলেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছিলেন না। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্য স‌চিব এসএম সাইফ মুস্তা‌ফিজ পথসভায় যোগ দেন। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর বিএনপি প্রার্থীর হাতে মিষ্টি খাওয়ায় জামায়াতের সমালোচনাও করেন হাসনাত।

এন‌সি‌পি সূত্র জানি‌য়ে‌ছে, দল‌টি জামায়াত নিয়‌ন্ত্রিত– এমন সমালোচনা‌কে ভুল প্রমা‌ণে জো‌টের কর্মসূ‌চি‌তে স‌ক্রিয়তা কমা‌চ্ছে। নিজস্ব কর্মসূ‌চি‌ নি‌য়ে সরব হওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।

লংমার্চে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যরা বক্তৃতা করেন।

লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১  
সাতক্ষীরা প্রতিনিধি জানান, লংমার্চের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে খাদে পড়ে গেছে। ওই বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত হন বাসের চালকসহ ১০ জন যাত্রী।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাতক্ষীরার তালা উপজেলার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব মোড়লের ছেলে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর