সংবিধান সংশোধন নাকি গণভোটে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার হবে– সরকারি এবং বিরোধী দলের এই বিতর্কে, নানা ইস্যু নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সাত কার্যদিবস চলবে এই অধিবেশন।
প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে– এই প্রশ্ন তুলবে বিরোধীরা। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার কাজ কী কী শর্তে জাপানি অপারেটর পাচ্ছে– তা জানতে চেয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে। গঙ্গার পানি বণ্টন চুক্তি, তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও সরকারের জবাব চাইবে। এ ছাড়া জুলাই সনদ, গ্যাসের দাম বৃদ্ধি, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ইস্যু সংসদে তোলার প্রস্তুতি নিয়েছে। বিরোধীদের বাদ দিয়ে শুধু সরকারি দলের সংসদ সদস্যের (এমপি) আসনে কেন বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে– এই প্রশ্নও তোলা হবে।
গতকাল রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অংশগ্রহণে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক বসবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের দুই অধিবেশনে ৬০ দিনের বেশি বিরতি থাকবে না। তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। আজ সোমবার এই সময়সীমা শেষ দিনে সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে চতুর্থ অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ রাতে তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন, ফিরবেন ১৩ নভেম্বর।
কার্য উপদেষ্টা বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ বিল পাওয়া গেছে। সম্প্রতি জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিল উঠবে কিনা– তা স্পষ্ট করেননি চিফ হুইপ।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন করা হলে তারা বাধা দেবেন।
আওয়ামী লীগ আমলে কাজ না পাওয়া ঠিকাদারদের সুযোগ দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ-২০০৬) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের বঞ্চিতদের সুবিধা দিতে নয়, সরকারি দলের নেতাদের ঠিকাদারি দিতে আইন সংশোধন করা হচ্ছে।
তবে বিরোধীরা এবারের সংসদেও গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি তুলবেন। সংসদের নির্বাচনে দিনে অনুষ্ঠিত গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুমোদন করেন ভোটাররা।
এতে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ ১৮০ কার্যদিবসে জুলাই সনদে বর্ণিত উপায়ে সংবিধান সংস্কার করবে। বিরোধীরা শপথ নিলেও নির্বাচনের পর বিএনপির সংসদ সদস্যরা শপথ নেননি জুলাই আদেশকে অবৈধ দলিল আখ্যা দিয়ে।
গণভোটে অনুমোদিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের পদ্ধতি, উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েক মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে, সংবিধান সংশোধনে এগুলো তারা মানবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১৭ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয় গত জুলাইয়ে। এতে বিরোধী দলের পাঁচজন সদস্য থাকার কথা ছিল। কিন্তু সংশোধন ধারনাকে গণভোটের বিরোধী আখ্যা দিয়ে বিরোধী দল কমিটি বর্জন করে সংস্কারের দাবিতে আন্দোলন করছে। লংমার্চের পর পাল্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
এবারের সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা না থাকলেও, বিরোধীরা সংস্কারের দাবি তুলবে বলে জানান জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকার যে ধূর্ততা করছে, তা সফল হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর জাপান সফরের পর মাতারবাড়ী নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াত ও এনসিপির অভিযোগ, মাতারবাড়ীর মধ্যে ভারতকে ‘কানেক্টিভিটি’ সুবিধা দেওয়া হবে। এই প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন জামায়াত হুইপ।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ তিন৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। ৭১ বিধিতে আলোচনার জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।
সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তাতে সমর্থন করেন। সোমবার বিকেল সাড়ে ৩টার আগে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।