প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।

রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে মের্জ এ সিদ্ধান্তের কথা জানান। আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ সিডিইউর ঘনিষ্ঠ মিত্র দল। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এরই মধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গঠিত এই বিশেষ নির্বাচনী সংস্থায় ফেডারেল পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি রাজ্যগুলোর প্রতিনিধিরা থাকেন। আগামী ৩০ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব নেন। পাঁচ বছর করে দুই মেয়াদ শেষে ২০২৭ সালের মার্চে তার দায়িত্ব শেষ হবে। জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তিনি আইন অনুমোদন করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্জ শুরুতে অন্য একজনকে প্রার্থী করার কথা ভাবায় সিডিইউ তার প্রতি সমর্থন জানাতে দেরি করে। এ নিয়ে দুই মিত্র দলের মধ্যে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।

আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর