Home Blog

লক্ষ্মীপুর প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বললেন ব্যাংকে জমা দিয়েছি

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাওয়ায় ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। তবে ওই টাকা ঘুষ হিসেবে নয়, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্যাংকে জমা দিতে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই প্রকৌশলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই গ্রাহকের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পিডিবির সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় গ্রাহক ও সচেতন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ভিডিওটির প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাহক ও সচেতন মহল। তাদের মতে, প্রকৌশলীর দাবি অনুযায়ী ব্যাংকে টাকা জমার বিষয়টি যাচাই এবং ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম বলেন, ভিডিওটি প্রায় আট মাস আগের। চলতি বছরের ৭ এপ্রিল এক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে তার কাছে আসেন। ওই গ্রাহক ব্যাংকে বিল জমা দেওয়ার জন্য তাকে ৩ হাজার টাকা দেন। পরে তার পাশের এক কর্মচারীর মাধ্যমে লক্ষ্মীপুরের রূপালী ব্যাংকে ওই টাকা জমা দেওয়া হয়। ব্যাংক জমার স্লিপও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

খাইরুল ইসলাম আরও বলেন, ‘গ্রাহক আমাকে বলেছিলেন, স্যার, এই টাকাটা আপনি ব্যাংকে জমা দেন। আমি আমার পাশের স্টাফের মাধ্যমে টাকাটি ব্যাংকে জমা দিয়েছি। জমার স্লিপ আমার কাছে রয়েছে। পরে ওই গ্রাহক অফিসে এসে আমার স্টাফের কাছ থেকে স্লিপটি নিয়ে যান।’

ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ ভিডিওটি ধারণ করে এত দিন নিজেদের কাছে রেখেছিল। সম্প্রতি তার কাছে অর্থ দাবি করা হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

তিনি আরও বলেন, ‘এই টাকা লক্ষ্মীপুর রূপালী ব্যাংকে জমা হয়েছে। এর সমস্ত কাগজপত্র ও প্রমাণ আমার কাছে রয়েছে। এখানে কোনো অবৈধ আর্থিক লেনদেন বা দুর্নীতির ঘটনা ঘটেনি।’

জয়া-বিপাশা-মৌসুমীরা আড়ালে, আলোচনায় ফালতু বিষয়: ফারিয়ার আক্ষেপ

০

দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী কাজের মাধ্যমেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন। অথচ তাঁদের কাজ নিয়ে তেমন আলোচনা হয় না। বরং অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মেতে থাকেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমন আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

পোস্টে পছন্দের অভিনেত্রীদের নাম উল্লেখ করে প্রথমেই কোর কথা বলেন ফারিয়া। তাঁর ভাষায়, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তাঁরা শুধু অভিনয়টাই করেন, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেন না। তাই তাঁদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তাঁর পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তাঁরা লক্ষ করলে দেখবেন, তাঁর ব্যাগ আর ঘড়ির কালেকশন, তাঁর জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম “৬৯” আরেকটার নাম “স্পর্শের বাইরে”। সেই “স্পর্শের বাইরে”র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার “কলিংবেল” নামের একটা সিরিজে অনেকদিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে তাঁকে কথা বলতে দেখিনি।’

নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন ফারিয়া। তাঁকে নিয়ে লিখেছেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও আলাদা করে লিখেছেন ফারিয়া। তাঁর মতে, অর্ষার চোখের অভিব্যক্তি অভিনয়ে বিশেষ মাত্রা যোগ করে। ফারিয়া লেখেন, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েক বছর আগে, শিহাব ভাই তাঁর একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’

এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নাম উল্লেখ করেছেন ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী ভালো অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও সুনাম অর্জন করেছেন।

পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার ধরন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’

এরপর প্রথম কমেন্ট বক্সে ফারিয়া লেখেন, ‘এখানে খানে আমি আমার পছন্দের অভিনেত্রীদের নাম লিখেছি, যাদের অভিনয় আমার ব‍্যাক্তিগত ভাবে পছন্দ এবং আমি মনে করি তারা আরো অনেক বেশি কাজ , এবং তাদের কাজ নিয়ে আরো অনেক বেশি আলোচনা ডিজার্ভ করে। এখানে সুবর্না আপা, বিপাশা আপা, শমী আপা কিংবা মেহজাবীন এর নাম নাই, কারন তারা আন্ডাররেটেড না। তারা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান।’

লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির ইতিহাসবিষয়ক গ্রন্থের প্রকাশনা

সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী রচিত ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ শীর্ষক গ্রন্থে। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে আলোচকরা বলেছেন, এটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, বরং সিলেটের প্রাচীন ইতিহাসেরও গুরুত্বপূর্ণ দলিল। তাঁদের মতে, তথ্যনির্ভর আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাস রচনার ভিত্তি।

গতকাল রোববার বিকেলে পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয়ের পর তাঁর অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) তরফ রাজ্য বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রকাশিত গ্রন্থে তাঁর ও বংশধরদের ইতিহাসের পাশাপাশি সে সময়ের সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতাও তুলে ধরা হয়েছে।

তাঁরা আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর সঙ্গে আসা ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন জগন্নাথপুরে বসতি স্থাপন করেন। এ কারণে জগন্নাথপুর পরিচিতি পেয়েছে আট আউলিয়ার জনপদ হিসেবে। এ অঞ্চলের বহু পীর, দরবেশ ও সুফি-সাধকের মধ্যে জহিরপুর সৈয়দ বাড়ির আদি পুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহ.) অন্যতম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহ (রহ.)-এর বংশধর সৈয়দ মোর্তজা আলী। টিভি উপস্থাপক হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জোনাব রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।

গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি ও গবেষক মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক ও টিভি উপস্থাপক উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইমদাদুন খান এবং রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ।

জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ জোনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী ও সৈয়দ গোলাব আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শাহ লাভলী রহমান, মঈন উদ্দিন চৌধুরী (পাপ্পু), কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী ও ফারুক মিয়াসহ অনেকে।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধী

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর অন্তঃকোন্দলে থাকা কংগ্রেসের হাল ধরেন সোনিয়া গান্ধী। এরপর ২০০৪ সালের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পায় কংগ্রেস। সোনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়। কিন্তু তিনি এতে রাজি হননি। বেছে নেন মনমোহন সিংকে।

এক দশক আগে ভারতের অর্থনীতি সংস্কারে মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু কংগ্রেসে সোনিয়ার প্রভাবশালী ভূমিকার কারণে একপর্যায়ে সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়। দুর্নীতির অভিযোগে সরকারও চাপে পড়ে। জনঅসন্তোষের সুযোগ নিয়ে ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, জীবনের নানা বাঁকের সেই গল্পগুলো স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া। নাম- ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। মঙ্গলবার বইটি প্রকাশ হয়েছে। এতে ইতালির ছোট্ট একটি গ্রাম থেকে সোনিয়ার ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর নানা ঘটনা উঠে এসেছে।

১৯৬৮ সালে রাজীবকে বিয়ের দিল্লির গান্ধী পরিবারের সদস্য হন সোনিয়া। শাশুড়ি ইন্দিরা গান্ধীর মাধ্যমে ভারতের রাজনীতিকে খুব কাছে থেকে দেখার সুযোগ পান। দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘এটি রাজীবের পরিবার ও ভারতের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার গল্প। একসময় আমিও সেই পরিবারের সদস্য ও দেশের একজন হয়ে উঠি।’

১৯৮৪ সালে দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এরপর রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশের পথ তৈরি হয়। সোনিয়ার ভাষায়, স্বামীকে রাজনীতিতে আসা থেকে বিরত রাখতে তিনি ‘বাঘিনীর মতো লড়াই’ করেছিলেন। তিনি বলেন, ‘আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন আমিই সেটির বিরোধিতা করেছিলাম।’

স্বামীর নিরাপত্তা নিয়ে সোনিয়ার আশঙ্কাই সত্যি হয়েছিল। ১৯৯১ সালে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় রাজীব নিহত হন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপের সঙ্গে ওই হামলার যোগসূত্র ছিল।

এরপর জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে সময় দিতে থাকেন। অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দলে দুর্বল হতে থাকে কংগ্রেস। সে সময় তাঁকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন দলীয় নেতারা। সোনিয়া তাতে রাজি হন। পরে এক জনসভায় ভাঙা ভাঙা হিন্দিতে বলেন, তাঁর হৃদয় ‘এ দেশের মাটিতেই সমাহিত’।

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি প্রায় এক যুগ ধরে ক্ষমতায়। অন্যদিকে রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে কংগ্রেস। সম্প্রতি তরুণদের আন্দোলনের মাধ্যমে সে চেষ্টায় গতি এসেছে। দ্য হিন্দুকে সোনিয়া বলেন, ‘গত ১২ বছরে দেশের সামাজিক কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ এখন অস্থির। তারা ক্ষতিগুলো বুঝতে শুরু করেছে।’

জনমতকে নিজেদের পক্ষে আনার ব্যাপারে সোনিয়া এখনো আশাবাদী। তিনি বলেন, ‘আমি জানি, ভারতের মানুষ সুশাসনের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে।’

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। তবে নির্বাচনের দুই সপ্তাহ পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট– কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। এ অবস্থায় তাঁর হাতে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করতে পারে। ফলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।

তবে নতুন যুদ্ধ শুরুর জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এককভাবে যুদ্ধ শুরুর ক্ষমতা তাঁর নেই। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান উত্তেজনা কাজে লাগিয়ে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।

পার্লামেন্টে ৪৬ নতুন মুখ

দখলদার ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। গতকাল ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান হয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। থাকছেন ৩৩ জন নারী সদস্য। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।

আইজেনকটের বিরোধী জোটের আসন ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা সম্ভব। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু নতুন আইন পাস করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ঋণের বোঝা বাড়াতে পারে। বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরিরও চেষ্টা করছেন তিনি। এদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধীরা।

এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা

০

রাজস্ব আদায়ে ঘাটতি বাড়ছেই। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। অক্টোবর মাসে ঘাটতি হয়েছে আট হাজার ৪৬৪ কোটি টাকা। সব মিলিয়ে চার মাসে (জুলাই-অক্টোবর) ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের প্রথম চার মাসে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭৭ হাজার ৯৩৬ কোটি টাকা। আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ৫৯৩ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা। তবে গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেশি হয়েছে আট হাজার ১১৫ টাকা। ওই সময় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ৭৯ শতাংশ।

রাজস্ব আদায়ে বেশ পিছিয়ে রয়েছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট খাত। অর্থবছরের প্রথম চার মাসে এ খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ২০৩ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি দাঁড়িয়েছে ২২ হাজার ২৩৭ কোটি টাকা।

চার মাসে আয় ও ভ্রমণ কর খাত থেকে ৫৮ হাজার ৪২৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় এসেছে ৪২ হাজার ৯১৬ কোটি টাকা। সেই হিসাবে কম আদায় হয়েছে ১৫ হাজার ৫১২ কোটি টাকা। এ ছাড়া আমদানি রপ্তানি তথা শুল্ক-কর খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৩ হাজার ৩০৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪০ হাজার ৭১১ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে ১২ হাজার ৫৯৩ কোটি টাকা।

অন্যদিকে একক মাস হিসেবে চলতি অর্থবছরের অক্টোবরে ৪৩ হাজার ৫৪০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৫ হাজার ৭৬ কোটি টাকা। সেই হিসাবে আট হাজার ৪৬৪ কোটি টাকা আদায় কম হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব সংস্কারবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, গত আওয়ামী লীগ সরকারের শেষ দশকে দেশের ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে। ২০০৬-০৭ বা ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ। সরকারের ঋণ, সরকারি ঋণের গ্যারান্টি এবং বেসরকারি খাতের ঋণ বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে। এ পরিস্থিতিতে সরকারকে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ নিয়ে যেমন চ্যালেঞ্জে পড়তে হয়েছে, তেমনি পাহাড়সম ঋণের বোঝা টানতে হচ্ছে।

তিনি বলেন ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময় দাতাদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ-আসল বাবদ ৪৪৯ কোটি ৪১ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। ২০৩০ সাল নাগাদ এ অঙ্ক সাত দশমিক ছয় বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া আইসিইউর অর্থনীতিকে টেনে তুলতে আয়কর, মূসক ও শুল্ক খাতের জন্য তিনটি টাস্কফোর্স গঠিত হয়। এনবিআর বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, অংশীজনের আলাপ-আলোচনার ভিত্তিতে রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ নিয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত হবে।
রাজস্ব আদায়ের তথ্য আগের মতো অফিসিয়ালি প্রকাশ করা হচ্ছে না কেন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ের তথ্য লুকানো হয়নি। সরকার ওপেন ডেটা পলিসি করেছে। জাতীয় পরিসংখ্যান দিবসে তথ্য উন্মুক্ত করার পদ্ধতি স্পষ্ট করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই রাজস্বের তথ্য পাওয়া যাবে এবং এরপর থেকে নিয়মিত প্রকাশ হবে। আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের কারিগরি সীমাবদ্ধতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।

দেশে নাশকতা-নৈরাজ্য চলছে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: বিরোধী দল

০

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংসদের বিরোধী দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও সরকারের জবাবদিহি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তাঁরা এসব দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত দুদিন ধরে দেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার গত সাত মাস ধরেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সংবিধান সংশোধন কিংবা রাজনৈতিক কোনো তৎপরতাও দেখা যাচ্ছে না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং সরকারের জবাবদিহি দাবি করেন তিনি।

এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অত্যন্ত উদ্বেগ ও বেদনার সঙ্গে তাঁরা লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতা চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তরের গেটে হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন।

নাশকতার বিভিন্ন ঘটনা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী দমনে গিয়ে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও হামলা হচ্ছে। এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়, সেই প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারছে না। তিন-চারজনকে জনগণ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু বাহিনীর নিজস্ব কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিজিবি, এসআরবি, পুলিশ ও এপিবিএন থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে চান তিনি।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, কাগজে-কলমে নিষিদ্ধ করে লাভ কী, যদি তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে? এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলোও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এ সময় একটি গুরুতর অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে তাঁকে দল ছাড়ার কথা বলা হয়েছে। এটি ভুয়া হতে পারে, আবার সত্যও হতে পারে। ফোন নম্বরটি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবেন, যাতে তদন্ত করে দেখা হয়, এমন সাহস কে দেখিয়েছে। তিনি প্রশ্ন করেন, তাঁরা আবার সেই পুরোনো গোয়েন্দা যুগে ফিরে যাচ্ছেন কি না।

সবশেষে জাতির নিরাপত্তা নিশ্চিত করা, পতিত ফ্যাসিস্ট শক্তিকে রুখে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন বিরোধীদলীয় নেতা।

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের ব্যানারে সভা করলে ব্যবস্থা ব্যক্তিগতভাবে অন্য ধরনের সভা-সমাবেশ করতে বাধা নেই

০

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে বাধা নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন— এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির কোনো ব্যক্তি সভা বা কর্মসূচি করেছেন কিনা, সেটিই গুরুত্বপূর্ণ। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার চলছে। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি আগে দলটির রাজনীতি করেছেন বা পদে ছিলেন— শুধু এ কারণে তাঁর অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করার অধিকার থাকবে না, এমন নয়। তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো আইনি বাধা রয়েছে কিনা, তা বিবেচনায় নিতে হবে। রণজিৎ সরকারের সমাবেশটি আওয়ামী লীগের কর্মসূচি ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিত নই, সভাটি আওয়ামী লীগের কর্মসূচি ছিল? আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছে?’ এ সময় সাংবাদিক জানান, ব্যানার ও প্যান্ডেল করে ওই সভা করা হয়েছে। জবাবে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রণজিৎ সরকারের দেশে প্রবেশের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মামলা থাকলেই কোনো ব্যক্তির বিদেশ থেকে আসা-যাওয়ায় বাধা থাকে না। ওই ব্যক্তি ফেরারি কিনা, তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা এবং তিনি সেটি মেনে চলছেন কিনা, সেটিই গুরুত্বপূর্ণ। রণজিৎ সরকারের আইনি অবস্থান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দলটির লোকজন বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছেন। এসব ঘটনায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনার প্রবণতা কমে আসবে। ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে অনেকে হাতেনাতেও ধরা পড়েছেন। নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় জনগণের ভয় পাওয়ার কিছু নেই কিংবা কিছুই ঘটেনি— সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে একটি মৃত্যুর ঘটনাও সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতির বাস্তবতা স্বীকার করেই সরকার দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি
জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।
এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই বাজারে এলপিজি বিক্রি হওয়া উচিত। এ বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকারকে আরও সতর্ক হতে হবে।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন তারা।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক হলো। আধা ঘণ্টার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এই সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বৈঠকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে স্থান পায়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।

তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার কপ৩১ সম্মেলন শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল স্থানীয় সময় বিকেলে আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বিকেল ৪টা ৩ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’পাঁচতারা রিসোর্টে ওঠেন। আনতালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

আইনশৃঙ্খলা সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারি করার নির্দেশ সব ডিআইজি, কমিশনার ও সীমান্ত জেলার এসপিদের নিয়ে বৈঠক

দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ‘ইন-আউট’ করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে। গতকাল মঙ্গলবার দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয় উঠে আসে। গতকাল সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে। তাঁর এ বিষয় নানা আলোচনার জন্ম দেয়।

সূত্র বলছে, মঙ্গলবার পুলিশের বৈঠকে সীমান্ত পার হয়ে এপারে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, রনজিতের সভায় সশরীরের উপস্থিত ছিলেন, এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টি মঙ্গলবারের বৈঠকে উঠে আসে। সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিন দিন যেসব জেলায় বেশি নাশকতা হয়েছে, সেসব জেলার এসপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ বেশ কিছু জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক যে কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। সীমান্তকেন্দ্রিক অপরাধ ঘটলে অনেক সময় তার জন্য পুলিশকে জবাবদিহি করতে হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে– এমন গোয়েন্দা প্রতিবেদন ছিল। তবে কখন হবে, সংখ্যায় কত থাকতে পারে– এটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এলাকায় যাতে লোকজন জড়ো হয়ে বড় নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলছে, সারা দেশে বিশেষ যে অভিযান চলমান আছে, সেটি জোরদার থাকবে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হবে। জামিন পেয়ে কেউ নাশকতায় জড়াচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়ার পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় নাশকতা-হামলায় জড়াচ্ছেন কিনা, সেদিকে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। এ ছাড়া প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে জোর দিতে বলা হয়েছে। গ্রেপ্তারের নামে যাতে নিরপরাধ বা গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ আসে।

বৈঠকে এক কর্মকর্তা বলেছেন, নিরপরাধ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে আসার পর তাঁর মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তখন সে নতুনভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলা হয়েছে।

সূত্র বলছে, অনেক ঘটনায় অভিযানে যাওয়া সব পুলিশ সদস্য সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সেলিং করিয়ে সক্রিয় করার কথা বলা হয়েছে। এর পরও কেউ নিষ্ক্রিয় থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, মাঠে কোনো পুলিশ সদস্যকে গা বাঁচিয়ে চলা যাবে না।

অন্য একটি সূত্র বলছে, সম্প্রতি যানবাহনে অগ্নিকাণ্ডের নতুন একটি ধরনের বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় কিছু গাড়িতে যাত্রী সেজে পায়ের কাছে ফেলা হয়। এরপর পা দিয়ে তা কিছু সময় ঘষার পর স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এ ছাড়া ইন্স্যুরেন্সের অর্থ পেতে কেউ কৌশলে আগুন ধরাচ্ছেন কিনা, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতায় জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ প্রকাশ্যে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের কিছু ব্যক্তির নাম উঠে এসেছে।

এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।