Home Blog

দরিদ্রদের ভূরিভোজে অংশ নিল ১২ হাজার লোক

বিয়ে কিংবা কুলখানি নয়, দরিদ্র পরিবারের সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ এক ভূরিভোজ। গতকাল শনিবার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের এই ভূরিভোজে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার ১২ হাজার মানুষ। প্রতিবছরই ৮-১০টি গরু জবাই করে দরিদ্রদের এক বেলার খাবারের আয়োজন করে থাকে নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট।

দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনফিনিটি মেগামল ব্র্যান্ডের চেয়ারম্যান নাজমুল হক খানের বাবা নূরুদ্দীন খানের নামে প্রতিষ্ঠিত নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট ১০-১২ বছর ধরে নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার মধ্যে সপ্তাহে এক দিন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দরিদ্রদের চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ ও খাবার দেওয়া হয়। পাশাপাশি প্রতিবছর ৮-১০টি গরু জবাই করে দরিদ্রদের জন্য এক বেলার খাবারের আয়োজন করে থাকে। গতকাল শনিবার ১২ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। দুপুর ১২টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে খানাপিনা।

আয়োজনের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন খান জানান, এ বছর ১২ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। সব মিলে ১৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। এই বিশাল আয়োজনে খাবার পরিবেশনের জন্য গ্রামের বিভিন্ন বয়সী ২৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
ট্রাস্টের চেয়ারম্যান নূরুদ্দীন খানের ভাষ্য, হতদরিদ্রসহ সবার জন্য এই আয়োজন করে থাকেন তারা। বিশেষ করে, অসহায় আর হতদরিদ্ররা খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আল্লাহ চাইলে বছরের পর বছর ট্রাস্টের সব কার্যক্রম অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা খুলনা হয়ে উঠছে বাস্তবের ‘গ্যাংস অব ওয়াসিপুর’!

০

বলিউডের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ আলোচিত সিনেমা। ঝাড়খণ্ডের ওয়াসিপুরের অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাত, প্রতিশোধ, খুনোখুনি আর ক্ষমতার লড়াই নিয়ে নির্মিত সিনেমাটি। একপক্ষের সঙ্গে অন্যপক্ষের বিরোধ, আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ড– সব মিলিয়ে ওয়াসিপুর হয়ে উঠেছিল এক অস্থির জনপদ। খুলনার সাম্প্রতিক পরিস্থিতি দেখলে সিনেমাটির সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন নয়।

দক্ষিণাঞ্চলের খুলনাতেও অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অবৈধ আয়ের নিয়ন্ত্রণ নিয়ে ঘটছে খুনোখুনি। প্রকাশ্যে গুলি চলছে। এখন এসব গোষ্ঠী ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদা দাবি করছে, হুমকি দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, খুলনায় এই গোষ্ঠীগুলো এতটা বেপরোয়া হয়ে উঠল কীভাবে? এর উত্তর খুঁজতে হলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে হবে না। অপরাধের পেছনে থাকা অর্থনীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং প্রশাসনিক দুর্বলতার বিষয়গুলোও দেখতে হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন ৭৭ জন। এর মধ্যে অন্তত ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) খুলনা সফরের দিনেও বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর করে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনও জোড়া খুনের ঘটনা ঘটে। এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, নগরীতে পাঁচ-ছয়টি গোষ্ঠী লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। গত এক মাসে চাঁদার দাবিতে অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ হয়ে গেছে। নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারও হুমকি ও হামলার মুখে বন্ধ রাখতে হয়েছে। অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ এখন তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষক, নারী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষও এসব হামলার শিকার হচ্ছেন। অপরাধীদের আধিপত্য বিস্তারের লড়াইয়ের দাম দিতে হচ্ছে পুরো জেলার মানুষকে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। একটি প্রতিষ্ঠানের মালিকের বক্তব্য অনুযায়ী, হামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেলেও তারা চলে যাওয়ার পর আবার ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মামলা করতে সাহস না পাওয়ার কারণ বোঝা কঠিন নয়।

পুলিশের বক্তব্য, ভুক্তভোগীরা তথ্য না দিলে বা মামলা না করলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন। কিন্তু মানুষ যদি অভিযোগ করার পরও নিরাপত্তা না পান, তাহলে তাদের কাছ থেকে সহযোগিতা আশা করার আগে সেই আস্থার জায়গাটি ফিরিয়ে আনা জরুরি।

খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি তৎপর। বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি। আগের হত্যাকাণ্ডগুলোর তদন্তেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের তথ্য এসেছে।

এসব গোষ্ঠীর শক্তির অন্যতম উৎস মাদক ব্যবসা। এর আয় দিয়ে লোকবল ধরে রাখা, অস্ত্র কেনা, সহযোগীদের বেতন বা কমিশন দেওয়া এবং এলাকায় প্রভাব বজায় রাখা হয়। অপরাধী গোষ্ঠীগুলোর টিকে থাকার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগও নতুন নয়। অতীতে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কোনো কোনো গোষ্ঠীর ঘনিষ্ঠতার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলে সেই সম্পর্কের ধরন বদলেছে বলে অভিযোগ রয়েছে।

0 Arif Hazra 1794706010

কোনো গোষ্ঠী নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজেছে, আবার অন্য গোষ্ঠী নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এর মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধও বেড়েছে। অর্থাৎ রাজনৈতিক পালাবদল হলেও অপরাধের অর্থনীতি বন্ধ হয়নি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়। কোনো গোষ্ঠীর প্রধান গ্রেপ্তার হলেই তার অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে পড়ে না। অনুসারীদের একাংশ অন্য গোষ্ঠীতে যোগ দেয়। কেউ কেউ নতুন নেতৃত্ব তৈরি করে।

খুলনায় বিভিন্ন সময় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। খুলনা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৪টি, ২০২৫ সালে ৪৭টি এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০টি বিদেশি পিস্তল ও সাতটি বিদেশি রিভলবার। এত অস্ত্র উদ্ধারের পরও যদি প্রকাশ্যে গুলি চলে, তাহলে অস্ত্রের উৎস ও সরবরাহের পথ বন্ধ হচ্ছে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ মাসে ৩৭টি হত্যা মামলার ৩৪টির রহস্য উদ্ঘাটন এবং ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার পুলিশেরই এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক চাঁদাবাজি ও হামলার ঘটনায় শনাক্ত হওয়া অনেককে আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে তারা আবার অপরাধে জড়াচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে বারবার অপরাধে জড়ানোর অভিযোগ উঠলে তদন্ত ও বিচার প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ, অবহেলা বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ থাকলে তারও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তি ও পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থাকলে শুধু মাঠ পর্যায়ের সদস্যদের গ্রেপ্তার করে পরিস্থিতির পরিবর্তন হবে না।

সরকারের দায়িত্ব তাই শুধু বিশেষ অভিযান ঘোষণা বা অপরাধীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। খুলনার অপরাধী গোষ্ঠীগুলোর পূর্ণাঙ্গ নেটওয়ার্ক শনাক্ত করে তা ভেঙে দেওয়ার উদ্যোগ নিতে হবে। অস্ত্রের উৎস বন্ধ করতে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল, নজরদারির পাশাপাশি অপরাধের তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হত্যা ও চাঁদাবাজির মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচ্য। অপরাধী গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তার করাই দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাদের পেছনে থাকা অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি দুর্বল করতে হবে। বিশেষ করে কিশোর ও তরুণদের অপরাধী গোষ্ঠীতে যুক্ত হওয়ার প্রবণতা ঠেকাতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। কর্মসংস্থান, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। অপরাধ দমন ও অপরাধে নতুন করে যুক্ত হওয়ার পথ বন্ধ করা দুটি কাজই একসঙ্গে করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে না থাকে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হতে হবে নিরপেক্ষ ও দৃশ্যমান। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ছিল অন্তহীন। কিন্তু খুলনা কোনো সিনেমার কাহিনি নয়। তাই খুলনাকে বাস্তবের ওয়াসিপুর হতে দেওয়া চলবে না।

শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়

শিশুর কাশি হলে অনেকেই দোকান থেকে কাশির সিরাপ কিনে খাওয়ান। কিন্ত ঘন ঘন এভাবে সিরাপ খাওয়ালে ওষুধের প্রতি শিশুর শরীর খুব দ্রুত সহনশীল হয়ে উঠতে পারে। তখন ওষুধ খাওয়ালে আর কার্যকর নাও হতে পারে। শিশুর অবিরাম কাশি হতে থাকলে কার্যকর কিছু প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। এগুলো শিশুর গলা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। যেমন-

তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিন

শিশুর কাশি হলে তাকে শুধু পানিই দেবেন না; বরং ঝোল (ব্রথ) বা হালকা গরম আপেল সিডার ভিনেগার (আপেলের রস থেকে তৈরি পানীয়)-এর মতো তরল খাবারও দিতে পারেন। এগুলো গলার কফ পাতলা করতে সাহায্য করে, ফলে শিশুর জন্য কফ বের করে দেওয়া সহজ হয়।

স্যালাইন সলিউশন ব্যবহার করা
কাশি উপশমের আরেকটি উপায় হলো স্যালাইন সলিউশন বা লবণ-পানির মিশ্রণ ব্যবহার করে শিশুর নাসাপথ পরিষ্কার করা। এছাড়া নেজাল ড্রপও ব্যবহার করা যেতে পারে। তবে শিশু যদি এখনো নাক ঝাড়তে না শেখে, তবে ‘নেজাল সাকশন বাল্ব’ ব্যবহার করে পাতলা হয়ে যাওয়া শ্লেষ্মা টেনে বের করে দিন, যাতে শিশুর শ্বাসপথ পরিষ্কার থাকে।

কুলকুচি করা
গলার প্রদাহ কমাতে শিশুকে লবণ-পানি দিয়ে কুলকুচি করা শেখাতে পারেন। এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে শিশুকে তা দিয়ে কুলকুচি করতে দিন। গলার অস্বস্তি কমাতে এবং কাশি উপশম করতে দিনে তিনবার এটি করা যেতে পারে।

বেবি রাব ব্যবহার করা

অনেক অভিভাবকই শিশুর বুকে ‘বেবি রাব’ (বুকের ওপর মালিশ করার মলম) ব্যবহার করে উপকার পান; এটি বুকের জমাট বাঁধা কফ দূর করতে সাহায্য করে। আপনি চাইলে বেস অয়েল (যেমন নারিকেল তেল বা অলিভ অয়েল) এবং মোমের টুকরোর সাথে কিছু এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিজেও এমন মলম তৈরি করতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে ভালোভাবে জেনে নিন, কারণ সব ধরনের এসেনশিয়াল অয়েল ছোট শিশুদের জন্য উপযোগী নয়।

মধু
শিশুদের কাশির ক্ষেত্রে এটি সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া প্রতিকার, কারণ এতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল (জীবাণুনাশক) গুণাবলি রয়েছে। এই বৈশিষ্ট্যটি শরীরকে সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মধুর মিষ্টি ভাব মুখের ভেতর লালা নিঃসরণ বাড়িয়ে দেয়, যা নাসাপথে জমে থাকা শ্লেষ্মা বা কফ কমাতে সাহায্য করে। এক গ্লাস হালকা গরম পানিতে এক টেবিল চামচ মধু এবং সামান্য তাজা লেবুর রস মিশিয়ে নিন; সারাদিন ধরে অল্প অল্প করে শিশুকে এই পানীয়টি খেতে দিন ।

রেলপথে অপতৎপরতা বড় বিপর্যয়ের শঙ্কা

দিনটি ছিল ২৫ সেপ্টেম্বর। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাটিয়ারী স্টেশনের আউটার হোম ডাউন লাইনের সিগন্যাল ১-এর মূল্যবান ‘অ্যাসপেক্ট মেকানিজম’ খুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। বিষয়টি টের পেয়ে সেখানকার রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা আগেভাগে থামিয়ে দেন দুদিক থেকে আসা ট্রেন। পরে নতুন অ্যাসপেক্ট মেকানিজম বসানোর পর ট্রেন চলাচল শুরু হয়। ওই দিন আন্তঃনগর, মেইল, লোকালসহ ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

অ্যাসপেক্ট মেকানিজম হচ্ছে– ট্রেনকে সংকেত দেওয়ার জন্য একটি সংক্রিয় সমন্বিত ব্যবস্থা। যার মাধ্যমে লাল, হলুদ, সবুজ সংকেত দেখায়। এই রং দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণ বা থামানোর সিদ্ধান্ত নিতে পারেন চালক।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ী স্টেশন এলাকা থেকে দুষ্কৃতকারীরা রেলের ট্র্যাক সার্কিট এবং পয়েন্ট কাভার ভেঙে তার কেটে নিয়ে যায়। বিষয়টি সার্ভারে ধরা পড়ার পর দ্রুত ট্র্যাক সার্কিট, পয়েন্ট কাভার মেরামত ও নতুন তার সংযোজনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ওই দিনও আন্তঃনগর, মেইল, মালবাহীসহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

শুধু চট্টগ্রামের ভাটিয়ারী বা ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ী স্টেশনই নয়, এভাবে বিভিন্ন এলাকার রেলপথ থেকে সংবেদনশীল সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রেলের সিগন্যালিং ও ইন্টারলকিং সিস্টেম চুরি বা বিকল হলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শঙ্কা থাকে। এতে ট্রেনের শত শত যাত্রীর প্রাণহানিও হতে পারে।

খোদ রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে রেলপথের সংবেদনশীল সরঞ্জাম খুলে নেওয়ার আতঙ্কজনক চিত্র। বেশির ভাগ ঘটনা ঘটছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে। তবে প্রতিবেদনে ‘নাশকতা’ এড়িয়ে ‘দুষ্কৃতি’ শব্দটি ব্যবহার করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত, প্রকৌশল, বিদ্যুৎ ও যন্ত্রপ্রকৌশল– এই চার বিভাগের তৈরি করা সমন্বিত তিনটি প্রতিবেদন সমকালের হাতে এসেছে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের তৈরি করা অভ্যন্তরীণ ও গোপনীয় এসব প্রতিবেদন পর্যালোচনা করে মূল্যবান যন্ত্রপাতি-সরঞ্জাম লোপাট ও রেলওয়ের গাফিলতির বিষয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সমকালকে বলেন, রেলপথের সামান্য ত্রুটিও ট্রেনের শত যাত্রীর প্রাণহানির কারণ হতে পারে। তাই দুর্বৃত্তদের অপতৎপরতা প্রতিরোধে রেলপথের ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রয়োজনে সিসি ক্যামেরা বসাতে হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংকেত এবং টেলিযোগাযোগ প্রকৌশলী তারেক মোহাম্মদ সামছ তুষার সমকালকে বলেন, রেলওয়ের সিগন্যালিং সিস্টেমের মূল্যবান যন্ত্রপাতি মাঝেমধ্যে চুরি হয়ে যাচ্ছে। কখন, কোথায় এই চুরির ঘটনা ঘটছে, তা নিয়ে সব সময় উদ্বেগের মধ্যে থাকতে হয়। কারণ একটি চুরির ঘটনা শুধু চুরি নয়, শত শত যাত্রীর জীবন এর সঙ্গে জড়িত। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিন মাসে যেসব চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে দুই থেকে তিনটি ঘটনা ‘নাশকতামূলক’ হতে পারে।

তিন মাসে ৭৬ ঘটনা
রেলওয়ের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিভিন্ন রকমের অন্তত ৭৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫১টি স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি ও রেলওয়ের গাফিলতিতে ঘটলেও ২৫টি ঘটনা উদ্বেগের। কারণ এসবের মধ্যে কোথাও ট্রেনের লাইন পরিবর্তনের টার্নওভার পয়েন্টের সরঞ্জাম হাওয়া হয়ে গেছে। কোথাও খুলে নেওয়া হয়েছে ট্রান্সফরমারসহ পুরো সিগন্যালিং সিস্টেম। আবার কখনও কখনও দেখা গেছে, খুলে নিয়ে যাওয়া হয়েছে রেলপথের নাটবল্টু, ফিশপ্লেট, ক্লিপসহ বিভিন্ন যন্ত্রপাতি। তবে এর মধ্যে দু’তিনটি ঘটনাকে নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৫টি ঘটনার মধ্যে জুলাইয়ে ঘটেছে আটটি, আগস্টে ছয়টি এবং সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১১টি।

রেলের ট্র্যাক পয়েন্টে বড় বিপদ
রেলপথের ট্র্যাক পয়েন্ট হলো ট্রেন লাইন পরিবর্তন করে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার একটি যান্ত্রিক ব্যবস্থা। রেলওয়ের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, অন্তত এক-চতুর্থাংশ ঘটনা ঘটেছে রেলের ট্র্যাক পয়েন্টে। দুষ্কৃতকারীরা এসব পয়েন্ট থেকে মূল্যবান যন্ত্রপাতি হাওয়া করে দিচ্ছে। এ ধরনের ঘটনা দ্রুত শনাক্ত ও সমাধান করতে না পারলে ট্রেন নির্ধারিত লাইনের বদলে অন্য লাইনে ঢুকে যেতে পারে। এতে একই লাইনে থাকা অন্য ট্রেনের সঙ্গে মুখোমুখি বা পেছন থেকে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়।

এ ছাড়া সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে কন্ট্রোল রুম থেকে ট্র্যাক পয়েন্টটি নিয়ন্ত্রণ করা যায় না। ফলে সিগন্যাল লাল হয়ে যায় বা ভুল সংকেত দেখায়। এ সময় ট্রেনচালক বিভ্রান্ত হয়ে যান। গত ২ আগস্ট গঙ্গাসাগর স্টেশন এলাকায় রেলপথের ট্র্যাক পয়েন্টের মোটর ও তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সিগন্যাল বাতি নিয়ে বিপত্তি
রেলপথের ট্র্যাক সার্কিট ও ট্র্যাক শান্টে ত্রুটি বা চুরি হয়ে গেলে নানা সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ট্র্যাক সার্কিটের ত্রুটির কারণে সিগন্যালের বাতির রং পরিবর্তন হয় না। অনেক সময় ট্র্যাক শান্ট ট্র্যাক সার্কিটকে শর্ট সার্কিটের মাধ্যমে নিষ্ক্রিয় করে দিলে কিংবা ট্র্যাক সার্কিটের তার ও যন্ত্রপাতি চুরি হয়ে গেলে সিগন্যাল বাতির রং হলুদ কিংবা সবুজ রঙের পরিবর্তন না হয়ে ‘লাল’ থেকে যায়। এতে ট্রেনের চালক বিভ্রান্ত হন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভুল সিগন্যাল বাতি সংকেত দেখালে ট্রেনচালক সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এতে দুর্ঘটনার পাশাপাশি ট্রেন পরিচালনায়ও বিপর্যয় তৈরি হয়।

আতঙ্কের নাম ‘নাশকতা’
রেলওয়ের কর্মকর্তারা ঘটনাগুলো পর্যালোচনা করেছেন। তাতে বেশির ভাগ সাধারণ চুরি হলেও কয়েকটি ঘটনা তাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কখনও রেলপথের নাটবল্টু খুলে পাশে ফেলে রাখা হয়েছে কিংবা স্পর্শকাতর সিগন্যালের তার ছিঁড়ে ফেলা হয়েছে, অথচ এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হয়নি। এসব ঘটনাকে ‘নাশকতা’ বলে মনে করছেন তারা।

গত ১৩ জুলাই চট্টগ্রামের ভাটিয়ারী স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ড্রাইভিং রড ও ডিটেকশন রড ভেঙে ফেলা হয়। এই দুটি যন্ত্র ট্রেনকে একটি লাইন থেকে অন্য লাইনে নিরাপদে পরিবর্তনে ব্যবহৃত হয়। এটা ভাঙা হলে লাইন পরিবর্তন করতে না পেরে ট্রেন লাইনচ্যুত, এমনকি দুর্ঘটনায় পড়তে পারে। গত ১৫ জুলাই ঢাকার তেজগাঁও স্টেশন এলাকায় রেলপথের ‘ট্র্যাকপট কেবল’ কেটে ফেলে রাখা হয়। ট্র্যাকপট কেবলের মূল কাজ হলো রেললাইনের ভেতর দিয়ে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে লাইনে ট্রেন আছে কিনা, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। লাইনে ট্রেন থাকলে পেছনের সিগন্যালটি লাল হয়ে যায়, যা অন্য কোনো ট্রেনকে ওই লাইনে প্রবেশ করতে বাধা দিয়ে দুর্ঘটনা রোধ করে। এই তার কেটে ফেললে দুটি ট্রেন মুখোমুখি হয়ে দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকে। এ ধরনের ঘটনাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বা নাশকতামূলক কাজ বলে শঙ্কা করছেন রেলের কর্মকর্তারা।

গাফিলতিতেও দুর্ঘটনার শঙ্কা
রেলওয়ের অবহেলায়ও ট্রেন দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তিন মাসে যে ৭৬টি ঘটনার কথা উল্লেখ করা হয় তাতে ৫১টি ঘটেছে গাফিলতি ও যান্ত্রিক ত্রুটির কারণে। গত ১২ ডিসেম্বর চট্টগ্রামের ষোলশহর জংশনে লাইন পরিবর্তনের পয়েন্ট ঠিক না করেই ট্রেন চালানোর কারণে বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। গতি কম থাকায় ট্রেনটি অল্পের জন্য রক্ষা পায়।

যন্ত্রপাতি লোপাটে দুর্ঘটনা, প্রাণহানি
সিগন্যালিং সিস্টেম লোপাট, ট্র্যাক পয়েন্টের মোটর ও তার, রেললাইনের নাটবল্টু, ফিশপ্লেট ও ক্লিপ চুরির কারণে বিভিন্ন সময় ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটে। এসব সরঞ্জামের দাম যেমন চড়া, তেমনি চাহিদাও বেশি। ফলে চোর নির্জন স্থান থেকে এসব সরঞ্জাম অনেকটা নিরাপদে খুলে নিয়ে যায়।

গত বছরের ২৩ অক্টোবর ভৈরব রেল জংশনে একটি মালবাহী ট্রেন ভুল সিগন্যাল পেয়ে জংশনে ঢুকলে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২২ জন নিহত ও শতাধিক আহত হন। গত ১৮ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টশনের কাছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লে সাতটি কোচ লাইনচ্যুত হয়।

নিরাপত্তা জোরদারের নির্দেশনা
তুলনামূলক চিত্র না থাকলেও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত তিন বছরে রেললাইনে নাশকতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময় নিরাপত্তা জোরদারে ব্যবস্থাও নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর রেলওয়ের তরফে স্পর্শকাতর স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা দেওয়া হয়। এর আগে নাশকতা ঠেকাতে গত বছরের নভেম্বরে সতর্কতামূলক ২৫ দফা নির্দেশনা জারি করেছিল রেলওয়ে। তাতেও রেলপথের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা সমকালকে বলেন, বিভিন্ন সময় দুষ্কৃতকারীরা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। কখনও কখনও নাশকতার ঘটনাও ঘটে। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে রেলওয়ের নিরাপত্তা বাহিনী বা রেলওয়ে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ জানানো হয়। এ ছাড়া বড় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কোনো ঘটনা ঘটলে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এর কারণ চিহ্নিত করা হয়। এতে কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, অর্ধেক সরকারি কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের কারণে সরকারি দপ্তরগুলোর অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রী। শুক্রবার পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা ও পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ অধীন দপ্তরগুলোর জন্য এ নির্দেশনা জারি করেন।

মনজিন্দর সিং সিরসা পরিবেশ ছাড়াও খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে পঙ্কজ সিং পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে যানবাহনের চাপ কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছায়, যা ‘মারাত্মক’ পর্যায়ের দূষণ হিসেবে বিবেচিত। তবে বিকেল চারটার দিকে সূচক কিছুটা কমে ৩৭৩-এ দাঁড়ায়। এ মাত্রার দূষণকে ‘অত্যন্ত খারাপ’ হিসেবে বিবেচনা করা হয়।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীদের এ নির্দেশনা শুধু সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে। তবে জরুরি সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের কর্মীদের এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। নেতানিয়াহুর এ উদ্যোগকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন তিনি।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। তিনি নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর তাকে এ দায়িত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠন নিয়ে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তা ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে। তার দাবি, তা না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। এ ক্ষেত্রে তাকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে মতাদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও আইজেনকট আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

নির্বাচনের পর সরকার গঠনে তৎপরতা শুরু করে দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

পূর্বাচলে আজ শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো

০

বিশ্ববাজারে দেশি পণ্যের পরিচিতি তুলে ধরা এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

প্রদর্শনীতে দেশের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতা ও সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেবেন।

গতকাল শনিবার ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

হাসান আরিফ বলেন, এবারের আয়োজনে অটোমোবাইল ও বাইসাইকেল, পেপার ও প্যাকেজিং, সিরামিকস ও টেবিলওয়্যার এবং হালকা প্রকৌশল–এই নতুন চারটি খাত যুক্ত করা হয়েছে। এছাড়া তৈরি পোশাক ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যাল, আইসিটিসহ মোট ১২টি খাতের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইপিবির প্রত্যাশা, প্রদর্শনীর মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি রপ্তানি চুক্তির সুযোগ তৈরি হবে।

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

০

১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে ‘মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, আর যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবন-যাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।

যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাদের মাথা নত করানো যায়নি।

ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা

নদী বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই নদী ও পানির সমস্যা দ্রুত সমাধান করতে হবে। গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণসংহতি আন্দোলন (জিএসএ) আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে ভারত তার নিজের এবং তাদের ‘বাংলাদেশ নীতির পরাজয়’ হিসেবে দেখছে। দেশটির নীতিনির্ধারকদের এ অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা কেউ চায় না। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপক্ষীয় সংকটের ন্যায্য সমাধান চায় বাংলাদেশ।
গঙ্গা ও তিস্তার পানিবণ্টন চুক্তির ইস্যুতে ‘শেখ হাসিনা কার্ড’না খেলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, এতদিন বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। এখন তিনি না থাকায় ‘মমতা বন্দ্যোপাধ্যায় কার্ড’ খেলার সুযোগ নেই।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।  নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা নদীর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন ও বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত। তাই দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ নিয়ে সংকট সমাধান করতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গ্যারান্টির ধারা ও সালিশির বিধান রেখে গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করতে হবে।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫।

গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৫৮ হাজার ২৬৮ শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনও পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলে।

যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজার
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী। চলতি বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, পরীক্ষার প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা যা বলেন
সুযোগ পেয়েও বিপুলসংখ্যক পরীক্ষার্থীর তা গ্রহণ না করার বিষয়ে অভিমত জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিনের শিক্ষাজীবনে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাস করতে না পারার আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকাকেই নিরাপদ মনে করছেন।

রাশেদা কে চৌধুরীর মতে, পরীক্ষার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা মনে করছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কর্মমুখী শিক্ষা কিংবা বিকল্প পেশায় যাওয়ার চিন্তা।

অনেক শিক্ষাবিদ মনে করেন অকৃতকার্য হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য কার্যকর কাউন্সেলিং ও একাডেমিক সহায়তার ব্যবস্থা করা হয়নি। কোনো বিষয়ে কেন তারা পিছিয়ে পড়েছেন, কীভাবে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব—এ বিষয়ে দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী কলেজের নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশও তারা পাচ্ছেন না।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় সুযোগ গ্রহণ করছে না, তা অনুসন্ধান করা জরুরি। শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অনাগ্রহের কারণ চিহ্নিত করা। পাশাপাশি বিনামূল্যে বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরামর্শ, অনলাইন প্রস্তুতি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।

পরীক্ষা শুরু ২ ডিসেম্বর 
গত বৃহস্পতিবার সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্র, ৩ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৬ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। ১৭ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হতো। সেক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এবার বিশেষ ব্যবস্থায় দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষার প্রয়োজন হচ্ছে না।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। একই সুযোগ পাবেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অকৃতকার্যদের বিকল্প শিক্ষার প্রস্তাব
এদিকে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। পুনঃপরীক্ষাতেও অকৃতকার্য হওয়া কিংবা পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের জন্য বিকল্প শিক্ষার পথ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

গত বুধবার রাজধানীর পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, শুধু পরীক্ষায় ফের অংশ নেওয়ার সুযোগ দিলেই হবে না; যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন এগিয়ে নিতে পারবেন না, তাদের জন্যও বিকল্প দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ বিধিবদ্ধ করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। এতে কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদনের সময়সীমা, পরীক্ষা ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রাখার কথা বলা হয়েছে।