বলিউডের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ আলোচিত সিনেমা। ঝাড়খণ্ডের ওয়াসিপুরের অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাত, প্রতিশোধ, খুনোখুনি আর ক্ষমতার লড়াই নিয়ে নির্মিত সিনেমাটি। একপক্ষের সঙ্গে অন্যপক্ষের বিরোধ, আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ড– সব মিলিয়ে ওয়াসিপুর হয়ে উঠেছিল এক অস্থির জনপদ। খুলনার সাম্প্রতিক পরিস্থিতি দেখলে সিনেমাটির সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন নয়।
দক্ষিণাঞ্চলের খুলনাতেও অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অবৈধ আয়ের নিয়ন্ত্রণ নিয়ে ঘটছে খুনোখুনি। প্রকাশ্যে গুলি চলছে। এখন এসব গোষ্ঠী ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদা দাবি করছে, হুমকি দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, খুলনায় এই গোষ্ঠীগুলো এতটা বেপরোয়া হয়ে উঠল কীভাবে? এর উত্তর খুঁজতে হলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে হবে না। অপরাধের পেছনে থাকা অর্থনীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং প্রশাসনিক দুর্বলতার বিষয়গুলোও দেখতে হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন ৭৭ জন। এর মধ্যে অন্তত ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) খুলনা সফরের দিনেও বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর করে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনও জোড়া খুনের ঘটনা ঘটে। এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, নগরীতে পাঁচ-ছয়টি গোষ্ঠী লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। গত এক মাসে চাঁদার দাবিতে অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ হয়ে গেছে। নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারও হুমকি ও হামলার মুখে বন্ধ রাখতে হয়েছে। অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ এখন তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষক, নারী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষও এসব হামলার শিকার হচ্ছেন। অপরাধীদের আধিপত্য বিস্তারের লড়াইয়ের দাম দিতে হচ্ছে পুরো জেলার মানুষকে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। একটি প্রতিষ্ঠানের মালিকের বক্তব্য অনুযায়ী, হামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেলেও তারা চলে যাওয়ার পর আবার ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মামলা করতে সাহস না পাওয়ার কারণ বোঝা কঠিন নয়।
পুলিশের বক্তব্য, ভুক্তভোগীরা তথ্য না দিলে বা মামলা না করলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন। কিন্তু মানুষ যদি অভিযোগ করার পরও নিরাপত্তা না পান, তাহলে তাদের কাছ থেকে সহযোগিতা আশা করার আগে সেই আস্থার জায়গাটি ফিরিয়ে আনা জরুরি।
খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি তৎপর। বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি। আগের হত্যাকাণ্ডগুলোর তদন্তেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের তথ্য এসেছে।
এসব গোষ্ঠীর শক্তির অন্যতম উৎস মাদক ব্যবসা। এর আয় দিয়ে লোকবল ধরে রাখা, অস্ত্র কেনা, সহযোগীদের বেতন বা কমিশন দেওয়া এবং এলাকায় প্রভাব বজায় রাখা হয়। অপরাধী গোষ্ঠীগুলোর টিকে থাকার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগও নতুন নয়। অতীতে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কোনো কোনো গোষ্ঠীর ঘনিষ্ঠতার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলে সেই সম্পর্কের ধরন বদলেছে বলে অভিযোগ রয়েছে।

কোনো গোষ্ঠী নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজেছে, আবার অন্য গোষ্ঠী নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এর মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধও বেড়েছে। অর্থাৎ রাজনৈতিক পালাবদল হলেও অপরাধের অর্থনীতি বন্ধ হয়নি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়। কোনো গোষ্ঠীর প্রধান গ্রেপ্তার হলেই তার অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে পড়ে না। অনুসারীদের একাংশ অন্য গোষ্ঠীতে যোগ দেয়। কেউ কেউ নতুন নেতৃত্ব তৈরি করে।
খুলনায় বিভিন্ন সময় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। খুলনা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৪টি, ২০২৫ সালে ৪৭টি এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০টি বিদেশি পিস্তল ও সাতটি বিদেশি রিভলবার। এত অস্ত্র উদ্ধারের পরও যদি প্রকাশ্যে গুলি চলে, তাহলে অস্ত্রের উৎস ও সরবরাহের পথ বন্ধ হচ্ছে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ মাসে ৩৭টি হত্যা মামলার ৩৪টির রহস্য উদ্ঘাটন এবং ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার পুলিশেরই এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক চাঁদাবাজি ও হামলার ঘটনায় শনাক্ত হওয়া অনেককে আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে তারা আবার অপরাধে জড়াচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে বারবার অপরাধে জড়ানোর অভিযোগ উঠলে তদন্ত ও বিচার প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ, অবহেলা বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ থাকলে তারও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তি ও পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থাকলে শুধু মাঠ পর্যায়ের সদস্যদের গ্রেপ্তার করে পরিস্থিতির পরিবর্তন হবে না।
সরকারের দায়িত্ব তাই শুধু বিশেষ অভিযান ঘোষণা বা অপরাধীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। খুলনার অপরাধী গোষ্ঠীগুলোর পূর্ণাঙ্গ নেটওয়ার্ক শনাক্ত করে তা ভেঙে দেওয়ার উদ্যোগ নিতে হবে। অস্ত্রের উৎস বন্ধ করতে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল, নজরদারির পাশাপাশি অপরাধের তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হত্যা ও চাঁদাবাজির মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।
আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচ্য। অপরাধী গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তার করাই দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাদের পেছনে থাকা অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি দুর্বল করতে হবে। বিশেষ করে কিশোর ও তরুণদের অপরাধী গোষ্ঠীতে যুক্ত হওয়ার প্রবণতা ঠেকাতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। কর্মসংস্থান, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। অপরাধ দমন ও অপরাধে নতুন করে যুক্ত হওয়ার পথ বন্ধ করা দুটি কাজই একসঙ্গে করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে না থাকে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হতে হবে নিরপেক্ষ ও দৃশ্যমান। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ছিল অন্তহীন। কিন্তু খুলনা কোনো সিনেমার কাহিনি নয়। তাই খুলনাকে বাস্তবের ওয়াসিপুর হতে দেওয়া চলবে না।


