Home Blog

প্রতিদিন কাজু বাদাম খেলে কী হয়

বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে,বিকেলের আড্ডায় অনেকেই কাজুবাদাম খেতে ভালোবাসেন। কাজুবাদাম শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। প্রোটিন, ভালো চর্বি, ম্যাগনেশিয়াম, জিঙ্ক আর কপারের মতো দরকারি সব উপাদানে পাওয়া যায় এই বাদাম। রোজ অল্প করে কাজুবাদাম খেলে শরীর যেসব উপকারিতা পাওয়া যায় তা জানানো ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে।

গবেষণায় দেখা গেছে, কাজুতে থাকা উপকারী ফ্যাট ,হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে ক্ষতিকর চর্বির বদলে এই ভালো ফ্যাট রাখলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে,, নিয়মিত কাজু খেলে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমতে পারে। তবে শুধু কাজু খেলেই যে হৃদরোগজনিত জটিলতা কমবে এটা ভাবা ঠিক নয়।

অনেকের ধারনা, হাড়, পেশি আর স্নায়ুর যত্ন নিতে শুধু ক্যালসিয়ামই যথেষ্ট। কিন্তু এর সঙ্গে ম্যাগনেশিয়াম, ফসফরাস আর কপারও দরকার। কাজুতে এই সবকটি উপাদানই আছে। এর পাশাপাশি এতে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর কাজ ঠিক রাখে। রক্তচাপ আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও এর বড় ভূমিকা রয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বিপাকক্রিয়া ঠিক রাখতে জিঙ্ক আর কপার খুব জরুরি। কাজুতে এসব উপাদান পাওয়া যায়। জিঙ্ক কোষের বৃদ্ধিতে সাহায্য করে। আর কপার শরীরে আয়রন কাজে লাগাতে ও শক্তি তৈরি করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ শরীরের ভেতরের নানা কাজ ও বিপাক প্রক্রিয়া ঠিক রাখে।

কাজুতে প্রোটিন, ভালো ফ্যাট আর শর্করা থাকায় এটি দ্রুত শক্তি জোগায়। এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বাড়তি খাওয়ার ঝোঁক কমে।

কীভাবে খাবেন

সকালে ওটস, দই বা সালাদের সঙ্গে কাজু খেতে পারেন। রান্নাতেও দেওয়া যায়। তবে লবণ বা তেলে ভেজে নয়, কাঁচা বা শুকনো খোলায় ভাজা কাজু খাওয়াই সবচেয়ে ভালো।

৩ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

০

মাহফিজুল ফেরার পর শান্ত ও হৃদয় মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন। মধ্যাহ্ন বিরতির আগের বাকিটা সময় দুজনে মিলে কাটিয়ে দিয়েছেন। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। হৃদয় ২৩ ও শান্ত অপরাজিত আছেন ১২ রানে। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৯৪ রানে পিছিয়ে সফরকারীরা।

ছবি- এএফপি

ছবি- এএফপি

আম্পায়ার্স কলে ফিরলেন মাহফিজুল

ইনিংস বড় করতে পারলেন না মাহফিজুল ইসলাম রবিন। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ৬২ বলে ৩৮ রান করে ফিরেছেন এই ওপেনার। ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলটি খেলবেন নাকি ছাড়বেন, সেই দ্বিধায় ছিলেন রবিন। শেষ মুহূর্তে ছেড়ে দিলে বল লাগে প্যাডে। আবেদনের পর আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি ইমপ্যাক্টে আম্পায়ার্স কল। ফলে মাঠের সিদ্ধান্তই বহাল থাকে। পুরো সিরিজেই ব্যাট হাতে স্বস্তিতে ছিলেন না রবিন। ২২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৮। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহীদ হৃদয়।

ছবি- এএফপি

ছবি- এএফপি

আবারও শূন্য মুমিনুল, ব্যর্থতার বৃত্ত ভাঙা হলো না

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। উইয়ান মুল্ডারের লেগ স্টাম্পের বাইরের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে প্রথম টেস্টে তিনি করেছিলেন ০ ও ১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হন ১৮ রানে। সব মিলিয়ে দুই টেস্টের চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান।

ছবি- এএফপি

ছবি- এএফপি

ভালো শুরুর পর ফিরলেন তানজিদ

তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তানজিদ। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪৮ বলে ২৯ রান করেন এই ওপেনার। ৫৮ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে ও বাইরে মিলিয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তানজিদ-মাহফিজুল। এতদিন ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি ছিল আল শাহরিয়ার ও হান্নান সরকারের। ২০০২ সালে পচেফস্ট্রুমে ৫২ রানের জুটি গড়েছিলেন তারা।

তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের সাত উইকেটে ৪৯৪ রানেই থেমেছে তারা। ফলে প্রথম ইনিংসে ৪০৩ রানের বিশাল লিড পেয়েছে স্বাগতিকেরা।

প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন ইনিংস হারের শঙ্কা। ৪০৩ রানের এই ব্যবধান ঘোচাতে কঠিন পরীক্ষার মুখে পড়বে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে হলে দ্বিতীয় ইনিংসে বড় ব্যাটিংয়ের বিকল্প নেই।

যুবকের সঙ্গে সম্পর্ক, ইরানে দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করল বাবা-মা

ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজে ‘সম্মান রক্ষার্থে হত্যার’ (অনার কিলিং) ঘটনায় বাবা-মায়ের হাতে এক তরুণী নিহত হয়েছেন। সোমবার একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, দেশটির কুর্দি-অধ্যুষিত পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় হত্যাকাণ্ড এটি।

নরওয়ের অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সানান্দাজের নায়সার জেলার বাসিন্দা ১৯ বছর বয়সী হেলিয়া ফাত্তাহিকে তার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসি হত্যা করেছেন।

হেঙ্গাউয়ের কাছে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার। হত্যাকাণ্ডের সময় হেলিয়া দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগের সপ্তাহে তিনি পরিবারের সদস্যদের নিজের গর্ভধারণের বিষয়টি জানান।

অভিযোগ রয়েছে, শনিবার হেলিয়ার বাবা-মা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে যান। বাড়িতে ফিরে তারা মেয়েকে খিঁচুনি প্রতিরোধী ওষুধের প্রায় ৩০টি বড়ি খাওয়ান এবং মারধর করেন।

মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘তাদের মেয়ে তখনও বেঁচে আছে বুঝতে পেরে, তারা তার মুখের ওপর বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।’

জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে হেলিয়ার বাবা-মা দুজনেই তাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে হেঙ্গাউ। ওই দিনই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সপ্তাহের দ্বিতীয় মৃত্যু
এর কয়েক দিন আগে পার্শ্ববর্তী কেরমানশাহ প্রদেশে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেন আইন কর্মকর্তারা। হেঙ্গাউয়ের তথ্য অনুযায়ী, সায়াদি স্কুলের কর্মীদের সতর্ক করে জানিয়েছিলেন, বাবার সঙ্গে বাড়ি ফিরলে তিনি তাকে হত্যা করতে পারেন।

প্রাদেশিক শিক্ষা বিভাগ জানিয়েছে, সায়াদির বাবা স্কুলের নথিপত্র সংগ্রহ করতে এসেছিলেন। ওই দিন পরবর্তী সময়ে বাবার বাড়িতেই তার মৃত্যু হয়।

কেরমানশাহের আইন কর্মকর্তা হামিদরেজা কারিমি বলেছেন, তদন্তকারীরা সায়াদির মৃত্যুর ঘটনায় হত্যা ও আত্মহত্যা—দুই সম্ভাবনাই খতিয়ে দেখছেন। ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক নির্যাতন ও হত্যার সন্দেহে সায়াদির বাবাকে এবং অবহেলার অভিযোগে তার স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

এমন হত্যা আরও হয়েছে
অক্টোবরের শেষ দিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টিতে ১৬ বছর বয়সী ছাত্রী নেসা আলিজাদেহকে হত্যার ঘটনাও সামনে আসে। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করা নিয়ে বিরোধের জেরে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। হেঙ্গাউয়ের তথ্য অনুযায়ী, আলিজাদেহর মা তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন।

প্যারিসভিত্তিক উইমেনস কমিটি অব দ্য ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (ডব্লিউএনসিআরআই) এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে নারীহত্যার ঘটনায় ৯২ জন নারী ও কিশোরীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটির হিসাবে, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী ছিল ১৩ জন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নারীহত্যার সবচেয়ে বেশি ১৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে রাজধানী তেহরান প্রদেশে।

এনভিডিয়ায় জেনসেন ফেরায় ট্রাম্পের সম্পদ বেড়েছে ১৫ মিলিয়ন ডলার

জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের পর এনভিডিয়ার শেয়ারের দামে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। সোমবার ওই দরবৃদ্ধির কারণে কোম্পানিটিতে থাকা ডোনাল্ড ট্রাম্পের শেয়ারের মূল্যও বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত শেয়ারের এই মূল্য বৃদ্ধির হিসাব করেছে ফিন্যান্সিয়াল টাইমস। গণমাধ্যমটি জানিয়েছে, হুয়াংয়ের ফিরে আসার খবরের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বাড়ে। এতে কোম্পানিটির বাজারমূল্য ৯০০ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পায়।

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের কাছে এনভিডিয়ার সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার ছিল বলে ধারণা করা হচ্ছে। সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবরণীর ভিত্তিতে এই হিসাব করেছে গণমাধ্যমটি। সবশেষ বিবরণী জমা দেওয়া হয়েছিল ৫ নভেম্বর।

তবে এসব বিবরণীতে শেয়ার কেনা ও বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই। শুধু সম্ভাব্য পরিসর দেওয়া আছে। তাই ট্রাম্পের হাতে সর্বোচ্চ কতগুলো শেয়ার থাকতে পারে, তা অনুমান করতে কেনার ক্ষেত্রে সর্বোচ্চ এবং বিক্রির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা ধরে হিসাব করা হয়েছে।

ট্রাম্পের বার্ষিক আর্থিক বিবরণীর বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তাঁর শেয়ারের মূল্য অন্তত ১২ মিলিয়ন ডলারে পৌঁছেছিল। সাম্প্রতিক মাসগুলোতেও তাঁর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এনভিডিয়ার শেয়ার কেনাবেচা অব্যাহত ছিল।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ১২ নভেম্বর পদত্যাগ করেন হুয়াং। এরপর চিপ নির্মাতা কোম্পানিটির শেয়ারের দাম ব্যাপকভাবে কমে যায়। তখন থেকেই হুয়াংকে ফেরানোর পক্ষে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার হুয়াংকে পুনর্বহালের পর ট্রাম্প বলেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগের পরই ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।’ সিএনবিসি নিউজকে ট্রাম্প আরও বলেন, ‘আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার দৃঢ় অবস্থান ছিল।’

এদিকে ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হুয়াংকে ফেরানোর ঘোষণার আগে কী ধরনের শেয়ার কেনাবেচা হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন। কারণ বর্তমান হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।

দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম ভরিতে কমল ২৮৫৮ টাকা

০

দেশের বাজারে টানা দুই দিন বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সোমবার ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে স্বর্ণ ও রৌপ্য অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল

০

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটিতে নতুন মজুরি চূড়ান্ত হয়।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে নতুন মজুরি ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

শ্রমিকদের নতুন এ মজুকাঠামো আগামী ১ ডিসেম্বর কার্যকর হবে বলে জানা গেছে।

মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোর ৪টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে কিংবা বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, সেসব বিষয় চূড়ান্ত করতে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হবে।

হা‌সিনার ফেরার ঘোষণা বিশ্বাস‌যোগ‌্য না: জামায়াত আমির

০

জু‌লাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ‌্যুত হ‌য়ে ভারতে পা‌লি‌য়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তি‌নি ব‌লে‌ছেন, শেখ হা‌সিনার কথার বিশ্বাস নেই। তবে দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানান জামায়াত আমির।

অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার দেশে ফিরে এ কথা বলেন জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর রহমান। ‌তি‌নি ব‌লেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে।

জামায়াত আমির বলেন, ‘নির্যাত‌নে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের‌কে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। এখন শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে শুধু আহ্বান জানালেই দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।’

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার ভাষ্য, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এ পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরের জামায়াত আমির‌কে স্বাগত জানান দ‌লের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় যান বি‌রোধীদলীয় নেতা। সেখা‌নে প্রবাসী বাংলা‌দে‌শিদের বি‌ভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। অস্ট্রেলিয়ার ক‌য়েকজন রাজনৈতিক ও কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন।

ফি‌লি‌স্তি‌নের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা‌দের মৃত‌্যু‌তে অতী‌তে শোক প্রকাশ করায়, অস্ট্রেলিয়ার দু‌টি ইহু‌দি এবং হিন্দু সংগঠন জামায়াত আমি‌রে সফ‌রের প্রতিবাদ জানায়। তারা হামাস‌কে জঙ্গী সংগঠন আখ‌্যা দি‌য়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কা‌ছে জান‌তে চায়, হামাস সমর্থক জামায়াত আমির কীভা‌বে অস্ট্রেলিয়ার ভিসা পে‌লেন।

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সেগুলো নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন।

এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ (ভারত) আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আসিব, আসিব বলিয়া কত দিন পার হবে, কোন দিন! একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলো তো আমাদের মনোযোগ নাই। আমরা সব সময় সতর্ক আছি।’

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম। তিনি এ সময় জানান, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন; বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেসব প্রকল্প অনুমোদন পেল
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন) এবং যশোর, কক্সবাজার ও পাবনায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের তৃতীয় সংশোধনীর পর চতুর্থ সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের সাত প্রকল্প সম্পর্কে অবহিত
এদিকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।

প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প; ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি); কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর প্রকল্প; ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প; ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি-বি) শক্তিশালীকরণ প্রকল্প এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।