এনভিডিয়ায় জেনসেন ফেরায় ট্রাম্পের সম্পদ বেড়েছে ১৫ মিলিয়ন ডলার

জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের পর এনভিডিয়ার শেয়ারের দামে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। সোমবার ওই দরবৃদ্ধির কারণে কোম্পানিটিতে থাকা ডোনাল্ড ট্রাম্পের শেয়ারের মূল্যও বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত শেয়ারের এই মূল্য বৃদ্ধির হিসাব করেছে ফিন্যান্সিয়াল টাইমস। গণমাধ্যমটি জানিয়েছে, হুয়াংয়ের ফিরে আসার খবরের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বাড়ে। এতে কোম্পানিটির বাজারমূল্য ৯০০ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পায়।

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের কাছে এনভিডিয়ার সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার ছিল বলে ধারণা করা হচ্ছে। সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবরণীর ভিত্তিতে এই হিসাব করেছে গণমাধ্যমটি। সবশেষ বিবরণী জমা দেওয়া হয়েছিল ৫ নভেম্বর।

তবে এসব বিবরণীতে শেয়ার কেনা ও বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই। শুধু সম্ভাব্য পরিসর দেওয়া আছে। তাই ট্রাম্পের হাতে সর্বোচ্চ কতগুলো শেয়ার থাকতে পারে, তা অনুমান করতে কেনার ক্ষেত্রে সর্বোচ্চ এবং বিক্রির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা ধরে হিসাব করা হয়েছে।

ট্রাম্পের বার্ষিক আর্থিক বিবরণীর বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তাঁর শেয়ারের মূল্য অন্তত ১২ মিলিয়ন ডলারে পৌঁছেছিল। সাম্প্রতিক মাসগুলোতেও তাঁর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এনভিডিয়ার শেয়ার কেনাবেচা অব্যাহত ছিল।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ১২ নভেম্বর পদত্যাগ করেন হুয়াং। এরপর চিপ নির্মাতা কোম্পানিটির শেয়ারের দাম ব্যাপকভাবে কমে যায়। তখন থেকেই হুয়াংকে ফেরানোর পক্ষে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার হুয়াংকে পুনর্বহালের পর ট্রাম্প বলেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগের পরই ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।’ সিএনবিসি নিউজকে ট্রাম্প আরও বলেন, ‘আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার দৃঢ় অবস্থান ছিল।’

এদিকে ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হুয়াংকে ফেরানোর ঘোষণার আগে কী ধরনের শেয়ার কেনাবেচা হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন। কারণ বর্তমান হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর