রামগতিতে ধরা পড়ল ২৪০ কেজির শাপলা পাতা মাছ, নিলামে বিক্রি ৭৫ হাজার টাকা

0
62

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৪০ কেজি ওজনের বিরল ও বিশাল আকৃতির শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরী মাছঘাট বাজারে নিলামে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা প্রতিদিনের মতো রামগতির দক্ষিণে মেঘনা নদীর মোহনার কাছে মাছ ধরছিলেন। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে তাঁরা অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে নিজেদের ট্রলারের ১২ জন জেলে এবং পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন।

বাঁশ ও দড়ির সাহায্যে প্রায় ছয়জন জেলে বৃত্তাকারে প্রায় সাড়ে ১১ ফুট এবং লেজসহ প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের মাছটি ডাঙায় তোলেন। পরে মাছটি রামগতির বড়খেরী মাছঘাটে নিয়ে আসা হয়। বিকেলে মোতালেব বেপারীর আড়তে নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি মাছটি কিনে নেন।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, “দীর্ঘদিন ধরে মাছ ধরা ব্যবসায় লোকসান গুনছি। ধার–দেনা করে সংসার চালাতে হচ্ছে। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। তবে ভালো ক্রেতার অভাবে তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে।”

স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা আহমেদ হিমু ও শাকিল জানান, “এ ধরনের শাপলা পাতা মাছ এখন খুবই বিরল। এমন মাছ দেখলে জেলেদের মতো আমরাও আনন্দিত হই। প্রকৃতিতে এখন এসব মাছ খুব কম দেখা যায়।”

এদিকে বিশাল আকৃতির এই মাছ দেখতে মাছঘাটে স্থানীয়দের ভিড় জমে। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here