হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে লিওনেল স্কালোনির দল।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী মেসি। তাকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের।

বিরতির পরপরই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। জিওর্জিয়ান ডি আরাসকায়েতার ফ্রি-কিক লিসান্দ্রো মার্টিনেজ হেডে ক্লিয়ার করতে গেলে বল সতীর্থ লিয়ান্দ্রো বালের্দির গায়ে লেগে জালে জড়ায়। ৫৩ মিনিটে ডি আরাসকায়েতার কর্নার থেকে আরাউহোর কাঁধে লেগে বল জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে।

ম্যাচের ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল পায়নি আলবিসেলেস্তেরা। ফলে মেসি-পরবর্তী যুগের শুরুতেই ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বিশ্বচ্যাম্পিয়নদের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে। টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার পর এটা আর্জেন্টিনার প্রথম হারও। প্রীতি ম্যাচে তাদের সর্বশেষ হার ২০১৯ সালের ২২ মার্চ।

আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলই পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর কিংবদন্তি ডিয়েগো ফোরলানকে কোচ বানায় উরুগুয়ে। তার অধীন উরুগুয়ের এটি তৃতীয় জয়। আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৮ ম্যাচে এটা স্কালোনির ১১তম হার।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর