যশোরের অভয়নগরে ৮ বছরের এক কন্য শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে তিনি খুলনা জেলখানা ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং পেশায় একজন দিনমজুর।
ভুক্তভোগী শিশুর ফুফু জানান, সোমবার সকালে শিশুটি খুলনা থেকে অভয়নগরের চালিশিয়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সেখানে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করে যে, গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেশী নজরুল গাজী তাকে ধর্ষণ করেছে।
ইফতারের পর শিশুটিকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিকে নেওয়া হলে কর্তৃপক্ষ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। এরপর কৌশলে অভিযুক্ত নজরুলকে ওই ক্লিনিকে ডেকে আনা হয়। রাত ৮টার দিকে সে ক্লিনিকে পৌঁছালে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আক্রান্ত শিশুটি জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল নজরুল গাজী। সম্পর্কে সে শিশুটির ‘নানা’ হওয়ায় এবং প্রাণের ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রেখেছিল।
আটক নজরুল গাজী পুলিশের কাছে অপরাধ স্বীকার করে বলেন, ওই শিশু আমাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাতে আমরা একসঙ্গে ঘুমানোর সময় আমি এই কাজ (ধর্ষণের চেষ্টা) করেছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজীকে আটক করা হয়েছে।




