চর্চায় শাকিব-সিয়াম-নিশো

0
8

সারা বছর প্রেক্ষাগৃহে দর্শক-খরা থাকলেও ঈদ এলেই বদলে যায় চিত্র। সিনেমা হলে তখন উপচে পড়া ভিড়, উৎসবের আমেজ আর দর্শকের উচ্ছ্বাসে মুখর পরিবেশ। এবার ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা–‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এর মধ্যে ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘দম’ মূলত নায়কনির্ভর সিনেমা।

এই তিন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় তিন নায়ক–শাকিব খান, সিয়াম আহমেদ ও আফরান নিশো। ফলে এবারের ঈদজুড়ে এই তিন নায়ককে ঘিরেই চলছে চর্চা, তর্ক-বিতর্ক এবং ভক্তদের উন্মাদনা।

শাকিব খান
ঈদের সিনেমার পরীক্ষিত নাম শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে, আর দর্শকও ভিড় করেন তাঁর সিনেমা দেখতে। বছরের দুই ঈদকে কেন্দ্র করে তাঁর সিনেমা মুক্তির বিষয়টি এখন প্রায় প্রতিষ্ঠিত। এবারের ঈদে মুক্তি পেয়েছে গ্যাংস্টার কালচারের গল্প নিয়ে সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। মুক্তির পর থেকেই হলসংখ্যার দিক থেকে এগিয়ে ছিল এবং দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখিয়েছে। তবে মুক্তির আগে প্রচারণার ঘাটতি নিয়ে কিছুটা অসন্তোষ ছিল ভক্তদের মধ্যে। দুটি গান, পোস্টার ও একটি টিজার ছাড়া তেমন কোনো প্রচারণায় দেখা যায়নি সিনেমাটির বেলায়। তবে এগুলো প্রকাশেই তৈরি হয় আগ্রহ, ট্রেন্ডিংয়েও আসে সিনেমাটির ট্রেলার।

সার্ভার জটিলতায় ঈদের দিন দুপুর পর্যন্ত অনেক প্রেক্ষাগৃহে শো চালু না হওয়ায় দর্শক হতাশ হন, কোথাও ক্ষোভও দেখা যায়। এমনকি স্টার সিনেপ্লেক্স এর মতো মাল্টিপ্লেক্সের সবচেয়ে বৃহৎ চেইনটিতেও ঈদের প্রথম তিন দিন সিনেমাটি প্রদর্শিত হয়নি। পরে ঈদের চতুর্থ দিন থেকে সেখানে শো শুরু হলে দ্রুতই হাউসফুল হয়ে ওঠে। এরপর থেকে প্রতিটি শোয়ের টিকিট সোল্ড আউটের খবর আসছে। হাউসফুল শোয়ের খবর আসছে। তবে শো দেরিতে শুরু হওয়া সার্ভার জটিলতার থাকলেও ঈদের নায়কদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খানই।

সিয়াম আহমেদ
শাকিব খানের পর এবারের ঈদের সবচেয়ে আলোচিত নায়ক সিয়াম আহমেদ। ‘বরবাদ’ নির্মাতা মেহেদি হাসান হৃদয় এবার নিয়ে এসেছেন ‘রাক্ষস’। মূলত বরবাদ ইউনিভার্সেরই নতুন সংযোজন এই সিনেমা; যেখানে এবার যুক্ত হয়েছেন সিয়াম। ফলে মুক্তির আগেই ছিল দর্শক-হৃদয়ে জেগেছিল আশা-আকাঙ্ক্ষা ও কৌতূহল। বরবাদে ছিল দেশসেরা নায়ক শাকিব খান। তাঁর ইউনিভার্সে সিয়াম কতটা বাজিমাত করতে পারবেন। সিনেমা মুক্তির পর সেই সংশয় পুরোপুরি কেটে গেছে। এই সিনেমায় সিয়াম শুধু অভিনয় করেননি, বরং স্ক্রিন ডমিনেট করেছেন।

গান, রোমান্স, ডায়ালগ ও অ্যাকশন–সবখানেই তিনি ছিলেন পিওর ম্যাসি অ্যাভাটারে। ‘ওয়ান ম্যান শো’ ধরনের একটি সিনেমা কাঁধে নেওয়ার আত্মবিশ্বাসই তাঁকে নতুনভাবে আলোচনায় এনেছে। ‘রাক্ষস’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না পেলেও মাল্টিপ্লেক্সে প্রায় ২৩টি শো চলছে–যেগুলোর বেশিরভাগই হাউসফুল। আগাম টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে চাহিদা থাকা সত্ত্বেও শো না বাড়ানো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের অভিযোগ রয়েছে। তাদের মতে, শো বাড়ানো হলে সিনেমাটি বড় বাণিজ্যিক সাফল্য পাবে।

আফরান নিশো
‘সুড়ঙ্গ’ ও ‘দাগী’র পর এবারের ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশোর ‘দম’। রেদোয়ান রনি পরিচালিত কাজাখস্তানের বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশে ধারণ করা এই সারভাইভাল ঘরানার সিনেমাটি ভিজ্যুয়াল ও আবেগ–দুই দিক থেকেই নতুন অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের। বরাবরের মতোই অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন নিশো। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না পেলেও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক শো পেয়েছে এবং সেই শোগুলোতেই দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ধারাবাহিকতা বজায় রেখে নিশো এখন মাল্টিপ্লেক্স দর্শকদের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন।

সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদের সিনেমা বাজারে তিন নায়কের লড়াইই সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। তিনজনই নিজ নিজ জায়গা থেকে দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। সেই কারণেই এবারের ঈদে সিনেমার গল্প মানেই ‘তিন তারকার’ জমজমাট প্রতিযোগিতা যেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here