মা তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি…

0
3

মা শব্দটি ভালোবাসা, আশ্রয় আর নিঃস্বার্থ মমতার আরেক নাম। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা যেন মায়ের আঁচলই। বিশ্ব মা দিবসে সেই অনন্য সম্পর্কের গল্পেই ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এদিন মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতার অনুভূতি। কারও পোস্টে ছিল হারিয়ে ফেলা মায়ের স্মৃতি, কারও লেখায় উঠে এসেছে জীবনের সবচেয়ে বড় শক্তির প্রতি অকৃত্রিম ভালোবাসা।

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী মা দিবসে তার মায়ের একটি পুরোনো ও দুর্লভ ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে মহাখালীর বাসায় স্ত্রী মৌসুমীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তার মা-ই কাজী ডেকে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন। সেই স্মৃতির কথা মনে করে ওমর সানী লেখেন, সেখান থেকে আজ অব্দি একসঙ্গে আছি, আলহামদুলিল্লাহ।

প্রয়াত মাকে স্মরণ করে আরও আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, ‘বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা, আমি তোমাকে অনেক মিস করি।’

অন্যদিকে অপু বিশ্বাস মা দিবসে একটি প্রতীকী ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’

এদিকে মা দিবসের দিনই ছিল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম–এর মায়ের জন্মদিন। মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন মা, আমার জীবনের রানি।’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রতিদিনই মা দিবস, আর প্রত্যেক মা-ই প্রতিদিন সুখ পাওয়ার যোগ্য।’

অন্যদিকে সুনেরাহ বিনতে কামাল মাকে উদ্দেশ করে ভালোবাসাভরা বার্তায় লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি, তুমি ভরসা, তুমি ভালোবাসা। শুভ মা দিবস আম্মু।’

এছাড়াও দেশের বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা মা দিবস উপলক্ষে মাকে নিয়ে নিজেদের না বলা অনুভূতি প্রকাশ করেছেন। কোথাও ছিল ভালোবাসা, কোথাও কৃতজ্ঞতা, আবার কোথাও উঠে এসেছে মাকে হারানোর গভীর বেদনা। তবে সব অনুভূতির কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই—মা, যিনি সন্তানের জীবনে ভালোবাসা আর ভরসার সবচেয়ে বড় নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here