দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ ১ জুন। বিশেষ এদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভাসছেন তিনি। তাকে ঘিরে ফেসবুকে সহশিল্পীরাও লিখে যাচ্ছেন নানা কথা। তাদের মধ্যে একটি ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে জয়া মজার ছলে চঞ্চলের ভিজিটিং কার্ডে থাকা উচিত- এমন তিনটি ‘পেশা’র কথা উল্লেখ করেন।
জয়ার ভাষ্য অনুযায়ী, চঞ্চলের পরিচয়ের তালিকায় প্রথমেই থাকবে ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয়- ‘দুরন্ত ড্রাইভার’। আর তৃতীয় নম্বরে থাকবে তার প্রকৃত পেশা ‘অভিনেতা’।
রসিকতাপূর্ণ এই মন্তব্যের মধ্যদিয়ে জয়া আসলে চঞ্চলের বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। পোস্টের শেষাংশে তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় বলেও উল্লেখ করেন।
বলা দরকার, জয়া ও চঞ্চলের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক দর্শকদের কাছেও সুপরিচিত। ‘দেবী’ সিনেমায় তাদের জুটি বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাতে জয়া অভিনয় করেছিলেন রাণু চরিত্রে আর চঞ্চল পর্দায় জীবন্ত করে তুলেছিলেন কিংবদন্তি চরিত্র মিসির আলিকে।
চঞ্চল চৌধুরীর জন্মদিনের জয়ার এমন শুভেচ্ছাবার্তা শুধু একটি শুভেচ্ছা নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহকর্মীর প্রতি ভালোবাসারই এক উষ্ণ প্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনরা।




