জন্মভূমি প্রতিবেদকঃ ডালাস বাংলা উৎসবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে লুইসভিল সিটি হল। এ উপলক্ষে লুইসভিল সিটি কাউন্সিল একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি করে, যাতে স্বাক্ষর করেন মেয়র টি. জে. গিলমোর। বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপন, স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং কমিউনিটির মধ্যে সংযোগ জোরদারে উৎসবের অবদানের স্বীকৃতি দেওয়া হয় ওই ঘোষণাপত্রে। শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে বইমেলা, সাহিত্য আড্ডা, নাটক, সংগীত ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসবের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়।
থিয়েটারের লবিতে দর্শনার্থীদের নজর কাড়ে ঢাকার বাংলাবাজার ও নিউইয়র্কের ব্রুকলিনের বইয়ের দোকান নিয়ে তৈরি দৃশ্যপট। উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদেরের নকশায় জন্মভূমির স্মৃতি ও প্রবাসের দৈনন্দিন জীবন পাশাপাশি উঠে আসে। বিকেল ৩টায় বইমেলা শুরু হয়।
বিকেল ৪টায় জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতা আবৃত্তি করে সাহিত্য আড্ডার সূচনা করেন সঞ্চালক মারুনা রাহী। আলোচনায় অংশ নেন চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ, মোহাম্মদ কবির, আবদুর রব, জাহিদ রেজা, সাঈদা আনোয়ার ডিভা, ইসতিয়াক রুপু, লোপামুদ্রা ব্যানার্জি, কানিজ মওলা, নজরুল ভূঁইয়া ও ফরহাদ হোসেন। কবিতা আবৃত্তি করেন শাহীন সাদাত, লোপামুদ্রা ব্যানার্জি ও ইসতিয়াক রুপু। আড্ডার শেষ পর্বে কেন কাদের তাঁর প্রয়াত মা বেগম নুরজাহান কাদেরের হাতে সেলাই করা বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তাঁদের বাড়ির ছাদে পতাকাটি উত্তোলন করা হয়।
সন্ধ্যার মূল অনুষ্ঠান মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডালাস বাংলা উৎসবের অনুষ্ঠান পরিচালক সাবেরা কাদের। এরপর অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানাজ রেজা। সাংস্কৃতিক পর্বের শুরুতে শিক্ষিকা আফরিন সুমীর তত্ত্বাবধানে BANT বাংলা স্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।
অস্টিন থেকে আসা Baul Prog Collective শেখ দীনার নেতৃত্বে তাদের প্রথম সরাসরি মঞ্চ পরিবেশনায় বাউলগানের সঙ্গে প্রগ্রেসিভ রকের মেলবন্ধন তুলে ধরে। নাট্যদল রঙ্গমঞ্চ তাদের দ্বিতীয় প্রযোজনা, হুমায়ূন আহমেদের একাঙ্কিকা ‘স্বপ্ন’, মঞ্চস্থ করে। ফরহাদ হোসেনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন সাইফুল হক রুমি ও সালমা রোজী। উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন নাবিলা কুহু।
শেষ পর্বে SANM TV-Gi JULY 4TH স্বাধীনতা দিবস পুরস্কার তুলে দেন উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদের। পুরস্কার পান খান আনিসুজ্জামান, নাসরিন সানি, আলী তারেক, ফরহাদ হোসেন ও নাদিম আহমদ। বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে অবদানের জন্য নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন ইওচঅ-কেও পুরস্কার দেওয়া হয়।
২০২১ সালে গান ও কবিতার আসর দিয়ে ডালাস বাংলা উৎসবের যাত্রা শুরু হয়। পরের বছর যুক্ত হয় পূর্ণাঙ্গ বাংলা বইমেলা। এবারের উৎসব উপস্থাপন করে SANM TV & Media Services, LLC। টাইটেল স্পনসর ছিল kenkader.com Mortgage Services । আয়োজন শেষে কেন কাদের দর্শক, শিল্পী, সাহিত্যিক, স্বেচ্ছাসেবক, বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান এবং ২০২৭ সালে ষষ্ঠ ডালাস বাংলা উৎসবে সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।


