২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষের পথে। ইতোমধ্যেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে অনেক দল। এর মধ্যে কেউ কেউ প্রতিপক্ষের অপেক্ষায়, কেউ ইতোমধ্যেই জেনে গেছে প্রতিপক্ষের নামও। শেষ বত্রিশের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা জাপান ‘এফ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে নকআউটে পা রেখেছে। আগামী ২৯ জুন শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল।
এদিন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। দুই দলের মধ্যে অনুমিতভাবেই শক্তিমত্তা ও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৬ নম্বরে, আর জাপান ১৮ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ব্যবধান আছে। দুই দল একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছে। এর মধ্যে ৭টি ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ হয়েছে ড্র। বাকি একটি ম্যাচে জয়ের মুখ দেখেছে ব্লু সামুরাইরা। আর সেই একমাত্র জয়টি এসেছে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে। এটাই হয়তো জাপানকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
২০২৫ সালের অক্টোবরে ওই প্রীতি ম্যাচে ব্রাজিলকে চমকে দিয়ে ৩-২ ব্যবধানে জিতেছিল জাপান। এবারও ব্রাজিলকে জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। কারণ, ওই দলের বেশির ভাগ ফুটবলারই জাপানের বিশ্বকাপ দলেও আছেন।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হয় তারা।
অন্যদিকে জাপানের বিশ্বকাপ মিশনও শুরু হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় হাজিমে মোরিয়াসুর শিষ্যরা। তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় তারা। শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপপর্ব শেষ করেছে জাপান।




