সাত বছরের চাকরিজীবন শেষে বাড়ি ফিরছিলেন আলিফ, সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলিফ আহমেদ চন্দন (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দাম্মাম থেকে বিমানবন্দরে যাওয়ার পথে একটি লরির সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আলিফসহ সাতজন নিহত হন। সাত বছরের চাকরি জীবনের অবসান ঘটিয়ে বাড়ি ফিরছিলেন আলিফ।

আলিফ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মরুরা গ্রামের আব্দুল হাইয়ের একমাত্র ছেলে। কৈশোরেই পরিবারের হাল ধরতে সৌদি আরবে পাড়ি জমান তিনি। প্রবাসজীবনে একবার দেশে এসে বিয়ে করেছিলেন। এরপর আবার ফিরে যান সৌদি আরবে।

গত বৃহস্পতিবার দাম্মামে কর্মস্থল থেকে আলিফসহ বিভিন্ন এলাকার সাতজন একটি প্রাইভেট কারে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পথে একটি লরির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে আলিফসহ গাড়িতে থাকা সাতজনই ঘটনাস্থলে মারা যান।

সৌদি আরবপ্রবাসী আলিফের মামা ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলিফের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারিবারিকভাবে চেষ্টা চলছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, শুক্রবার রাতে তিনি দুর্ঘটনার খবর জানতে পেরেছেন। তিনি আলিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং সরকারি পর্যায়ে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ-উল আদিব বলেন, এ ধরনের দুর্ঘটনার বিষয়ে তার দপ্তরে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর