গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে মাঠে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুর জেলা ও মহানগর এলাকার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল ৬টা থেকে মাঠে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার ১২ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। বর্তমানে ১২ প্লাটুন বিজিবির পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। এসব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান জানান, আন্দোলনের নামে যাতে কোনো রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দায়িত্ব পালন করছেন তারা।


