‘টু দ্য পয়েন্ট’-এর ২৫০০তম অনুষ্ঠান উদযাপন

সাম্প্রতিক বিষয় নিয়ে টেলিভিশন অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’-এর ২,৫০০তম পর্বে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই ভবনে গত বৃহস্পতিবার এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি ‘টু দ্য পয়েন্ট’-এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের ধারাবাহিকতায় ২৫০০তম অনুষ্ঠানে পৌঁছানোকে ‘টু দ্য পয়েন্ট’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন বক্তারা। তাদের মতে, দর্শকের আগ্রহ, আস্থা ও ভালোবাসাই অনুষ্ঠানটির দীর্ঘ পথচলার প্রধান শক্তি।

সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা, বিশ্লেষণ ও মতবিনিময়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের সামনে তথ্য ও বিশ্লেষণ তুলে ধরছে ‘টু দ্য পয়েন্ট’। সময়ের সঙ্গে বিষয়বস্তু ও গণমাধ্যমের ধরনে পরিবর্তন এলেও প্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব দিয়ে দর্শকের কাছে তা উপস্থাপনের ধারাবাহিকতা ধরে রেখেছে অনুষ্ঠানটি।

‘ইউসিবি টু দ্য পয়েন্ট’-এর ২,৫০০তম অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবিএম মোশাররফ, আজিজুল বারি হেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল হক, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, দৈনিক ওয়াদা’র সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও মোশাররফ হোসেন ভুইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, এনসিপি নেতা সারোয়ার তুষার, ড. জাহেদুল বারী ও মনিরা পারভিন, ইউসিবি পিএলসি’র চিফ কমিউনিকেশন অফিসার জিসান কিংশুক হক, লে. ক. (অব.) শরিফ উদ্দিন, মেজর খোশরোজ সামাদ, দৈনিক যায়যায়দিন-এর ব্যবস্থাপনা সম্পাদক সজিব ওনাসিস এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আইয়ের সকল অনুষ্ঠানে বাংলাদেশই প্রথম।

দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে চ্যানেল আই সংবাদের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, ইউসিবি টু দ্য পয়েন্ট-এর প্রযোজক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক রাজু আলীম, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ এবং উপস্থাপক তুহিনুর সুলতানা উপস্থিত ছিলেন।

২,৫০০তম অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজনে বক্তারা বলেন, একটি টেলিভিশন অনুষ্ঠানকে দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। ‘টু দ্য পয়েন্ট’ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ২,৫০০তম অনুষ্ঠানে পৌঁছেছে। এর পেছনে রয়েছে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব এবং দর্শকের ধারাবাহিক সহযোগিতা।

তারা আরও বলেন, ২,৫০০টি অনুষ্ঠান সম্পন্ন করা শুধু একটি সংখ্যাগত অর্জন নয়; এটি দর্শকের সঙ্গে দীর্ঘদিনের একটি আস্থার সম্পর্কের প্রতিফলন। দর্শকের প্রত্যাশা ও সময়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ‘টু দ্য পয়েন্ট’ ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ‘টু দ্য পয়েন্ট’-এর দীর্ঘ পথচলার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের বিভিন্ন সময়ে যুক্ত থাকা উপস্থাপক, সাংবাদিক, আলোচক, গবেষক, বিশ্লেষক ও কলাকুশলীদের অবদানের কথা স্মরণ করেন সবাই।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্য গ্রহণের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ফলে দর্শকের চাহিদা ও তথ্য গ্রহণের ধরনেও এসেছে পরিবর্তন। এই পরিবর্তিত বাস্তবতায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়কে আরও তথ্যসমৃদ্ধ, প্রাসঙ্গিক ও বিশ্লেষণধর্মীভাবে দর্শকের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানটিকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও সময়োপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। দর্শকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামী দিনেও গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তারা।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর