ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকারের শেখ হাসিনাকে দায়ী করেছে জামায়াত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছে সরকার। হেনস্তাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার পথে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে কয়েক ব্যক্তি হট্টগোল করে। তারা সাবেক প্রধান উপদেষ্টাকে সন্ত্রাসী বলে গালি দেয়। সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জামায়াতে ইসলামী শেখ হাসিনাকে দায়ী করেছেন। এনসিপির অভিযোগ স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন।

হেনস্তাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা বলে জানা গেছে। সরকারি সংস্থা পিআইবির বাংলা ফ্যাক্ট চারজনের নাম পরিচয় প্রকাশ করেছে। চিহ্নিত হওয়া হেনস্তাকারীরা হলেন– নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমি, জ্যাকসন হাইটসের সাবেক সাধারণ সম্পাদক তানভীর কায়সার এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

সরকারের নিন্দা, ব্যবস্থার ঘোষণা
পররাষ্ট্র মন্ত্রলায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগসংশ্লিষ্ট একদল ব্যক্তি ড. ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় জড়িত বলে প্রতীয়মান হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বিদেশে তাঁর সঙ্গে এমন আচরণে সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। সরকারের আশা, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক উপদেষ্টাদের নিন্দা
ড. ইউনূসকে হেনস্তায় নিন্দা জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা গতকাল যৌথ বিবৃতিতে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই– ভয়ভীতি, মিথ্যাচার, অনলাইন হয়রানি কিংবা ব্যক্তিগত হুমকি জুলাইয়ের প্রতিশ্রুত পরিবর্তনের সংকল্প থেকে আমাদের বিন্দুমাত্র দমাতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আপামর জনগণের ম্যান্ডেট এবং তরুণ সমাজের বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সংস্কার ও মর্যাদার ঐতিহাসিক অর্জনকে কোনো অপপ্রচার কিংবা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের চক্রান্তে মুছে যেতে দেওয়া হবে না।
বিবৃতিতে সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন (অব.), ফারুক-ই-আজম বীরপ্রতীক, ফরিদা আখতার, শারমিন সোনিয়া মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসানের নাম রয়েছে।

শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. ইউনূসকে হেনস্তার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান লিখেছেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’
জামায়াত দলীয়ভাবেও বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ড. ইউনূসকে হেনস্তা করা জনগণ এবং বাংলাদেশের জন্য অবমাননাকর।

দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশে পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ 
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন নিরাপত্তা দিতে পারেন না। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে নিরাপত্তা দিতে পারেন না। গতকাল মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছেন অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যেসব শক্তি তাদের তিনি নিরাপত্তা দিতে পারছেন না।
পররাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমানের ব্যক্তিগত অর্জন অনেক হলেও বিদেশে ড. ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর