সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতি গোষ্ঠী। এই হামলা থেকে দেশটিকে রক্ষায় সামরিক সহায়তা দেওয়ার জন্য মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অনুমোদন পেয়েছেন। গত সোমবার পার্লামেন্টের স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ভোটের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির আত্মরক্ষায় সহায়তা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আল-সিসিকে।

এ সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতে মিসরের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে মিসরের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন হারিদি বলেছেন, চলমান সংঘাতে কায়রোর সম্পৃক্ততা আত্মরক্ষামূলক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এদিকে মিসরের সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে হুতি। গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হুতিদের রাজনৈতিক শাখার সদস্য মোহাম্মদ আলী আল-হুতি এ মন্তব্য করেন।

সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কায় ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যে কোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরেও হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে চলতি মাসের শুরুতে হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করার পরও গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর কোনো ঘোষণা দেয়নি পাকিস্তান ও তুরস্ক। আল-হুতি বলেন, এই প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে সুস্পষ্ট ও প্রকাশ্য আগ্রাসন। যে জোটই গঠন করা হোক না কেন, আমরা তাতে ভীত নই।

এদিকে সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিদের লড়াই আরও তীব্র হওয়ার মধ্যে মঙ্গলবার দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট এ খবর দিয়েছে।

জোটটি জানায়, হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চলের দিকে চারটি ড্রোন ছুড়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এক্সে এক পোস্টে এ দাবি করেছেন।

হুতিদের ১০০ কোটি ডলার প্রদানের প্রস্তাব সৌদির

সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা বন্ধের বিনিময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেছে রিয়াদ। এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইরান। তবে অর্থ হস্তান্তর সম্পন্ন হয়েছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। উপসাগরীয় অঞ্চলের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরানের মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১০০ কোটি ডলারের একটি আর্থিক প্যাকেজ প্রদানের প্রস্তাব করেছে সৌদি আরব। এ প্রস্তাবের লক্ষ্য হলো একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হুতি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণের মতো বিষয়গুলোর সমাধান করা। বিনিময়ে হুতিদের সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। খবর এএফপি, রয়টার্স ও আলজাজিরার।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর