করণের অনুষ্ঠানে ফিরে রসিকতা, শেষ সিজন নিয়ে কী বললেন কারিনা

শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’– এ খবরে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি দর্শকের অনেকে সঞ্চালক, বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরকে অনুরোধ জানিয়েছেন, অনুষ্ঠানটি যেন তিনি চালিয়ে যান। অথচ বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন নন্দিত অভিনেত্রী কারিনা কাপুর খান। বলেছেন, ‘এই খবরে আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। কারণ একটাই, আমাদের বারবার ‘কফি উইথ করণ’-এ আসতে হবে না।”

করণের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও কারিনার মুখে এমন কথা শুনে বিস্মিত হয়েছেন অনেকে। নেটিজেনরা প্রশ্ন ছুড়েছেন, আসলেই কি কারিনা বন্ধুর আলোচিত এই অনুষ্ঠানের সমাপ্তিতে খুশি? নাকি মজা করে এ কথা বলেছেন? সামাজিক মাধ্যমে এসব প্রশ্ন উঠে আসলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি কারিনা।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, দীর্ঘ ১৬ বছর পর আবার স্বামী, অভিনেতা সাইফ আলি খানকে নিয়ে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হচ্ছেন কারিনা কাপুর খান। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের ঝলক; যা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের চতুর্থ পর্বে দেখা যাবে বলিউডের এই তারকা দম্পতিকে। আজ বুধবার জিও হটস্টারে মুক্তি পাবে এই পর্বটি। যার ঝলক প্রকাশ পাওয়ার পর দর্শকের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছে।

নির্মাতাসূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে করণ জোহরকে খোঁচা দিতে ছাড়েননি বন্ধু কারিনা। শেষ সিজনের কথা শুনে এখন পর্যন্ত অতিথিরা দুঃখ প্রকাশ করেছেন। সবাই কর্ণকে এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে বলছেন। কিন্তু কারিনা তাঁর চেনা কায়দায় বলেছেন, ‘আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। কারণ আমাদের বারবার ‘কফি উইথ করণ’-এ আসতে হবে না।’ কারিনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেছেন করণ। তাঁর জবাব, ‘অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!’

অন্যদিকে, এই অনুষ্ঠানের জাঁকজমক পরিবেশের সঙ্গে সাইফকে খুব একটা মানানসই লাগে না বলেই মনে করেন অনেকে। এবার সে কথা মেনে নিয়েছেন অভিনেতা নিজেই। স্ত্রী ও করণের কথোপকথনের মাঝখানে বলে ফেলেছেন, এই অনুষ্ঠানে নিজেকে তাঁর ‘বেমানান’ মনে হয়।

অনুষ্ঠানের ঝলকে দেখা গেছে, কারিনাকে একটি মজার প্রশ্ন করেছেন করণ। বর্তমান বলিউডের অভিনেতাদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন তিনি? কারিনার উত্তর অবশ্য ঝলকে প্রকাশ করা হয়নি। তবে স্ত্রীর জবাব শুনে সাইফের মন্তব্য, ‘অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারো তুমি।’ এমনই নানা হাসির মুহূর্ত ধরা পড়েছে এই পর্বের ঝলকে। তারকাসন্তানদের প্রসঙ্গও উঠে আসে এবং তা নিয়ে হাসাহাসিও করেন তিনজন।

বলিউডে তারকা সন্তানদের সুযোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়েছেন করণ। তাঁর প্রযোজনায় একাধিক তারকা সন্তান অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেই প্রসঙ্গেই যে সাইফও একটি খোঁচা দিয়েছেন। সব মিলিয়ে নতুন এই পর্বে থাকছে যে, জমজমাট কথার লড়াই– তার আভাসও পাওয়া গেছে প্রথম ঝলক থেকে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর