রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

নাটক ও বিজ্ঞাপন নির্মাণে পরিচিত আদনান আল রাজীব এবার নাম লেখাচ্ছেন বড় পর্দায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমার নাম ‘অপলক’।

বুধবার রাতে সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতা ও দুই অভিনয়শিল্পীর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

এর আগে নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আদনান আল রাজীব। জানিয়েছিলেন, এটি হবে প্রেমের গল্প। তবে তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেননি তিনি। অবশেষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমার নাম ও কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পীর নাম জানান নির্মাতা।

আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো

আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো

পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো নাটক নির্মাণ করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব।

নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর