মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আগে আগামী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। অধ্যাপক নাজমুল হোসেন বলেন, সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, জানতে চাইলে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামী দু-এক দিনের মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এদিকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যায় পরিবর্তন এসেছে। গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করে। এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন নির্ধারণ করা হয় পাঁচ হাজার ১০০টি। আগে এসব কলেজে আসন ছিল পাঁচ হাজার ৩৮০টি। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৮০টি। অন্যদিকে দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আগে আসন ছিল ছয় হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টি কলেজে আসন কমানো হয়েছে, দুটি কলেজে বাড়ানো হয়েছে। বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত রাখা হয়েছে। সব মিলিয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৯২টি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর