তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন তারা।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক হলো। আধা ঘণ্টার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এই সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে স্থান পায়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার কপ৩১ সম্মেলন শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
এই সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল স্থানীয় সময় বিকেলে আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বিকেল ৪টা ৩ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’পাঁচতারা রিসোর্টে ওঠেন। আনতালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।


