রেলপথে অপতৎপরতা বড় বিপর্যয়ের শঙ্কা

দিনটি ছিল ২৫ সেপ্টেম্বর। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাটিয়ারী স্টেশনের আউটার হোম ডাউন লাইনের সিগন্যাল ১-এর মূল্যবান ‘অ্যাসপেক্ট মেকানিজম’ খুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। বিষয়টি টের পেয়ে সেখানকার রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা আগেভাগে থামিয়ে দেন দুদিক থেকে আসা ট্রেন। পরে নতুন অ্যাসপেক্ট মেকানিজম বসানোর পর ট্রেন চলাচল শুরু হয়। ওই দিন আন্তঃনগর, মেইল, লোকালসহ ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

অ্যাসপেক্ট মেকানিজম হচ্ছে– ট্রেনকে সংকেত দেওয়ার জন্য একটি সংক্রিয় সমন্বিত ব্যবস্থা। যার মাধ্যমে লাল, হলুদ, সবুজ সংকেত দেখায়। এই রং দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণ বা থামানোর সিদ্ধান্ত নিতে পারেন চালক।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ী স্টেশন এলাকা থেকে দুষ্কৃতকারীরা রেলের ট্র্যাক সার্কিট এবং পয়েন্ট কাভার ভেঙে তার কেটে নিয়ে যায়। বিষয়টি সার্ভারে ধরা পড়ার পর দ্রুত ট্র্যাক সার্কিট, পয়েন্ট কাভার মেরামত ও নতুন তার সংযোজনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ওই দিনও আন্তঃনগর, মেইল, মালবাহীসহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

শুধু চট্টগ্রামের ভাটিয়ারী বা ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ী স্টেশনই নয়, এভাবে বিভিন্ন এলাকার রেলপথ থেকে সংবেদনশীল সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রেলের সিগন্যালিং ও ইন্টারলকিং সিস্টেম চুরি বা বিকল হলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শঙ্কা থাকে। এতে ট্রেনের শত শত যাত্রীর প্রাণহানিও হতে পারে।

খোদ রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে রেলপথের সংবেদনশীল সরঞ্জাম খুলে নেওয়ার আতঙ্কজনক চিত্র। বেশির ভাগ ঘটনা ঘটছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে। তবে প্রতিবেদনে ‘নাশকতা’ এড়িয়ে ‘দুষ্কৃতি’ শব্দটি ব্যবহার করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত, প্রকৌশল, বিদ্যুৎ ও যন্ত্রপ্রকৌশল– এই চার বিভাগের তৈরি করা সমন্বিত তিনটি প্রতিবেদন সমকালের হাতে এসেছে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের তৈরি করা অভ্যন্তরীণ ও গোপনীয় এসব প্রতিবেদন পর্যালোচনা করে মূল্যবান যন্ত্রপাতি-সরঞ্জাম লোপাট ও রেলওয়ের গাফিলতির বিষয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সমকালকে বলেন, রেলপথের সামান্য ত্রুটিও ট্রেনের শত যাত্রীর প্রাণহানির কারণ হতে পারে। তাই দুর্বৃত্তদের অপতৎপরতা প্রতিরোধে রেলপথের ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রয়োজনে সিসি ক্যামেরা বসাতে হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংকেত এবং টেলিযোগাযোগ প্রকৌশলী তারেক মোহাম্মদ সামছ তুষার সমকালকে বলেন, রেলওয়ের সিগন্যালিং সিস্টেমের মূল্যবান যন্ত্রপাতি মাঝেমধ্যে চুরি হয়ে যাচ্ছে। কখন, কোথায় এই চুরির ঘটনা ঘটছে, তা নিয়ে সব সময় উদ্বেগের মধ্যে থাকতে হয়। কারণ একটি চুরির ঘটনা শুধু চুরি নয়, শত শত যাত্রীর জীবন এর সঙ্গে জড়িত। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিন মাসে যেসব চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে দুই থেকে তিনটি ঘটনা ‘নাশকতামূলক’ হতে পারে।

তিন মাসে ৭৬ ঘটনা
রেলওয়ের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিভিন্ন রকমের অন্তত ৭৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫১টি স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি ও রেলওয়ের গাফিলতিতে ঘটলেও ২৫টি ঘটনা উদ্বেগের। কারণ এসবের মধ্যে কোথাও ট্রেনের লাইন পরিবর্তনের টার্নওভার পয়েন্টের সরঞ্জাম হাওয়া হয়ে গেছে। কোথাও খুলে নেওয়া হয়েছে ট্রান্সফরমারসহ পুরো সিগন্যালিং সিস্টেম। আবার কখনও কখনও দেখা গেছে, খুলে নিয়ে যাওয়া হয়েছে রেলপথের নাটবল্টু, ফিশপ্লেট, ক্লিপসহ বিভিন্ন যন্ত্রপাতি। তবে এর মধ্যে দু’তিনটি ঘটনাকে নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৫টি ঘটনার মধ্যে জুলাইয়ে ঘটেছে আটটি, আগস্টে ছয়টি এবং সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১১টি।

রেলের ট্র্যাক পয়েন্টে বড় বিপদ
রেলপথের ট্র্যাক পয়েন্ট হলো ট্রেন লাইন পরিবর্তন করে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার একটি যান্ত্রিক ব্যবস্থা। রেলওয়ের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, অন্তত এক-চতুর্থাংশ ঘটনা ঘটেছে রেলের ট্র্যাক পয়েন্টে। দুষ্কৃতকারীরা এসব পয়েন্ট থেকে মূল্যবান যন্ত্রপাতি হাওয়া করে দিচ্ছে। এ ধরনের ঘটনা দ্রুত শনাক্ত ও সমাধান করতে না পারলে ট্রেন নির্ধারিত লাইনের বদলে অন্য লাইনে ঢুকে যেতে পারে। এতে একই লাইনে থাকা অন্য ট্রেনের সঙ্গে মুখোমুখি বা পেছন থেকে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়।

এ ছাড়া সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে কন্ট্রোল রুম থেকে ট্র্যাক পয়েন্টটি নিয়ন্ত্রণ করা যায় না। ফলে সিগন্যাল লাল হয়ে যায় বা ভুল সংকেত দেখায়। এ সময় ট্রেনচালক বিভ্রান্ত হয়ে যান। গত ২ আগস্ট গঙ্গাসাগর স্টেশন এলাকায় রেলপথের ট্র্যাক পয়েন্টের মোটর ও তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সিগন্যাল বাতি নিয়ে বিপত্তি
রেলপথের ট্র্যাক সার্কিট ও ট্র্যাক শান্টে ত্রুটি বা চুরি হয়ে গেলে নানা সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ট্র্যাক সার্কিটের ত্রুটির কারণে সিগন্যালের বাতির রং পরিবর্তন হয় না। অনেক সময় ট্র্যাক শান্ট ট্র্যাক সার্কিটকে শর্ট সার্কিটের মাধ্যমে নিষ্ক্রিয় করে দিলে কিংবা ট্র্যাক সার্কিটের তার ও যন্ত্রপাতি চুরি হয়ে গেলে সিগন্যাল বাতির রং হলুদ কিংবা সবুজ রঙের পরিবর্তন না হয়ে ‘লাল’ থেকে যায়। এতে ট্রেনের চালক বিভ্রান্ত হন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভুল সিগন্যাল বাতি সংকেত দেখালে ট্রেনচালক সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এতে দুর্ঘটনার পাশাপাশি ট্রেন পরিচালনায়ও বিপর্যয় তৈরি হয়।

আতঙ্কের নাম ‘নাশকতা’
রেলওয়ের কর্মকর্তারা ঘটনাগুলো পর্যালোচনা করেছেন। তাতে বেশির ভাগ সাধারণ চুরি হলেও কয়েকটি ঘটনা তাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কখনও রেলপথের নাটবল্টু খুলে পাশে ফেলে রাখা হয়েছে কিংবা স্পর্শকাতর সিগন্যালের তার ছিঁড়ে ফেলা হয়েছে, অথচ এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হয়নি। এসব ঘটনাকে ‘নাশকতা’ বলে মনে করছেন তারা।

গত ১৩ জুলাই চট্টগ্রামের ভাটিয়ারী স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ড্রাইভিং রড ও ডিটেকশন রড ভেঙে ফেলা হয়। এই দুটি যন্ত্র ট্রেনকে একটি লাইন থেকে অন্য লাইনে নিরাপদে পরিবর্তনে ব্যবহৃত হয়। এটা ভাঙা হলে লাইন পরিবর্তন করতে না পেরে ট্রেন লাইনচ্যুত, এমনকি দুর্ঘটনায় পড়তে পারে। গত ১৫ জুলাই ঢাকার তেজগাঁও স্টেশন এলাকায় রেলপথের ‘ট্র্যাকপট কেবল’ কেটে ফেলে রাখা হয়। ট্র্যাকপট কেবলের মূল কাজ হলো রেললাইনের ভেতর দিয়ে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে লাইনে ট্রেন আছে কিনা, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। লাইনে ট্রেন থাকলে পেছনের সিগন্যালটি লাল হয়ে যায়, যা অন্য কোনো ট্রেনকে ওই লাইনে প্রবেশ করতে বাধা দিয়ে দুর্ঘটনা রোধ করে। এই তার কেটে ফেললে দুটি ট্রেন মুখোমুখি হয়ে দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকে। এ ধরনের ঘটনাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বা নাশকতামূলক কাজ বলে শঙ্কা করছেন রেলের কর্মকর্তারা।

গাফিলতিতেও দুর্ঘটনার শঙ্কা
রেলওয়ের অবহেলায়ও ট্রেন দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তিন মাসে যে ৭৬টি ঘটনার কথা উল্লেখ করা হয় তাতে ৫১টি ঘটেছে গাফিলতি ও যান্ত্রিক ত্রুটির কারণে। গত ১২ ডিসেম্বর চট্টগ্রামের ষোলশহর জংশনে লাইন পরিবর্তনের পয়েন্ট ঠিক না করেই ট্রেন চালানোর কারণে বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। গতি কম থাকায় ট্রেনটি অল্পের জন্য রক্ষা পায়।

যন্ত্রপাতি লোপাটে দুর্ঘটনা, প্রাণহানি
সিগন্যালিং সিস্টেম লোপাট, ট্র্যাক পয়েন্টের মোটর ও তার, রেললাইনের নাটবল্টু, ফিশপ্লেট ও ক্লিপ চুরির কারণে বিভিন্ন সময় ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটে। এসব সরঞ্জামের দাম যেমন চড়া, তেমনি চাহিদাও বেশি। ফলে চোর নির্জন স্থান থেকে এসব সরঞ্জাম অনেকটা নিরাপদে খুলে নিয়ে যায়।

গত বছরের ২৩ অক্টোবর ভৈরব রেল জংশনে একটি মালবাহী ট্রেন ভুল সিগন্যাল পেয়ে জংশনে ঢুকলে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২২ জন নিহত ও শতাধিক আহত হন। গত ১৮ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টশনের কাছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লে সাতটি কোচ লাইনচ্যুত হয়।

নিরাপত্তা জোরদারের নির্দেশনা
তুলনামূলক চিত্র না থাকলেও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত তিন বছরে রেললাইনে নাশকতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময় নিরাপত্তা জোরদারে ব্যবস্থাও নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর রেলওয়ের তরফে স্পর্শকাতর স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা দেওয়া হয়। এর আগে নাশকতা ঠেকাতে গত বছরের নভেম্বরে সতর্কতামূলক ২৫ দফা নির্দেশনা জারি করেছিল রেলওয়ে। তাতেও রেলপথের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা সমকালকে বলেন, বিভিন্ন সময় দুষ্কৃতকারীরা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। কখনও কখনও নাশকতার ঘটনাও ঘটে। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে রেলওয়ের নিরাপত্তা বাহিনী বা রেলওয়ে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ জানানো হয়। এ ছাড়া বড় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কোনো ঘটনা ঘটলে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এর কারণ চিহ্নিত করা হয়। এতে কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর